জাপানসহ ১৩ দেশে চাকরি পেতে আইটি সনদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাপী অনেক অনেক বিশ্ববিদ্যালয় থেকে তথ্যপ্রযুক্তি এবং এ-সংক্রান্ত ডিগ্রি দেওয়া হয়। এ ছাড়া অনেকেই নিজে নিজেই এ ক্ষেত্রে ব্যুৎপত্তি অর্জন করে থাকে। কিন্তু তথ্যপ্রযুক্তি খাতের নিয়োগকারীরা চাকরি দেওয়ার পূর্বে আবেদনকারীর জ্ঞান ও দক্ষতার পরিমাপ করতে চান। এ কারণে বিভিন্ন দেশের সরকার সমন্বিত সনদ ব্যবস্থা চালু করেছে। জাপান সরকারের উদ্যোগে এই খাতে প্রতিষ্ঠিত আইটি ইঞ্জিনিয়ার্স পরীক্ষা (IT Engineers Examination বা ITEE) বর্তমানে ১৩টি দেশে স্বীকৃত। ২০১৪ সাল থেকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) একটি প্রকল্পের মাধ্যমে এটি পরিচালনা করছে। প্রকল্পের পরিচালক ও বিসিসির পরিচালক প্রশিক্ষণ মোহাম্মদ এনামুল কবির জানান, শুধু বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দিয়ে নিজেকে বর্তমান বিশ্বে দক্ষ আইটি পেশাজীবী প্রমাণ করা যায় না। সার্টিফিকেট নেওয়ার বিষয়ে আমাদের গ্র্যাজুয়েটরা এখনো খুব একটা সচেতন নয়। কিন্তু আইটিইই উত্তীর্ণ প্রার্থীদের চাহিদাও দেশে ও বিদেশে ক্রমেই বাড়ছে। বাংলাদেশের আইটিইই উত্তীর্ণ প্রার্থীরা সরাসরি জাপানে চাকরি লাভ করছেন।
এই পরীক্ষার জন্য একজন প্রার্থীকে তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয়ের তাত্ত্বিক ও প্রায়োগিক জ্ঞানসম্পন্ন হতে হয়। আন্তর্জাতিক আইটিইই পরীক্ষার চারটি স্তরের মধ্যে দেশে বর্তমানে দুটি পরীক্ষা পরিচালনা করা হচ্ছে। আইটি পাসপোর্ট এক্সামিনেশন (আইপি) হলো তথ্যপ্রযুক্তির প্রাথমিক পর্যায়ের জ্ঞান ও দক্ষতার পরিমাপ। পরবর্তী স্তরের পরীক্ষাটি হলো ফান্ডামেন্টাল আইটি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন (এফই)। এতে তথ্যপ্রযুক্তির মৌলিক বিষয়ের বিষয়ভিত্তিক ও প্রায়োগিক দক্ষতার প্রয়োজন। উভয় পরীক্ষায় কোনো বয়স বা নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা নেই।

পরীক্ষায় অংশগ্রহণের নিয়ম
বছরে দুবার এই পরীক্ষা হয়। পরবর্তী পরীক্ষা হবে আগামী ২৪ এপ্রিল রোববার। সারা দেশের চারটি বিশ্ববিদ্যালয়ে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকায় বুয়েট, চট্টগ্রামে চুয়েট, রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও খুলনায় কুয়েটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য www.bditec.gov.bd থেকে অনলাইনে ৩০ মার্চের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। প্রথম স্তরের পরীক্ষার ফি ১০২ টাকা ও দ্বিতীয় স্তরের পরীক্ষার ফি ২০৪ টাকা। বিকাশের মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করা যায়।