জাপানের প্রতিরক্ষানীতির রদবদল
বদলে যাচ্ছে জাপানের প্রতিরক্ষাগত নীতি ও দৃষ্টিভঙ্গি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও স্নায়ুযুদ্ধোত্তর বাস্তবতা থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে সূর্যোদয়ের দেশ। একসময়ের একঘরে হওয়া যুদ্ধবাজ জাপান যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্রতার সুবাদে বিশ্ব ও এশিয়ায় তাঁর অর্থনৈতিক প্রভাবের পাশাপাশি প্রতিরক্ষা সক্ষমতা নিশ্চিত করেছিল। এখন প্রতিবেশী চীনের ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক পরাক্রমের বিষয়টি মাথায় রেখে পা ফেলতে হচ্ছে তাদের। স্নায়ুযুদ্ধ-যুগের রাশিয়া নয়, চীনই এখন জাপানের প্রতিরক্ষা প্রস্তুতির মূল বিবেচ্য।আঞ্চলিক ভারসাম্যের বদলের সঙ্গে সংগতি রেখে প্রতিরক্ষাব্যবস্থা পুনর্গঠন করছে জাপান। ‘রাশিয়ার চেয়ে চীন ও উত্তর কোরিয়া বড় হুমকি’ জাপানের নতুন জাতীয় প্রতিরক্ষা কর্মসূচি নির্দেশিকায় এ ইঙ্গিত করা হয়েছে। এ নির্দেশিকাই হবে আগামী ১০ বছরের জন্য দেশটির প্রতিরক্ষানীতির ভিত্তি।সেনকাকু দ্বীপের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জের ধরে জাপান ও চীনের সম্পর্কে উত্তেজনা চলছে। গত সেপ্টেম্বরে জাপানি কোস্টগার্ড একটি চীনা মাছধরা জাহাজের ক্যাপ্টেনকে আটক করার পর উত্তেজনা দেখা দেয়। জাপানের দুটি টহল জাহাজের সঙ্গে চীনের একটি মাছধরা নৌযানের সংঘর্ষের পর ওই চীনা ক্যাপ্টেনকে আটক করা হয়।চীনের অব্যাহত সামরিক শক্তি বৃদ্ধির ওপর দীর্ঘদিন ধরে উদ্বেগের সঙ্গে নজর রেখে আসছে জাপান। বিশেষ করে তার দক্ষিণাঞ্চলীয় দ্বীপগুলোর কাছে চীনের ক্রমবর্ধমান সামরিক তৎপরতার দিকে খেয়াল রাখছে দেশটি। জাপানের প্রতিরক্ষা পর্যালোচনায় বলা হয়েছে, চীনের ওই সব তৎপরতা এই অঞ্চল ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য উদ্বেগের কারণ হয়ে দেখা দিয়েছে।চীনের তৎপরতার জবাবে জাপানও তার শক্তির পুনর্বিন্যাস করছে। সমরসজ্জা নতুনভাবে বিন্যস্ত করা হচ্ছে। নতুন পরিকল্পনা অনুযায়ী ট্যাংক ও কামানের সংখ্যা কমিয়ে আনবে জাপান। বাড়ানো হবে ডুবোজাহাজের সংখ্যা।জাপানের নর্দান আর্মির সাবেক কোর কমান্ডার অবসরপ্রাপ্ত লে. জেনারেল তোশিউকি শিকাতা বলেন, চীনা সামরিক বাহিনীর সম্প্রসারণ শুধু জলে, স্থলে কিংবা আকাশে হচ্ছে না। এটা মধ্যপ্রাচ্যের সঙ্গে জাপানের নৌ-যোগাযোগকে সরাসরি প্রভাবিত করছে।সাবেক সেনা কর্মকর্তা শিকাতা বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। তিনি জানালেন, চীনের স্থলবাহিনী নিয়ে জাপানের বিশেষ উদ্বেগ নেই। উদ্বেগ তাদের নৌবাহিনী ও নৌভিত্তিক ক্ষেপণাস্ত্রের মতো রণসম্ভার নিয়ে। চীনের এ ধরনের শক্তির জোরদার সম্প্রসারণ ভবিষ্যতে হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে শিকাতার ধারণা।জাপান বলছে, বেইজিংয়ের সাম্প্রতিক সামরিক পুনর্বিন্যাস বৈশ্বিক উদ্বেগের কারণ। অন্যদিকে, চীনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এশিয়ার শান্তি ও উন্নয়নের শক্তি এবং কারও প্রতি হুমকি নয়।জাপানের জন্য আরেকটি উদ্বেগ হচ্ছে উত্তর কোরিয়া। সাম্প্রতিক বছরগুলোয় দেশটি জাপানে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জাপানের সামরিক পর্যালোচনায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচিকে বর্ণনা করা হয়েছে—জাপানের ও আঞ্চলিক নিরাপত্তার প্রতি স্থায়ী ও গুরুতর অস্থিতিশীলতার উপাদান হিসেবে।পুনর্গঠিত প্রতিরক্ষাব্যবস্থার অংশ হিসেবে উত্তর থেকে দক্ষিণে চীনের সঙ্গে সমুদ্র সীমান্তের দিকে সেনা সরিয়ে নেবে জাপান। সম্ভাব্য উত্তর কোরীয় হামলা ঠেকাতে বাড়ানো হবে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যাটারির সংখ্যা। এগুলো দেশজুড়ে মোতায়েন করা হবে। উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা সজ্জিত যুদ্ধজাহাজের সংখ্যা চার থেকে বাড়িয়ে করা হবে ছয়।জাপানের সেনাবাহিনী বৃহৎ শক্তি যুক্তরাজ্যের চেয়েও বড়। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সংবিধান অনুযায়ী, নিজে থেকে আগ বাড়িয়ে কোনো ধরনের আক্রমণাত্মক অবস্থানে যেতে পারে না দেশটির সেনাবাহিনী। বিশ্বযুদ্ধ-পূর্ব নাৎসি ও ফ্যাসিবাদীদের মিত্র ক্ষমতায় মদমত্ত জাপানি সরকারের কার্যকলাপ ও যুদ্ধে চূড়ান্ত পতনের শিক্ষা থেকেই ওই নীতি।৫০ বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা মিত্রতা রয়েছে জাপানের। কিন্তু ২০০৯ সালে ডেমোক্রেটিক পার্টি অব জাপান (ডিপিজে) ক্ষমতায় আসার পর ওই সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা দেয়। কারণ আর কিছুই না, বহুল আলোচিত মার্কিন সামরিক ঘাঁটি ইস্যু। নতুন প্রতিরক্ষা নীতিমালায় জাপান-মার্কিন মিত্রতাকে ‘অপরিহার্য’ হিসেবে বর্ণনা করে, তা আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।প্রধানমন্ত্রী নাওতো কান বলেছেন, নতুন প্রতিরক্ষা নীতিমালা জাপানের প্রতিবেশীদের হুঁশিয়ার করার জন্য নয়। তার পরও এশিয়ার দেশগুলো এর ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখবে বলেই মনে করা হচ্ছে।