জাপানের পাশে এক বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি দুর্গত মানুষের পাশে দাঁড়াল জাপান—যেকোনো প্রাকৃতিক দুর্যোগের পর এমন একটা খবর যেন নিয়মের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অতীতের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ-পরবর্তী পত্রিকাগুলো ঘাঁটুন, সন্দেহ নেই, অনেক প্রমাণ পাবেন এর। কিন্তু এবার, গত ১১ মার্চ প্রকৃতি রুষ্ট আচরণ করল জাপানের সঙ্গে এবং জাপানের জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য জাপান টাইমস লিখল, জাপানি দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন বাংলাদেশি অভিবাসী আকতার হোসেন।দ্য জাপান টাইমস-এর ওই খবরের সূত্র ধরে টেলিফোনে আকতার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলো। তাঁর এক সহকারী জানালেন, ‘আকতার ভাই তো এখন ব্যস্ত। কিছুক্ষণ পর ফোন করেন, কথা বলতে পারবেন।’ কিছুক্ষণ পরই ফোন করা হলো। ফোন ধরলেন আকতার হোসেন। জানালেন, দুর্গত লোকজনের সেবায় ব্যস্ত সময় কাটছে তাঁর, ‘ভূমিকম্প ও সুনামি আঘাত হানার পর এখানকার অবস্থা এত ভয়াবহ হয়ে পড়েছে যে না দেখলে বোঝানো মুশকিল। জাপান সব সময় বাংলাদেশের যেকোনো দুর্যোগের পরে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। তাই আমিও চেয়েছি, জাপানের দুর্গত মানুষের পাশে দাঁড়াতে।’বন্ধুপ্রতিম দেশ জাপান বরাবরই বাংলাদেশের যেকোনো দুর্যোগ-দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে। মুন্সিগঞ্জের আকতার হোসেন জাপানে আছেন ১৯৮৬ সাল থেকে। জাপানের টোচিগি প্রিফেকচারে দুটি আবাসিক হোটেল আছে তাঁর। হোটেল দুটিতে ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত লোকজনকে ঠাঁই দিয়ে বাংলাদেশের সেই ঋণই যেন শোধ করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি। আকতার হোসেন থাকেন টোকিওতে। ফুকুশিমা ও টোকিওর ঠিক মাঝামাঝি টোচিগি প্রিফেকচারে তাঁর হোটেল দুটি—হোটেল এশিয়ান গার্ডেন ও হোটেল লজ গার্ডেন। ১১ মার্চের ওই দুর্যোগের পর আকতার হোসেন যেন বাংলাদেশের মানুষেরই হাহাকার শুনতে পেলেন। তাই ১৮ মার্চ সকাল সকাল হাজির হলেন টোচিগি প্রিফেকচারের স্থানীয় প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে। বললেন, ‘আমার দুটি আবাসিক হোটেল আছে। আপনাদের আপত্তি না থাকলে সেখানে দুর্গত লোকদের আশ্রয় দিতে চাই। থাকা-খাওয়া-চিকিৎসার সব ভার আমার।’ সানন্দে রাজি হলো স্থানীয় প্রশাসন। শুরু হলো কাজ। এমনিতে আকতারের দুটি হোটেলে শয্যাসংখ্যা ৬৩টির মতো। হিসাব করে দেখলেন, মেঝেতে ঢালাও বিছানা পেতে দিলে শ চারেক মানুষের জায়গা দেওয়া অসম্ভব কিছু নয়। কিন্তু আশপাশের হাসপাতালের চিকিৎসকেরা বললেন, ‘অত মানুষের জায়গা দেওয়ার দরকার নেই, তুমি বরং অল্প কিছু অতিবৃদ্ধকে জায়গা দাও। এই সময় ওঁরাই সবচেয়ে খারাপ সময় পার করছে।’ আকতার সব দিক বিবেচনা করে দেখলেন, কথা ঠিক। শেষমেশ তা-ই হলো। আকতারের দুটি হোটেলে আশ্রয় নিলেন প্রায় ৭০ জনের মতো অশীতিপর বৃদ্ধ।‘হোটেল দুটিতে আশ্রয় নেওয়া সবাই অতিবৃদ্ধ। সবারই বয়স ৯০-এর ঘরে। যেখানে জোয়ান মানুষের অবস্থাই সঙ্গিন, সেখানে বৃদ্ধদের পরিস্থিতি তো সহজেই অনুমেয়। দেখে চোখের পানি আটকানো কঠিন। আমার এখানে যাঁরা এসেছেন, তাঁদের অধিকাংশই হাসপাতালফেরত। হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া হয়েছে, কিন্তু চিকিৎসা-পরবর্তী সেবা না পেলে তো অবস্থার উন্নতি হবে না। সেই সেবাটাই দেওয়ার চেষ্টা করছি আমরা। খাওয়া-দাওয়া-চিকিৎসা-পথ্য—সবই চলছে। হোটেলের কয়েকজন কর্মচারী তো কাজ করছেনই, সঙ্গে আরও প্রায় ২০ জনের মতো স্বেচ্ছাসেবীও সেবা দিচ্ছেন নিয়ম করে। স্থানীয় হাসপাতালের চিকিৎসকেরাও নিয়মিত আসছেন, রোগী দেখছেন।’ বলছিলেন আকতার হোসেন।‘দুর্গত লোকজন কী বললেন?’টেলিফোনের এপার থেকে আকতারের কণ্ঠ বাষ্পরুদ্ধ ঠেকে, ‘দুর্গত মানুষের যে কী কষ্ট, দেখলে বুক ভেঙে যায়! আর আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার পর সবাই আরও আবেগপ্রবণ। প্রতিদিনই অচেনা-অজানা মানুষ এসে জড়িয়ে ধরে, হু হু করে কাঁদে, ধন্যবাদ জানায়। আমি বলি, এটা তো আমাদের দায়িত্ব। তোমরা যেমন বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াও, আমরাও তোমাদের পাশে আছি।’ দুর্গত লোকজন নিজেদের ঘরে ফিরে না যাওয়া পর্যন্ত এই সেবা চালিয়ে যাবেন আকতার। ব্যবসা বন্ধ থাকলেও তা নিয়ে মাথাব্যথা নেই তাঁর। ১৯৮৬ সালে জাপানে পাড়ি জমানোর পর ধীরে ধীরে পায়ের নিচের মাটি শক্ত করে নিয়েছেন মেধা ও পরিশ্রম দিয়ে। দুটি আবাসিক হোটেল তো আছেই, আছে আরও ছয়টি রেস্তোরাঁ। ১৮ বছর আগে জাপানি মেয়ে তানাকা ইয়োকোকে বিয়ে করেছেন। ঘরে একটি মেয়েও আছে। দেশে আছেন মা আর ছোট ভাই। বাংলাদেশে আসার কথা ছিল আকতারের, কিন্তু বার তিনেক দিনক্ষণ ঠিক করার পরও দুর্গত মানুষকে ছেড়ে এই মুহূর্তে দেশে আসার কথা চিন্তাও করছেন না। আকতার হোসেন জানেন, মানুষ মানুষের জন্য।