জাপানি বন্ধুদের ছোঁয়ায় প্রাণ পাচ্ছে বন
প্রাকৃতিক দুর্যোগ ও মানুষের বিনাশী কর্মকাণ্ডের ফলে ধ্বংস হওয়া কক্সবাজারের চকরিয়ার ম্যানগ্রোভ বনকে নতুন রূপ দেওয়ার কাজে নেমেছেন একদল জাপানি বৃক্ষপ্রেমিক। এ মাসের প্রথম সপ্তাহে বনের বৃক্ষশূন্য এলাকায় তাঁরা রোপণ করেছেন সাড়ে চার হাজার বাইন ও কেওড়াগাছের চারা।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় অবস্থিত এই বন চকরিয়া সুন্দরবন নামে পরিচিত। তিন দশক ধরে জাপানি স্বেচ্ছাসেবকদের এই দল চকরিয়ার বনে গাছের চারা রোপণ করছেন। গত বছর রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশে আসেননি তাঁরা। গত ৩১ মে চকরিয়া এসে পৌঁছান দলটির ১৪জন সদস্য। ১ জুন থেকে ৪ জুন চার দিনে বনের চিংড়িঘের, রামপুরা ও বদরখালী এলাকায় জেগে ওঠা পাঁচ একর আয়তনের চরে গাছের চারা রোপণ করেন তাঁরা।
১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর থেকে উপকূলীয় এলাকায় প্যারাবন সৃজন করতে জাপানি সংস্থা ইউআই জেনসন ডউমি বোলেনটাসের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকেরা বাংলাদেশ সফর করছেন। ওয়েস্কা ইন্টারন্যাশনাল নামের উন্নয়ন সংস্থার বনায়ন প্রকল্পের আওতায় তাঁরা এ কাজ করছেন।
২ জুন সরেজমিনে দেখা যায়, চকরিয়া সুন্দরবন এলাকার পাঁচ একর বনভূমিতে বন সৃজনের কাজে ব্যস্ত জাপানের স্বেচ্ছাসেবকেরা। দলটিকে সহযোগিতা করেছিল স্থানীয় ইলিশিয়া জমিলা বেগম উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। বনে চারা রোপণের পাশাপাশি স্বেচ্ছাসেবকেরা চকরিয়া শহরের বিমানবন্দর পাবলিক স্কুল অ্যান্ড কলেজে তিন শ একাশিয়া গাছের চারাও লাগিয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশের ক্ষতি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করেছেন তাঁরা।
ওয়েস্কা ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক তাতসুয়ো কসুগি বলেন, ১৯৯২ সাল থেকে জাপানের একদল বৃক্ষপ্রেমী বাংলাদেশ সফর করছে। প্রতিবছর জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কাজটি করলেও এবার স্বেচ্ছাসেবক দলের সদস্য হয়ে এসেছেন সে দেশের শ্রমিক ইউনিয়নের সদস্যরা। দলের নেতৃত্ব দিয়েছেন মাসাইউকি ওনো ও সিনোবো ইউসিহারা। মাসাইউকি ওনো বলেন, ‘গত বছর বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ ছিল। তাই সে বছর গাছের চারা রোপণ করতে পারিনি। এখানকার প্যারাবন উজাড়ের দৃশ্য দেখে খুব খারাপ লাগছে, মানুষ এত নিষ্ঠুর হতে পারে’!
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় বাংলাদেশের মানুষকে আরও সচেতন হতে হবে। এছাড়া নতুন করে রোপণ করা গাছগুলো যাতে কাটা না পড়ে, সেদিকে খেয়াল রাখা উচিত এলাকাবাসীর।
বাংলাদেশে এবারই প্রথম এসেছেন কাজোকো সিমোনো ও রিতসুকো হাইয়াসি। তাঁরা বলেন, বাংলাদেশের মানুষ খুব বেশি কর্মঠ। গাছ উজাড়ের বিষয়ে এ দেশের মানুষ একটু সচেতন হলেই জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা পাবে।
ওয়েস্কা ইন্টারন্যাশনালের কর্মকর্তা মো. রহিম উল্লাহ বলেন, চার দিনে জাপানি দলটি বাইন ও কেওড়া এ দুই প্রজাতির সাড়ে চার হাজার গাছ লাগিয়েছেন। জাপানি বন্ধুদের ছোঁয়ায় নতুন করে প্রাণ পাচ্ছে এই বন।