জাপানে একই দিনে ঈদ ও দুর্গাপূজা উদযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের নামাজে বাংলাদেশিরা
ঈদের নামাজে বাংলাদেশিরা

জাপানে ৫ অক্টোবর রোববার যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে উদযাপিত হয়েছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উত্সব ঈদুল আজহা। একই দিন হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজাও উদযাপিত হয়। টোকিওপ্রবাসী হিন্দু ধর্মালম্বী বাংলাদেশিদের সংগঠন সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে এই পূজার আয়োজন করা হয়। এটি ছিল তাদের ১৯তম আয়োজন।
জাপানে ওই দিন সাপ্তাহিক ছুটি। ছুটির দিন হওয়ায় উভয় সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষ অন্যান্য বছরের তুলনায় এবার সাড়ম্বরে নিজ উত্সব পালন করেন। তবে এই আয়োজনও প্রতিকূল হওয়ার কথা ছিল প্রমত্ত উন্মাদনায় ধেয়ে আসা শক্তিশালী টাইফুন ফোনম্যানের কারণে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, ওই দিন দুপুর নাগাদ এ মৌসুমের ১৮তম শক্তিশালী টাইফুন ফোনম্যান টোকিও ও তার আশেপাশে আঘাত হানবে।

বাদল চাকলাদারের আমন্ত্রণে ঈদের দিন মিসাতো সিটির পদ্মা কমপ্লেক্সে সমবেত বাংলাদেশিরা
বাদল চাকলাদারের আমন্ত্রণে ঈদের দিন মিসাতো সিটির পদ্মা কমপ্লেক্সে সমবেত বাংলাদেশিরা

এদিকে আগের রাত থেকেই শুরু হয়ে যায় প্রবল বর্ষণ। এতে টাইফুন বেশ দুর্বল হয়ে পড়ে। কিন্তু বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়। অবশ্য এই বাধা রুখতে পারেনি প্রবাসীদের। বৈরী আবহাওয়া উপেক্ষা করে উভয় সম্প্রদায়ের মানুষ তাঁদের ধর্মীয় আচার আয়োজনে শামিল হন। বৃষ্টিতে ভিজে মুসলমানেরা ঈদের নামাজ আদায় করেন। পূজার অনুষ্ঠানেও হিন্দুরা বৃষ্টিতে ভিজে অংশগ্রহণ করেন। দুই আয়োজনেই ছিল উল্লেখযোগ্য উপস্থিতি।

আকাবানে কিতা কুমিন সেন্টারে দুর্গাপূজার মণ্ডপ
আকাবানে কিতা কুমিন সেন্টারে দুর্গাপূজার মণ্ডপ

ঈদুল আজহার প্রধান হলো কোরবানি। এখানকার শত প্রতিকূলতা ও বিধি-নিষেধের পরও কোরবানি দেওয়ার অনুমতি সংগ্রহ করেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি। তাঁদের একজন টোকিওপ্রবাসী ব্যবসায়ী বাদল চাকলাদার। তিনি অনেককে কোরবানির মাংস খেতে আমন্ত্রণ জানিয়েছিলেন। তাঁর আমন্ত্রণ উপেক্ষা করার সুযোগ ছিল না কারও। তাই নামাজ শেষে কমিউনিটির অনেকেই ছুটে যান মিসাতো সিটির পদ্মা কমপ্লেক্সে।

পূজায় সমবেতরা
পূজায় সমবেতরা

রাজনৈতিক মতভেদ থাকলেও ঈদের দিনে টোকিওপ্রবাসীরা সেখানে মিলিত হন। এই বিরল দৃষ্টান্ত টোকিওপ্রবাসীরা করে রেখেছেন দীর্ঘদিন ধরে।
অন্যদিকে বেলা ১১টা থেকে আকাবানে কিতা কুমিন সেন্টারে শুরু হয় দুর্গাপূজার আয়োজন। যথারীতি অঞ্জলি, প্রসাদ ও ভোগ বিতরণ, পূজাবিষয়ক আলোচনা, ভক্তিমূলক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি; সবই ছিল। রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মুসলিম সম্প্রদায়ের মানুষরাও ঈদের নামাজ ও পারিবারিক ধর্মীয় অনুষ্ঠান শেষে পূজার অনুষ্ঠানে যোগ দেন। উত্তরণ কালচারাল গ্রুপ, জাপান এই ধর্মীয় অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করে। এ ছাড়াও স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা অনুষ্ঠানে সংগীত ও নৃত্য এবং দুজন জাপানি শিল্পী মনোমুগ্ধকর বাজনা পরিবেশন করেন। দর্শকরা মুহুর্মুহু করতালির মাধ্যমে জাপানি শিল্পীদের স্বাগত জানান। সেতার বাজান ইনুরি কেনজি ও তবলায় ইশিতা সৌরি।

কাজী ইনসানুল হক
টোকিও, জাপান