জাপানের উত্তর কোরীয়রা
১৯৪৫ সালের আগে কোরিয়া যখন জাপানের উপনিবেশ ছিল তখনকার কথা। এই বিচ্ছেদের বেদনা এবং জাতিসত্ত্বা টিকিয়ে রাখার লড়াইয়ের শুরু তখনই। ১৯১০ থেকে ১৯৪৫ পর্যন্ত কোরিয়া ছিল জাপানের উপনিবেশ। ওই সময়কালে হাজার হাজার কোরীয়কে শ্রমিক হিসেবে কাজ করার জন্য জোর করে জাপানে পাঠানো হয়। আবার বেশ কিছুসংখ্যক কোরীয় উপনিবেশের বঞ্চনা-লাঞ্ছনার পরিবেশ থেকে মুক্তির আশায় স্বেচ্ছায় জাপানে পাড়ি জমান। ১৯৪৫-এ জাপান দখলদারিত্ব থেকে সরে গেলেও তত দিনে কোরিয়া গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। এ যুদ্ধেরই ফলস্বরূপ দেশটি উত্তর ও দক্ষিণে বিভক্ত হয়ে যায়। দেশ স্বাধীন হলেও সম্পূর্ণ পরিবর্তিত পরিস্থিতিতে জাপানে পাড়ি জমানো কোরীয়রা আর মাতৃভূমিতে ফেরার ভরসা পায়নি। পরবর্তী সময়ে এসব মানুষের কিছু জাপানি নাগরিকত্ব গ্রহণ করে অতীত ভুলেছে। একটি অংশ ১৯৬৫ সালে দক্ষিণ কোরিয়ার সঙ্গে জাপানের সম্পর্ক স্বাভাবিক হলে দক্ষিণ কোরিয়ার পাসপোর্ট গ্রহণ করে। তবে বড় অংশটিই উত্তরের প্রতি আনুগত্য ধরে রাখে। এই অংশটি কমিউনিস্ট উত্তর কোরিয়া আর পুঁজিবাদী জাপানের সম্পর্কের টানাপোড়েনে পড়ে আর মাতৃভূমিতে ফিরতে পারেনি। জাপানে থেকে পিয়ংইয়ংয়ের প্রতি আনুগত্য বজায় রাখতে গিয়ে এদের লড়তে হচ্ছে কঠিন এক বাস্তবতার সঙ্গে। জাপানে কোরীয় জাতির মানুষের সংখ্যা প্রায় ছয়লাখ। এরমধ্যে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক আছে দুই লাখের।পিতৃপুরুষের ভাষা-সংস্কৃতি টিকিয়ে রাখতে ওই উত্তর কোরীয়রা জাপানে গড়ে তুলেছে বেশ কিছুসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে কিন্ডারগার্টেন থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। খোদ বৈরী দেশ জাপানের ভূ-খণ্ডে জাপানি সংস্কৃতিকে প্রত্যাখ্যান করে এসব শিক্ষাপ্রতিষ্ঠান কীভাবে টিকে আছে, সে এক আশ্চর্য বিষয় বলতে হবে। ব্যাপারটা ব্যাখ্যা করতে গিয়ে টোকিও কোরিয়ান জুনিয়র অ্যান্ড সিনিয়র হাইস্কুলের ডেপুটি হেডমাস্টার ইয়ান তে জিল বলেন, ‘১৯৫৭ সাল থেকে প্রতিবছর উত্তর কোরিয়া আমাদের আর্থিক সহযোগিতা দিয়ে আসছে। কোটি কোটি ইয়েন পাঠায় তারা। যখন জাপান সরকার আমাদের দিকে ফিরে তাকায়নি, কেউ আমাদের পাশে ছিল না, সেই কঠিন দিনগুলোয় উত্তর কোরিয়াই বাড়িয়ে দেয় সহযোগিতার হাত।’উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতার উদাহরণ তুলে ধরে শিক্ষক ইয়ান তে জিল বলেন, বিদ্যালয়ের শেষ শিক্ষাবর্ষে এখানকার সব ছাত্র শিক্ষাসফরে উত্তর কোরিয়া যায়। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে যারা সন্তান পাঠায়, তারা চায় তাদের সন্তানেরা যেন শুধু রক্তে নয়, মনে-প্রাণে কোরীয় হয়ে ওঠে। প্রতিষ্ঠানগুলোয় অন্যান্য বিষয়ের পাশাপাশি শেখানো হয় কোরীয় ভাষা, ইতিহাস। শিক্ষার্থীরা পরিধান করে ঐতিহ্যবাহী কোরীয় পোশাক, খেলে কোরীয় খেলা, গায় কোরীয় গান। পশ্চিম টোকিওর এক উপশহরে কোরিয়া বিশ্ববিদ্যালয়ের অবস্থান। এখানকার রাজনৈতিক অর্থনীতির ছাত্র হো তে-জুঙ্গ বলেন, ‘বিশ্ববিদ্যালয়টির ভাবমূর্তি কেমন সেটা আমাদের কাছে মুখ্য না। এখানে আমরা যা শিখছি তাই আসল। আমি জাতিতে একজন কোরীয়। আমি আমার সংস্কৃতি, ভাষা ও পরিচয়কে রক্ষা করতে চাই। আর তাই আমার বাবা-মা ও আমি লেখাপড়ার জন্য এ শিক্ষাপ্রতিষ্ঠানটিকেই বেছে নিয়েছি।’ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সোনিয়া রায়াঙ্গ বলেন, ‘একটি বৈরী পরিবেশে এসব শিক্ষাপ্রতিষ্ঠান কোরীয় সংস্কৃতিকে ধরে রাখতে অসাধারণ ভূমিকা রাখছে।’জাপানের এসব কোরীয় শিক্ষায়তনের সঙ্গে পরিচিত ব্যক্তিরা অবশ্য প্রতিষ্ঠানগুলোর অনানুষ্ঠানিকভাবে পালিত কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভূমিকার কথাও বলাবলি করে। আর সেটা হচ্ছে, নিজ গোষ্ঠীর মধ্যে জুটি গড়ে দিতে প্রতিষ্ঠানগুলোর ভূমিকা। কোরিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী উন মিন্না বলেন, ‘আমাদের মতো তরুণ-তরুণীদের অধিকাংশই কোরীয় কাউকে বিয়ে করতে চায়। তাহলে সন্তানও হবে কোরীয়। তাতে এই বিভূঁইয়ে কোরীয় জাতিসত্ত্বাটা ধরে রাখা সম্ভব হবে বলেই আমাদের মনে হয়।’ আরেক ছাত্র হো বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে জাপানিদের অপছন্দ করি, তা নয়। কিন্তু যখন দেখি আমার সম্প্রদায় কীভাবে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হচ্ছে, কীভাবে আমার সংস্কৃতি ও মূল্যবোধ হারিয়ে যাচ্ছে, তখন মনে হয় কোরীয় কাউকে বিয়ে করাই ভালো।’দক্ষিণ কোরিয়ার মতো মার্কিন মিত্র জাপানকেও শত্রু মনে করে উত্তর কোরিয়া। জাপানের মাটিতে বসে সেই দেশের জন্য এত ‘আদিখ্যেতা’ জাপান যে খুব সহজভাবে মেনে নিয়েছে, তা নয়। এ ব্যাপারে দেশটির মনোভাব স্পষ্ট কোরীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি সাম্প্রতিক কিছু পদক্ষেপ থেকে। জাপান সরকার ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তুকি দেওয়া বন্ধ করে দিয়েছে। টোকিওর কোরিয়ান জুনিয়র অ্যান্ড সিনিয়র হাইস্কুলের কিম সুল-আ-এর মতে অনেকেই মনে করেন, তাঁদের প্রতি জাপান সরকারের এটা এক ধরনের বৈষম্যমূলক আচরণ। আর এ ধরনের আচরণ উত্তর কোরিয়ার প্রতি তাঁদের ভালোবাসা আরও বাড়িয়েই তোলে।