জাপানি শিক্ষার্থীরা ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঢাকা শহর যেন একটা খেলনা-শহর, কোথাও খুব সুন্দর করে সাজানো-গোছানো, আবার কোথাও নোংরা ময়লা।’ বলছিলেন ২৫ বছর বয়সী ইয়ামউচি। পড়াশোনা শেষ করে তিনি বর্তমানে জাপানি শিল্পী নাওয়া কোহেইর সহযোগী হিসেবে কাজ করছেন। জাপানি ভাস্কর নাওয়া কোহেই এবার ১৪তম দ্বিবার্ষিক চারুকলা প্রদর্শনীতে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন। ধারাবাহিকভাবে সাজানো চারটি বিশালাকায় ভাস্কর্য নিয়ে তিনি তাঁর কাজটি উপস্থাপন করেন। এই বিশাল ভাস্কর্যগুলো জাপান থেকে তৈরি করে নিয়ে আসা সম্ভব ছিল না। তাই বাংলাদেশে এসে তাঁকে পুরো কাজটি করতে হয়েছে। ১২ জন শিল্পীর একটি শিক্ষানবিশ দল নিয়ে তাই তিনি এ দেশে আসেন। এই ১২ জন শিল্পী ছাড়াও বাংলাদেশ থেকে তিনি চারুকলা অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী মোরসালিনকে সহযোগী হিসেবে নির্বাচন করে কাজটি শুরু করেন। কাজ ছাড়াও আনন্দ-উল্লাস ও ঢাকার বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শনের স্মৃতি নিয়ে সম্প্রতি ঢাকা সফর করে গেল এ দলটি। ২৪ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত ছিল তাদের বাংলাদেশ সফর। গল্পে গল্পে জানা গেল, তাঁদের ভালো লাগার নানা দিক। পুরো দলটির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব স্বেচ্ছায় গ্রহণ করলেন মোরসালিন। পরিচয়পর্বের শুরুতে গত কয়েক দিনের অভিজ্ঞতার ধারা বর্ণনা দিয়ে যাচ্ছিলেন তিনি। এত ব্যস্ততার মধ্যে তাঁরা কেমন মজা করেছেন, কবে কোথায় বেড়াতে গেছেন। কারও কাছে ভালো লেগেছে বাংলাদেশি পোশাক, কেউ বাংলা খাবারের ভক্ত, কে এ দলে সবচেয়ে দুষ্টু, কার কোন কাণ্ডকারখানায় হাসতে হাসতে সবার পেটে খিল ধরে গেল...। কিন্তু আর বেশি বলতে পারলেন না মোরসালিন। কারণ তাঁর ওপর তেড়ে উঠলেন মুরো! এ দলের সর্বকনিষ্ঠ সদস্য। তিনি কিয়োটা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। কাছাকাছি বয়সের বলেই তর্ক-বিতর্ক আর খুনসুটি লেগে থাকে মোরসালিন আর মুরোর মধ্যে। মোরসালিনের দাবি, এ দলে সবচেয়ে দুষ্টু হলেন মুরো। মুরোর কারণে মোরসালিনকে বেশ কয়েকবার বোকা হতে হয়েছে। মোরসালিন অল্পস্বল্প জাপানি ভাষার শিক্ষা নিয়েছেন এই মুরোর কাছ থেকেই।এ সফরে কাণ্ডকীর্তিও কম করেননি তাঁরা। ওসমানী মিলনায়তনের সামনে খালি জায়গাটিতে ফুজি সাকি, ওগা সাহারা ও হাজো প্রায় এক ঘণ্টা রিকশা চালিয়েছেন, জানালেন মোরসালিন। যান্ত্রিকতার গমগমে সময়টিতেও তেমন কোনো যান্ত্রিক কলকবজা ছাড়াই চলছে এমন একটি যানবাহন, বিষয়টি তাঁদের অবাক করেছে।কিয়োটা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী মুরাতার জন্মদিন ছিল গত ৫ অক্টোবর। ঢাকা সফরে এ দিনটি ছিল তাঁদের জন্য সবচেয়ে মজার দিন। এত কাজের মধ্যেও ওই দিন স্টার কাবাবে চিকেন বিরিয়ানি খেয়ে পালন করা হয় মুরাতার জন্মদিন। মসলাদার এমন মুখরোচক খাবার তাঁদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। দুপুরের খাওয়াদাওয়া শেষে পুরা বিকেল ঘুরে বেড়িয়েছেন ধানমন্ডি লেকে। বিকেলের খাবার ছিল রবীন্দ্রসরোবরের ফুচকা। টক-ঝাল এসব খাবার সবার কাছে বেশ অমৃত মনে হয়েছে।ঘোরাফেরার সঙ্গে সঙ্গে কেনাকাটাও হয়েছে বেশ। কোন শপিং সেন্টার সবচেয়ে ভালো লাগল? জানতে চাইলে সবার এক উত্তর ‘ফার্মগেটের হকার স্টলগুলো’, ফুটপাত থেকে রং-বেরঙের জিনিস কিনে নিয়েছেন তাঁরা। জানা গেল, ইয়ামাউচির কাছে সবচেয়ে ভালো লেগেছে ফুলঝাড়ু। তিনি অনেকগুলো ফুলঝাড়ু কিনেছেন জাপানে নিজের বাসায় সাজিয়ে রাখার জন্য। আমাদের পোশাকের মহাভক্ত হয়ে গেছেন ওগা সাহারা। কিনেছেন পাঞ্জাবি ও টুপি। পোশাক-আশাকের গল্পের মধ্যে হঠাৎ চোখ পড়ল এই গরমেও সবার পরনে ফুলহাতা শার্ট বা গেঞ্জি। কারণ জানতে চাইতে সবাই পকেট থেকে মশা তাড়ানোর স্প্রে বের করে দেখালেন। বাংলাদেশে মশা নামক এক ভয়াবহ কীটপতঙ্গ আছে, এমন সংবাদ তাঁরা পেয়েছেন সুদূর জাপানে বসেই। তাই আসার আগেই সবাই মশা তাড়ানোর এক যন্ত্র নিয়ে এসেছেন। এত কিছুর মধ্যে সবচেয়ে বেশি আনন্দের ব্যাপার হলো, এতগুলো দিনের পরিশ্রম বৃথা যায়নি। দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীতে তাঁরা শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন। জাপানের প্রতিনিধিদলের প্রধান নাওয়া কোহেই তাই বললেন, ‘আমি কখনো আশাই করিনি যে সরাসরি তোমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করব। আমরা খুবই আনন্দিত।’ আবার বাংলাদেশে আসার ইচ্ছে আছে কি না, জানতে চাইলে সবাই সমস্বরে জানান, ‘নিশ্চয়ই’।