জানি বাঁচব না তবু...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্যালিয়েটিভ কেয়ার চালু আছে প্রায় তিন বছর ধরে
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্যালিয়েটিভ কেয়ার চালু আছে প্রায় তিন বছর ধরে

শাহানার ছিল একটি চার বছরের ফুটফুটে মেয়ে। কিন্তু মায়ের কাছে আসতে চাইত না ছোট্ট মেয়েটি। মায়ের কাছে এলে তার ভয় লাগত। মা, মানে শাহানার তো মুখের ক্যানসার। চিকিৎসকেরা বলে দেন, ক্যানসারটি প্রায় শেষ পর্যায়ে। ভালো হওয়ার মতো অবস্থায় আর নেই। জীবনের শেষ দিনগুলো মনের মতো করে কাটাতে চাইতেন শাহানা। কিন্তু সেটাও হওয়ার নয়। একসময় ক্যানসার আক্রান্ত স্থানে পোকা দানা বাঁধে, সঙ্গে তীব্র ব্যথা। মুখে দুর্গন্ধ ও পোকার কারণে সবাই এড়িয়ে চলা শুরু করে। এমনকি ছোট মেয়েটি মায়ের আশপাশে পর্যন্ত আসত না। এতটাই ভয় পেত। কিন্তু শাহানার তো ইচ্ছা করত মেয়েটাকে এক দিন বুকের কাছে রেখে আদর করে ঘুম পাড়াতে। না, মনের সে আশা বুঝি পূরণ হওয়ার নয়। মৃত্যুর দিন গুনতে থাকেন শাহানা। এ সময় শাহানা আসেন সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ারে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষ একটি শাখায়। এখানকার চিকিৎসাসেবায় ক্যানসার না সারলেও মুখের পোকা ও দুর্গন্ধ দুটোই দূর হয়। মেয়েও আর ভয় পায়নি মাকে। মুখে কোনো দুর্গন্ধ ও পোকা কিছুই যে নেই। বেঁচে থাকার শেষ দিনগুলোতে শাহানা প্রতি রাতে মেয়েকে কাছে নিয়ে ঘুমিয়েছেন। মা-মেয়ের চোখে সে কী আনন্দ!
এ তো গেল একজন শাহানার গল্প। এ রকম আরও অনেক গল্প আছে। আহমেদ সাহেবের কথাই ধরা যাক। ছোট একটি কাজ করতেন। হঠাৎ টের পেলেন তাঁর শরীরে চাকা চাকা হয়ে গেছে। পরীক্ষা করলেন। ধরা পড়ল অস্থিমজ্জায় ক্যানসার। তাঁর আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। মৃত্যুর দিন ঘনিয়ে এসেছে। এমনটা বললেন চিকিৎসকেরা। অসুস্থ স্বামীর সঙ্গে আর সংসার নয়, মেয়েকে নিয়ে চলে গেলেন তাঁর স্ত্রী। একদিকে স্ত্রী-মেয়ে হারানোর কষ্ট, অন্যদিকে শরীরের কষ্ট। কিন্তু সেই কষ্ট অনেকটাই লাঘব করার চেষ্টা করছেন চিকিৎসকেরা। ২৬ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ারে এই দৃশ্য দেখার সুযোগ হলো। আহমেদ সাহেব অনেক কষ্টেও মুখটাকে হাসি হাসি করে জানালেন, তিনি ভালো আছেন।

দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের সবচেয়ে বেশি দরকার পরিবারের সহযোগিতা ও আন্তরিকতা
দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের সবচেয়ে বেশি দরকার পরিবারের সহযোগিতা ও আন্তরিকতা

এখানেই তো সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ারের চিকিৎসক ও নার্সদের সার্থকতা। যে মানুষটি জানেন তিনি আর ভালো হবেন না, তাঁর রোগ তাঁকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যাবে। কিন্তু বেঁচে থাকার পুরো সময়টিতে যেন যথাযথ সেবা পান, তাঁর সব ধরনের কষ্টকে কমিয়ে দেওয়ার চেষ্টা করে থাকেন এখানকার চিকিৎসকেরা। জীবনের শেষ সময় যেন একটু কম যন্ত্রণার হয়।
এই প্যালিয়েটিভ কেয়ার বা প্রশমনসেবা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চালু আছে প্রায় তিন বছর ধরে। আর এর পেছনে যে মানুষটি আছেন তিনি হলেন অধ্যাপক নিজামউদ্দিন আহমাদ। মূলত তাঁর হাত ধরেই যাত্রা শুরু এই সেন্টারের। শুরুর আগের ঘটনাটা অবশ্য বেশ নাটকীয়। ২০০৩ সালে অধ্যাপক নিজামউদ্দিন আহমাদের এক বন্ধু তাঁকে ইন্ট্রোডিউসিং প্যালিয়েটিভ কেয়ার নামে একটি বই পড়তে দেন। বইটি পড়তে পড়তে তাঁর মনে হলো চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে কত দিন ধরে জড়িত আছেন, কিন্তু এই বিষয়টি তাঁর অজানাই থেকে গেল। তিনি জানতে পারলেন ভারতের কেরালায় প্যালিয়েটিভ কেয়ারের ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। যা কেরালা মডেল নামে পরিচিত। নিজামউদ্দিন আহমাদ সেখানে গেলেন। প্রশিক্ষণ নিয়ে ফিরে এসে ২০০৭ সালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্যালিয়েটিভ কেয়ার সেবা শুরু করার প্রস্তাব দেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ত্বরিতগতিতে সাড়া দেয়। সে বছরই প্রশমনসেবা দেওয়ার জন্য বহির্বিভাগ চালু করে। সে বছর মাত্র ১৪ জন রোগী আসেন বহির্বিভাগে। দুই বছর পর বহির্বিভাগের পাশাপাশি অন্তর্বিভাগও চালু করা হয়। এভাবে একটু একটু করে নিজেরা পুরো ব্যাপারটা বুঝে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের আরও নিবিড় সেবা দেওয়ার লক্ষ্যে তৈরি হতে থাকে। সবশেষে ২০১১ সালের ২১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে চালু হলো এই প্রশমন সেন্টারের।

সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ারের অধ্যাপক নিজামউদ্দিন আহমাদের উদ্যোগ আর এখানকার চিকিৎসক, নার্সদের নিরলস পরিশ্রমের ফলে সেন্টারটি হয়ে উঠেছে আস্থার প্রতীক। অনেক মানুষ আসছেন এখানে সেবা নিতে। মৃত্যুর আগের দিনগুলো যেন ভালোভাবে বাঁচা যায়। প্রশমন সেন্টারের হিসাব অনুযায়ী, ২০১২ সালে বহির্বিভাগে এক হাজার ১৭৮ জন ও অন্তর্বিভাগে ৪১৩ জন রোগীকে তাঁরা সেবা দিয়েছেন।

বর্তমানে এই সেন্টারে ১৭টি বিছানা আছে। নারী-পুরুষ দুটি আলাদা ওয়ার্ড আছে। প্রশমনসেবার তিনটি মৌলিক উপাদান আছে—সততা, আশা ও খোলামেলা আলোচনা করা। অর্থাৎ সেবার ক্ষেত্রে সৎ থাকা, রোগীর মনে আশার সঞ্চার করা ও রোগী যতটুকু জানতে চান তা নিয়ে খোলামেলা আলোচনা করা। প্রশমনকেন্দ্রের চিকিৎসক-নার্সরা সে কাজই করে যাচ্ছেন দিন-রাত।

কখনো ভেবে দেখেছেন, যখন আপনি জানবেন যে আর বেশি দিন নেই আপনি এই আনন্দময় পৃথিবীতে, তখন পুরো পৃথিবী কেমন আলোহীন, বর্ণহীন মনে হবে। একদিকে শরীরের যন্ত্রণা, অন্যদিকে নিজের সঙ্গে বোঝাপড়া, মানসিক টানাপোড়েন। তাই তো প্রশমনসেবার প্রয়োজন এসব মানুষের। যখন চিকিৎসকেরা আশা ছেড়ে দেন, জানিয়ে দেন আর কোনো সম্ভাবনা নেই। মৃত্যুর দিন গোনার অপেক্ষায় থাকেন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিটি। শরীরের অসহ্য ব্যথা কমিয়ে দিতে ঠিক তখন দরকার সঠিক সময়ে প্রয়োজনীয় ওষুধটির।

আবার মানসিক অবসাদগ্রস্ত যাতে না হন তাই তাঁকে মানসিক শক্তিও জোগান দিতে হবে পুরোদমে। শুধু কি তাই, কেউ কেউ তাঁর মৃত্যুর আগের দিনগুলো পরিবারের সঙ্গে কাটাতে চান। নিজের বাড়িতে মৃত্যুবরণ করার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু তাঁদেরও তো এই প্রশমনসেবা দরকার। সেসব ভেবে ২৪ ঘণ্টার একটি হটলাইন সেবা আছে এই প্রশমন সেন্টারে। এখানের নিবন্ধনকৃত রোগীদের এই হটলাইনের নম্বর দেওয়া আছে। দেশের যেকোনো প্রান্ত থেকে তাঁরা টেলিফোন করে পরামর্শ নিতে পারেন।

অনেকের শারীরিক অবস্থার বেশি অবনতি হলে আর এখানে ফলোআপের জন্য আসতে পারেন না। ঢাকার মধ্যে যদি এ রকম রোগী হয়, তাহলে অ্যাম্বুলেন্সে গিয়ে চিকিৎসক ও সেবিকা যথাযথ সেবা রোগীর বাড়িতে গিয়ে দিয়ে আসেন। এর জন্য কোনো বাড়তি টাকা নেওয়া হয় না। এমনকি পরিবারের সদস্যদেরও শিখিয়ে দেওয়া হয় কীভাবে এ ধরনের রোগীর সেবা-যত্ন করতে হবে।

দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের সবচেয়ে বেশি দরকার পরিবারের সহযোগিতা ও আন্তরিকতা। কেননা, মানুষ চিরতরে চলে যাওয়ার আগে পুরোটা সময় পরিবারের সঙ্গে কাটাতে চায়।

অধ্যাপক নিজামউদ্দিন আহমাদ বলেন, ‘প্রশমনসেবার কথা অনেকেই জানেন না। আমরা চাই আরও মানুষ এ সম্পর্কে জানুক। জনসচেতনতা তৈরি করতে হবে। তরুণেরা ও এলাকার মানুষ চাইলে এসব দুরারোগ্য রোগে আক্রান্ত মানুষের পাশে থাকতে পারেন। কেননা, এ সময় মানুষ চায় তাঁর পাশে কোনো সঙ্গী, বন্ধু বা কাছের কেউ থাকুক। সবাই মিলে এগিয়ে এলেই এই সমস্যা সমাধান করা যাবে।’

শাহানা বেঁচে নেই। কিন্তু তাঁর শেষ ইচ্ছা পূরণ হয়েছিল। মেয়েটি তাঁর বুকে মাথা রেখে ঘুমিয়েছে। হয়তো তখন শাহানার চোখে ছিল আনন্দের অশ্রুকণা। যা সম্ভব হয়েছিল এই প্রশমনসেবার মাধ্যমে।