জাপান বন্ধুসভায় সৈয়দ হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সঙ্গে জাপানি বন্ধু ও বন্ধুসভার বন্ধুরা
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সঙ্গে জাপানি বন্ধু ও বন্ধুসভার বন্ধুরা

পুরো আয়োজনের কেন্দ্রে ছিল প্রথম আলো বন্ধুসভা জাপান আর তার উপদেষ্টা প্রথম আলোর জাপান প্রতিনিধি মনজুরুল হক। বসন্তে জাপানের অন্যতম আকর্ষণ ‘সাকুরা’ বা প্রস্ফুটিত শুভ্র চেরি ফুলে ফুলে ঢাকা টোকিওর তামাগাওয়া পার্কে, গত ২৯ মার্চ সকালে, সৈয়দ শামসুল হককে ঘিরে জড়ো হন একদল প্রবাসী বাঙালি সাহিত্যানুরাগী। বন্ধুসভার বিশেষ অনুরোধে এ দিন আয়োজনটি সঞ্চালনা করেন মঈনুল শাওন, সভাপতিত্ব করেন বন্ধুসভা জাপানের সভাপতি কবি মোতালেব শাহ আইয়ুব। টোকিওর এই জমায়েতে কবিকে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন বন্ধুসভা জাপানের সহসভাপতি সলিমুল্লাহ কাজল, প্রবাসী সাংবাদিক কাজী ইনসানুল হক প্রমুখ।
অন্যান্য অনেকের সঙ্গে জাপানের এনএইচকে বেতারের বাংলা বিভাগও এতে যোগ দিয়েছিল তাদের দুজন কর্মী এবং বিভাগীয় প্রধান কাজুও ওয়াতানাবের উপস্থিতির মধ্য দিয়ে। আয়োজনের নানা পর্যায়ে কবিতা ও নাট্যাংশ পাঠ করেন লেখক ও আবৃত্তিকার জুয়েল আহসান কামরুল এবং টোকিওপ্রবাসী কবি মিল্টন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বন্ধুসভা জাপানের সাধারণ সম্পাদক ফটোসাংবাদিক খন্দকার আনিসুর রহমান।
প্রবাসীদের পক্ষ থেকে নানা আবৃত্তি, নাট্যাংশ পাঠ বা আলোচনার ফাঁকে ফাঁকে, কবি তাঁর চমৎকার উচ্চারণ আর ভঙ্গিমায় পড়ে শোনান স্বরচিত কাব্যসম্ভারের নানা নির্বাচিত অংশ ‘তুমি আমার কতটা এবং কী?...’ অথবা ‘পরানের গহীনের ভেতর’-এর গভীর অভিব্যক্তিতে উপস্থিত শ্রোতাদর্শক ভেসে যান। কবি তখন আলপনা আঁকেন নয়া নির্মাণের বিচিত্র ভাঁজে ভাঁজে। বলেন, ওই পোড়া পেট্রলের কোনো সাধ্য নেই কালি দিয়ে ঢাকে বাংলার মুখ, যে মুখ থেকে নিঃসৃত হয় পৃথিবীর মধুরতম ভাষা...‘বাংলা’। কবি নিজে যে ভাষার নিপুণ কারিগর। মনে পড়ে তখন পায়ের আওয়াজ পাওয়া যায়-এর সেই অনবদ্য পঙ্তি ‘উঠায়া নিলে সব ওঠানো কি যায়, দাগ, একটা দাগ থাইকা যায়...’। চেরি ফুলে ফুলে ভরে ওঠা টোকিওর তামাগাওয়া পার্কে অথবা বাংলার সাহিত্যের খোলা ময়দানে সৈয়দ শামসুল হক যে দাগ রেখে গেলেন, সমকাল নয়, আগামীর কালের সাধ্য নেই তা সহজে মুছে ফেলার।