জাপানি উপহার নিয়ে ঢাকায় প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী মিলনায়তনে জাপানি উপহারসামগ্রী নিয়ে চলছে প্রদর্শনী। ‘জাপানিজ স্পিরিট অব গিফটিং: গিভিং শেপ টু ওয়ানস থটস অ্যান্ড ইমোশনস’ নামে ডাকা হচ্ছে প্রদর্শনীটিকে। জাপানে যা কিছু একজন আরেকজনকে উপহার দেয়, সেগুলো নিয়েই ওই প্রদর্শনী।

জাপানের মানুষের হৃদয়ের উষ্ণতা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাতেই এই আয়োজন
ছবি: সাবিনা ইয়াসমিন

সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করেছে জাপান দূতাবাস ও জাপান ফাউন্ডেশন। আজ ১৩ ফেব্রুয়ারি বিকেল ৫টায় শেষ হবে প্রদর্শনীটি। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই  প্রদর্শনী উন্মুক্ত ছিল।

উদ্বোধনী আয়োজনে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতু নাওকি এসব কথা জানিয়ে বলেন, ‘১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি জাপান বাংলাদেশকে স্বীকৃতি দেয়। আমরা সেই সময় থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজার রেখে এগিয়ে চলেছি। সেটিকে উদ্‌যাপন করতেই ২০০ বছরের পুরোনো পোশাক, যেমন কিমোনো, বিয়ের পোশাক, অলংকারসহ নানা কিছু দিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী। জাপানের মানুষের হৃদয়ের উষ্ণতা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাতেই এই আয়োজন।’

প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই প্রদর্শনী উন্মুক্ত ছিল সর্বসাধারণের জন্য
ছবি: সাবিনা ইয়াসমিন

উপহার দেওয়া জাপানি সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। জাপানি সংস্কৃতিতে মনে করা হয়, উপহার বিনিময়ের মাধ্যমে দৃঢ় হয় সম্পর্ক। বাংলাদেশের সঙ্গে জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন করতেই এই প্রদর্শনী।

বাংলাদেশের সঙ্গে জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন করতেই এই প্রদর্শনী
ছবি: সাবিনা ইয়াসমিন

জাপান দূতাবাস ও জাপান ফাউন্ডেশনের পক্ষ থেকে জাপানি শিল্প–সংস্কৃতিকে তুলে ধরার এটি একটি প্রয়াস। প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে জাপানি সংস্কৃতির ২০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী সব উপকরণ। প্রদর্শিত হয় জাপানের জাতীয় পোশাক কিমোনোসহ আরও নানা পোশাক, পুতুল, চিরুনি, জুতাসহ নানা কিছু। ছিল উপহার মোড়ানোর কাগজ ফুকুসা। রঙিন কাগজে উপহার মোড়ানোর সংস্কৃতি বিশ্ব ধার করেছে জাপানের কাছ থেকেই। এ ছাড়া ছিল নানান পদের নসি (উৎসবে পরার অলংকার)।

প্রদর্শিত হয় জাপানের জাতীয় পোশাক কিমোনোসহ আরও নানা পোশাক
ছবি: সাবিনা ইয়াসমিন

দর্শকেরা উপভোগ করেছেন এই প্রদর্শনী। প্রদর্শনীটিকে বাংলাদেশের সঙ্গে জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

আগত দর্শকেরা উপভোগ করেছেন এই প্রদর্শনী
ছবি: সাবিনা ইয়াসমিন