জাপানে পড়তে চাইলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আরিফুর রহমান ক্লাস শেষ করেই ছুটতে ছুটতে চলে এসেছেন বুয়েট অডিটরিয়ামে। কারণ, জাপান শিক্ষামেলা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। আর যেকোনো দেশের শিক্ষাব্যবস্থা, সুযোগ-সম্ভাবনা জানার জন্য সে দেশের আয়োজিত কোনো শিক্ষামেলা যে কতটা কাজের হতে পারে, তা কে না জানে! আরিফুর রহমান আগেই জেনেছিলেন জাপানের উন্নত শিক্ষাব্যবস্থা সম্পর্কে। এরপর থেকেই তাঁর ইচ্ছা জাপানের কোনো বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করার। এ জন্য আরিফুর আগে থেকেই জাপানি ভাষা রপ্ত করার চেষ্টা শুরু করেছেন। তিনি এসেছেন জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানার জন্য। ১৯ তারিখ বিকেলে বুয়েট মিলনায়তনে ছিল এমন সব শিক্ষার্থীর আনাগোনা। জাপান দূতাবাস আয়োজিত এই শিক্ষামেলা উন্মুক্ত ছিল সবার জন্য। যাঁরাই এসেছেন এ মেলায়, তাঁরাই হাতে পেয়েছেন ‘স্টুডেন্ট গাইড টু জাপান’ নামের একটি ব্রোশিয়ার। জাপানে যাওয়ার জন্য কী দরকার, কীভাবে প্রস্তুতি নিতে হবে, কীভাবে আবেদন করতে হবে—তার সবই ছিল এই ছোট্ট বইটিতে। ছিল জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সম্পর্কে তথ্য জেনে নেওয়ার সুযোগ।বুয়েটের শফিক রহমান বলেন, ‘আমি আগে থেকেই জানি জাপানে বেশ কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে, যেগুলো সারা বিশ্বেই সেরা বলে বিবেচিত। আমি সেসব বিশ্ববিদ্যালয় সম্পর্কে ইন্টারনেটের মাধ্যমে বেশ কিছু তথ্য জেনেছিলাম। কিন্তু এখানে এসে আরও অনেক বেশি জানতে পারলাম।’ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানে মাস্টার্স শেষের পথে আনিকা ফারজানার। আনিকা বলেন, ‘আমি জাপানে পিএইচডি গবেষণা করতে যেতে চাই। এখানে এসে জানলাম কীভাবে, কোন সময়ে, রিসার্চ প্রপোজাল পাঠাতে হয় জাপানের বিশ্ববিদ্যালয়গুলোতে সেটা।’বুয়েটের শিক্ষার্থী ফারজানা কবির বলেন, ‘জাপানে যাওয়ার আগে জাপানি ভাষাটা শিখে নেওয়াটা যে বেশ কাজের তা জানতে পারলাম। আর ওখানে পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজের সুযোগ রয়েছে তা-ও জানা হলো।’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আকিব রেজওয়ান এর আগে একাধিক এডুকেশন কাউন্সিলিং প্রতিষ্ঠানে গেছেন জাপানে পড়াশোনা করার সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে। সব জায়গাতেই অর্থ দিয়ে নাম নিবন্ধন করতে হয়েছে। তিনি বলেন, ‘আজ এ মেলায় এসে জানলাম যে এসব কাউন্সিলিং একেবারে বিনা মূল্যে পাওয়া যায় জাপান দূতাবাস থেকে।’পরদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বসেছিল একই ধরনের জাপানি শিক্ষামেলা।জাপান দূতাবাসের শিক্ষাবিষয়ক কাউন্সেলর কাজি ফারহানা রহিম জানালেন, ‘জাপানে শিক্ষাবিষয়ক যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে হবে জাপান দূতাবাসের ইনফরমেশন অ্যান্ড কালচার ডিভিশনে অথবা জাপানিজ ইউনিভার্সিটিস অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ। এই দুই জায়গা থেকে একেবারে বিনা মূল্যে তথ্যসেবা পেতে পারেন আগ্রহী শিক্ষার্থীরা। অন্য কোনো প্রতিষ্ঠানে যোগাযোগ করলে প্রতারিত হওয়ার আশঙ্কা থেকে যায়।’জাপানে উচ্চশিক্ষাবিষয়ক তথ্যের জন্য প্রয়োজনীয় যোগাযোগ১. জাপান দূতাবাস বারিধারা, ঢাকা-১২১২ রবি থেকে বৃহস্পতিবার (সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং দুপুর একটা ৩০ থেকে বেলা তিনটা) ফোন: ০২-৮৮১০০৮৭ www.bd.emb-japan.go.jp২. জাপানিজ ইউনিভার্সিটিস অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ সুবাস্তু চিরন্তনী, ইন্দিরা রোড, ঢাকা। শনি, রবি, মঙ্গল, বৃহস্পতি (বেলা ১১টা থেকে বেলা তিনটা) ফোন: ০২-৯১৪৫২৮৮ www.juaab-bd.jp৩. জাপান স্টুডেন্ট সার্ভিস অর্গানাইজেশন www.jasso.go.jp৪. জাপান কম্প্রিহেনসিভ গাইড www.studzjapan.go.jp/en