জানুয়ারির পাঁচমিশালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ একটি মৌলিক সংখ্যা। আবার জানুয়ারি বছরের প্রথম মাস। জাতীয়, বৈশ্বিক ও ব্যক্তিগত জীবনে এর গুরুত্ব বলে শেষ করা যাবে না। গত ৫ জানুয়ারি ঘটে যাওয়া অগুরুত্বপূর্ণ ৫টি ঘটনার কথা জানাচ্ছেন মাসউদ ফোরকান, এঁকেছেন মৌমিতা শিকদার

মাঠ যার খেলা তার
মাঠ একটাই; কিন্তু খেলার সুযোগ সবার হয় না। এলাকায় বিল্টু আর পল্টুর প্রভাব অন্যদের চেয়ে একটু বেশিই। এলাকার দুই ক্রিকেট দলের দুই ক্যাপ্টেন ওরা। আগে ওদের ম্যাচগুলো ভালোই হতো। সেদিন পল্টুর বড় ভাই ওকে বাসা থেকে বের হতে দেননি কোনো এক কারণে। পরদিন পল্টু গিয়ে দেখে, ওর দলের সবাই দর্শকসারিতে বসে আছে! মাঠে বিল্টুর দলের সঙ্গে অন্য কারা যেন খেলছে। পল্টু বিল্টুকে গিয়ে বলল, ‘আমরাও খেলতে চাই।’ বিল্টু বলল, ‘এক ম্যাচে তো তিনটা দল খেলতে পারে না। এখন আমরা খোকনদের সঙ্গে খেলছি। কয়টা দিন অপেক্ষা কর।’ দিন যায়, মাস যায়। পল্টুদের আর খেলার সুযোগ আসে না। প্রথম প্রথম ওরা খুব চেষ্টা করল মাঠে থাকার জন্য। মাঠের পাশে দাঁড়িয়ে বিল্টুর দলকে উত্ত্যক্ত করেও লাভ হলো না। সেই থেকে এখনো পল্টুর দল দর্শকসারিতেই অবস্থান করছে। খোকনের দলটা আবার খেলায় লাড্ডাগাড্ডা। ফলে বিল্টুরা প্রতিদিন হেসেখেলে প্রতিটা ম্যাচই জিতে চলেছে। গত ৫ জানুয়ারিতেও ফল একই ছিল।

চায়ের দোকানে কড়া নিয়মকানুন
জলিল ব্যাপারীর বয়স হয়েছে; ৩০ বছর ধরে চা বানান। তাঁর দোকানে বসা মানুষগুলোর বকবকানি শুনতে শুনতে তিনি ক্লান্ত। তাই তাঁর চায়ের দোকানে নতুন নিয়ম করেছেন। দোকানের সামনে একটা সাইনবোর্ডে লিখে রেখেছেন, ‘এখানে কথা বলা নিষেধ’। দিন যায় নিয়ম কঠোর হয়। চায়ে চিনি কম হলো না বেশি হলো, লিকার হলো কি হলো না, এসব নিয়ে কোনো অভিযোগ করা যায় না। খাওয়ার আগে বিল পরিশোধ করতে হয়। কেউ দোকানের নিয়ম না মানলে তাকে আর দোকানের আশপাশে ভিড়তে দেওয়া হয় না। এলাকায় তার দোকান ছাড়া অন্য কোনো চায়ের দোকানও নেই। অনেকের তিন বেলা ভাত না খেলে চলে কিন্তু চা তো খেতেই হয়। তাই জলিল ব্যাপারীর দোকানের নিয়মকানুন মেনেই চা খায় সবাই। নিয়মকানুন নিয়ে হাসিঠাট্টা করায় এলাকার প্রভাবশালী ও শ্রদ্ধেয় কজন মুরব্বিকে তাঁর দোকানে অবাঞ্ছিত ঘোষণাও করা হয়েছে। তারপর থেকে সবাই সাবধান! গত ৫ জানুয়ারিতেও জলিল ব্যাপারীর দোকানে একই চিত্র দেখতে পান এই প্রতিবেদক।

কাঁচাবাজারে দর-কষাকষি ছেড়ে দিয়েছেন চান মিয়া
অনেক দিন পর সে দিন বাজারে গিয়েছিলেন চান মিয়া। গিয়েই শোনেন, পেঁয়াজের দাম ১১০ টাকা কেজি। পেঁয়াজ সেঞ্চুরি করেছে, এটা দেশের সবার মতো তিনিও জানেন। কিন্তু সেঞ্চুরির পরও পেঁয়াজের এমন দুর্দান্ত গতি দেখে একটা ধাক্কা খেলেন চান মিয়া। বিক্রেতাকে মিনমিন করে বললেন, ‘১০০ টাকা হয় না...’। বিক্রেতা যেন আকাশ থেকে পড়লেন। বললেন, ‘ভাই, আপনি কোন যুগে আছেন?’ সে সময় চান মিয়া খেয়াল করলেন, পাশের বাসার ভাবি পাশে দাঁড়িয়ে চাল কিনছেন। তাঁর অসহায়ত্ব দেখে মুখ চেপে হাসছেনও! লজ্জায় চান মিয়ার টাকটা পর্যন্ত লাল হয়ে গেল। সেই থেকে চান মিয়া আর দর-কষাকষি করেন না। মরিচ ২০০ টাকা চাইলে দাম মিটিয়ে দেন। আবার পেঁয়াজের দাম ১২০ টাকা চাইলেও তাঁর চোখে পানি আসে না। বাজারের সব বিক্রেতাই তাঁর মতো দুর্লভ ক্রেতাকে দেখলেই টানাটানি শুরু করেন। তাঁকে নিয়ে এমন টানাটানির দৃশ্য দেখা গেল গত ৫ জানুয়ারিতেও।

রান্নায় বেশি তেল ব্যবহার করেন শায়লা
বাচ্চারা আজকাল শাকসবজি, মাছ খেতেই চায় না। সেদিন শায়লা চৌধুরী ইউটিউবে এক প্রখ্যাত রাঁধুনির রেসিপি দেখলেন। তারপর থেকে তরকারিতে তেলের পরিমাণ বাড়িয়ে দিলেন চার গুণ। ফলও পেতে শুরু করলেন দ্রুত। আগে যেখানে ভাত-তরকারি বেঁচে যেত এবং পরের দিন গরম করে খেতে হতো, এখন সেখানে কে আগে খাওয়া শেষ করবে, সেটা নিয়ে প্রতিযোগিতা লেগে যায়! অধিক তেল ব্যবহারে শায়লার সংসারে সুস্বাস্থ্য ফিরে এসেছে। তিনি বিশ্বাস করেন, তেলের চেয়ে বড় ওষুধ আর নেই। গত ৫ জানুয়ারিতেও তাঁর রান্নায় ছিল তেলের আধিক্য।

পঞ্চম অগুরুত্বপূর্ণ ঘটনা
বি.দ্র.: আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল সেদিন। সেটি লেখাও হয়েছিল। ল্যাপটপের মনিটরে ছিল লেখাটা। কিন্তু আপাতত সেই লেখা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা অবশ্য অস্বাভাবিক কিছু নয়। এখন অনেক কিছুই খুঁজে পাওয়া যায় না!