জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষা নিয়ে কথার ফুলঝুরি। প্রধানমন্ত্রী, শিল্পমন্ত্রী ও পরিবেশ প্রতিমন্ত্রী এক সুরেই বলছেন, ‘দেশের উপকূল বাঁচাতে হলে পরিবেশ বাঁচাতে হবে। বন্ধ করতে হবে বৃক্ষনিধন, পাহাড়কাটা। কলকারখানা ও জাহাজভাঙা শিল্পের দূষণ রোধ করতে হবে।’ এসব উপলব্ধি করেই ২ জানুয়ারি প্রধানমন্ত্রী চট্টগ্রামে বলেছিলেন, ‘আপনারা পাহাড় কাটবেন না। বৃক্ষ ধ্বংস করবেন না। চট্টগ্রামের সৌন্দর্য নষ্ট করবেন না।’ কিন্তু এসব নীতিবাক্যের মাঝেও থেমে নেই পরিবেশবিরোধী কর্মকাণ্ড। নগরে এখনো রাতের আঁধারে চলছে পাহাড়কাটা। এসবের সঙ্গে যুক্ত রয়েছেন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা। পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ পরিদর্শন করেছিলেন খুলশি সিটি করপোরেশন ভিআইপি আবাসিক এলাকায়। মন্ত্রীর নির্দেশে সেবার পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে মামলা হয়। কিন্তু পাহাড়কাটা বন্ধ হয়নি। খুলশি থানার বিপরীতে ওই জায়গাটিতে পাহাড়কাটার সংবাদ পেয়ে মাঝেমধ্যে পুলিশ অভিযানে যায়। কিন্তু আড়ালের প্রভাবশালীরা আড়ালেই রয়ে যান। ১২ জানুয়ারি রাতেও এখানে পাহাড়কাটা হয়েছে। খবর পেয়ে আমরা কয়েকজন সংবাদকর্মী রাত সাড়ে ১০টার দিকে ছুটলাম। নিজেদের নিরাপত্তার কথা ভেবে প্রথমে গেলাম খুলশি থানায়। তবে এতে আশঙ্কাও ছিল—পুলিশের বদান্যতায় প্রভাবশালীরা যদি খবর পেয়ে যায়! তারপরও উপায় নেই। রাত ১১টার দিকে থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক অরুণকে ঘটনাটি বর্ণনা করে ফোর্স দেওয়ার অনুরোধ করলাম আমরা। ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার উদ্দিন ওই সময় থানায় ছিলেন না। অরুণ আমাদের সামনেই পাশের কক্ষে বসা সেরেস্তা মো. শাহ আলমকে ঘটনাটি বললেন। অতি সন্তর্পণে শাহ আলম চেয়ার থেকে উঠে মুঠোফোনটি টিপতে টিপতে আমাদের সামনে দিয়ে চলে গেলেন। আমরা বললাম, ‘ভাই কার সঙ্গে কথা বলেন আপনি? আমাদের সামনেই বলেন।’কার কথা কে শোনে? শাহ আলম দোতলায় উঠে গেলেন। মিনিট দুয়েক পর নেমে এসে বললেন, ‘দেখি আপনাদের কোনো ফোর্স দেওয়া যায় কি না।’ তাঁদের গড়িমসিতে অগত্যা আমরা ঘটনাস্থলের দিকে ছুটলাম। দক্ষিণ খুলশি ভিআইপি আবাসিক এলাকার কিছু দূরে দাঁড়ালাম। অর্ধেক মাটি বোঝাই দুটি ট্রাক হর্ন বাজিয়ে আমাদের সামনে দিয়ে চলে গেল। পালালেন শ্রমিকেরাও। রাত নয়টা থেকে পাহাড় কাটলেও সাংবাদিক আসছেন—এ খবর তাঁরা পাননি। কিন্তু পুলিশকে জানানোর সঙ্গে সঙ্গে কীভাবে পাহাড় কাটার হোতারা খবর পেয়ে গেলেন! বিষয়টি কি আরও খোলসা করার প্রয়োজন আছে?