জাপানি শিক্ষার্থীদের নাশতার টাকায় চলে ওদের লেখাপড়া
প্রতিদিন সকালে শিশুদের কলকাকলি আর কচিকণ্ঠের ‘অ’ ‘আ’ ‘ক’ ‘খ’ ধ্বনিতে মুখর থাকে কক্সবাজার সদর উপজেলার ডিককুল গ্রামের বাঁশের ঘরটি। হতদরিদ্র ও ঝরেপড়া ৩৫ শিশুকে প্রতিদিন এক ঘণ্টা করে পাঠদান করা হয় এখানে। প্রাক-প্রাথমিক শিক্ষার এ মহতী উদ্যোগ চলছে জাপানের হিরোশিমা সুজোগামিনে গার্লস হাইস্কুলের ছাত্রীদের নাশতার (টিফিন) টাকায়। বেসরকারি উন্নয়ন সংস্থা পালস এ শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করছে।পালসের চেয়ারম্যান আবু মোর্শেদ চৌধুরী জানান, কক্সবাজার সদর ছাড়াও রামু এবং চকরিয়া উপজেলার বিভিন্ন গ্রামে এ ধরনের ২৫টি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে ৮৭৫ জন হতদরিদ্র শিশুকে দুই বছর ধরে শিক্ষা দেওয়া হচ্ছে। লক্ষ্য থাকে পরবর্তীকালে এ শিশুরা সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেন ভর্তির সুযোগ পায়। ৭ মার্চ জাপানের হিরোশিমা সুজোগামিনে গার্লস হাইস্কুলের ১৭ ছাত্রী তাঁদের নাশতার টাকায় চলা বিদ্যালয়গুলো নিজের চোখে দেখার জন্য তিন দিনের সফরে কক্সবাজার ছুটে আসেন। ৮ মার্চ সকালে জাপানি ছাত্রীরা ডিককুল গ্রামের ‘পালস-সুজোগামিনে’ প্রাক-প্রাথমিক বিদ্যালয় দেখতে আসেন। শিশুদের মাটিতে বসে লেখাপড়া করতে দেখে তাঁরা হতবাক হন। বিদ্যালয়ের একমাত্র শিক্ষিকা ইয়াসমিন আকতার জাপানি ছাত্রীদের সামনে বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম তুলে ধরেন। হতদরিদ্র শিশুদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তাঁদের ধন্যবাদ জানান। শিশুদের দুর্দশার কথা শুনে আবেগে হতবিহ্বল হয়ে পড়েন জাপানের শিক্ষার্থী জিনুকা ইউকিসহ অনেকেই। জিনুকারা মুহূর্তেই মিশে গেলেন শিশুদের মধ্যে। শ্রেণী আর জাতিগত ব্যবধান যেন ঘুচে গেল নিমেষেই।ছাত্রীদের সঙ্গে আসা জাপানের স্কুলশিক্ষক ইউশি কাউয়া মাচাহিরু বলেন, ‘নানা প্রতিকূলতার মধ্যেও গরিব শিশুরা পড়ছে দেখে আমরা মুগ্ধ। অভাব-দুঃখ-কষ্ট জয় করে শিশুরা নিজেদের গড়ে তুলছে—ভাবতে অবাক লাগছে।’ ওই দিন বিকেলে জাপানের ছাত্রীরা সদর উপজেলার খরুলিয়া গ্রামে স্থাপিত সরকারি শিশু (বালিকা) পরিবারে যান। সেখানে তাঁরা অনাথ শিশুদের সঙ্গে সময় কাটান। বাংলাদেশি অনাথ শিশুদের সঙ্গে মাঠে খেলাধুলায় মেতে ওঠেন তাঁরা। এই পরিবারকেন্দ্রে ১০০ এতিম ছিন্নমূল মেয়েশিশু বড় হচ্ছে। জাপানি ছাত্রীদের সঙ্গে মিশতে পেরে খুব খুশি কেন্দ্রের শিশু হালিমা আকতার। জাপানি মেয়েদের কেন্দ্র ঘুরিয়ে দেখিয়েছে সে। এ ছাড়া কয়েকটি গানও শুনিয়েছে সে। এতে মুগ্ধ জাপানি ছাত্রীরা। এই স্মৃতি ধরে রাখতে সবাই অসংখ্য ছবি তুলল। পালসের চেয়ারম্যান আবু মোর্শেদ চৌধুরী জানান, উন্নয়নশীল আর উন্নত বিশ্বের শিশুদের আর্থসামাজিক অবস্থান জানার জন্য জাপানি ছাত্রীরা কক্সবাজার সফরে আসেন। এখান থেকে তাঁরা লন্ডন সফর করে নিজ দেশে ফিরবেন। সূত্র জানায়, জাপানের শিক্ষার্থীরা নাশতার খরচ বাঁচিয়ে বাংলাদেশের এমন প্রতিটি বিদ্যালয়ের জন্য বছরে ২৫ হাজার টাকা করে পাঠাচ্ছেন। ওই টাকায় এখানে একজন শিক্ষক নিয়োগ দিয়ে ৩৫ জন শিক্ষার্থীকে পড়ানো হচ্ছে।