স্বাধীনতাযুদ্ধে পাকিস্তানি বাহিনী এবং তাদের এ দেশীয় দোসরদের নির্যাতনের সাক্ষী ফটিকছড়ি উপজেলার পূর্ব আজিমনগর তেলপারই গণকবর। অযত্ন-অবহেলায় পড়ে থাকা গণকবরটিতে নামফলক ও স্মৃতিস্তম্ভ না থাকায় নতুন প্রজন্মের কাছে এটি প্রায় অপরিচিতই রয়ে গেছে। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে এটি মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের নির্যাতনের কোনো স্মৃতি বহন করছে। এলাকাবাসী জানান, ১৯৭১ সালের ২১ নভেম্বর (ঈদের দিন) আবদুর রহিম নামের এক দালাল একদল পাকিস্তানি সেনা সঙ্গে নিয়ে মাইজভান্ডার এলাকায় আসেন। তারা গ্রামের কিছু যুবককে জড়ো করে জানিয়ে দেয়, গ্রামের কেউ পাকিস্তানের বিরুদ্ধে কথা বললে তাকে নির্মমভাবে হত্যা করা হবে।সেদিন তারা রোসাংগিরী ইউনিয়নের বিভিন্ন বাড়িঘরে তাণ্ডব চালায়। দুপুরে রোসাংগিরী ও আজিমনগর এলাকা থেকে কয়েকজন মুসলমান বাঙালিকে বেঁধে অমানুষিক নির্যাতন করে। পরে পূর্ব আজিমনগরের হিন্দুপাড়ায় অজ্ঞাতনামা পাঁচ ব্যক্তিকে ধরে এনে রশি দিয়ে বেঁধে হত্যা করা হয়। এরপর হত্যা করা হয় স্থানীয় হেমেন্দ্র কুমার শীল, দেবেন্দ্র কুমার শীল ও মোহন্ত কুমার শীলকে। এ সময় গ্রামের লোকজন চার দিকে ছুটতে থাকলে হানাদার বাহিনী এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে বহু নিরীহ লোক গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে বেঁচে থাকা একজন আনোয়ার আলী (৭২) বলেন, ‘হানাদার বাহিনীর সদস্যরা প্রথমে বিভিন্ন স্থান থেকে ধরে আনা অজ্ঞাতনামা পাঁচজন মুসলমানকে ব্রাশফায়ার করে। এরপর স্থানীয় তিন হিন্দুকে শরীরে অস্ত্র ঠেকিয়ে হত্যা করা হয়। হত্যাযজ্ঞের পর পাকিস্তানি বাহিনী ও রাজাকাররা মিলে হিন্দুবাড়িতে লুটপাট চালায়। পরে এলাকার লোকজন লাশগুলো তেলপারই খালের পাড়ে সমাহিত করেন।’বর্তমান অবস্থা: সরেজমিনে বধ্যভূমিটি দেখে বোঝার উপায় নেই যে আমাদের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করছে ওই স্থানটি। স্থানীয় লোকজন জানান, নিহত ব্যক্তিদের স্মৃতি রক্ষার জন্য অতীতে কিছুই করেনি কোনো সরকার। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বধ্যভূমিটিকে বেড়া দিয়ে ঘিরে সেখানে টিনের একটি নামফলক টাঙিয়ে দিয়েছে। পূর্ব আজিমনগরের নুরুল হক (৬৯) বলেন, ‘এই বধ্যভূমিটির খবর কেউ কখনো নিতে শুনিনি। স্বাধীনতার ৪১ বছর পরও এটি অরক্ষিত অবস্থায় পড়ে আছে।’ নিহত মোহন্ত কুমার শীলের ছেলে রতন কুমার শীল বলেন, ‘বাবাকে নির্মমভাবে হত্যার স্থানটির সংস্কার হয় না। কেউ খোঁজও নেন না। দেশের জাতীয় দিবসগুলো এলে খুবই খারাপ লাগে।’উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বোরহান উদ্দিন বলেন, ‘সরকারিভাবে সব গণকবর বা বধ্যভূমি সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সংস্কার ও সংরক্ষণ করা প্রয়োজন। যাতে ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধের গৌরবগাথা সম্পর্কে সহজে জানতে ও বুঝতে পারে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ বলেন, ‘উপজেলার গণকবর বা বধ্যভূমিগুলো সংরক্ষণের লক্ষ্যে জেলা প্রশাসন থেকে আমাদের কাছে চিঠি দেওয়া হয়েছিল। তখন আমরা এ বধ্যভূমিটির বিষয়েও প্রয়োজনীয় তথ্য জানিয়েছি।’