জাফলংয়ে ভোজন
সেই সময়ে পিয়াইন নদীর বুকজুড়ে অথই পানি আর তাকে ঘিরে সব অনবদ্য দৃশ্য রচিত হচ্ছে প্রতিদিন, সিলেট শহর থেকে অনতি দূরের জাফলংয়ে।জাফলংয়ে যাওয়ার পথ খুব চমৎকার। সে পথ ধরে জৈন্তাপুর পেরোলে চোখ ভরে ওঠে পাহাড়, মেঘ আর ছোট-বড় অসংখ্য ঝরনায়। এভাবেই চোখ জুড়িয়ে, মন ভরিয়ে মামার দোকান মোড় পেছনে ফেলে, বল্লাঘাট পার হয়ে জাফলং। এখন সামনে পিয়াইন নদী আর পেছনে ভারতের মেঘালয় পাহাড়। গাড়ি থেকে নামতে নামতে পেট ক্ষুধায় মোচড় দিয়ে উঠতেই বোঝা হয়ে যায়, এবার পেটে কিছু দিতে হবে। তখনই সামনে পড়ল ক্ষুধা রেস্টুরেন্ট।ক্ষুধা; নামেই দারুণ টান, সঙ্গে পেটের টান। ভেতরে প্রবেশ করে চমৎকার গাছের গুঁড়ির তৈরি কেদারা পেয়ে আরাম করে বসে পড়া। বসার সঙ্গে সঙ্গে দেখা এখানকার স্বত্বাধিকারী সফিকুল ইসলামের সঙ্গে। কুশলাদি বিনিময়ের পর দুই অক্ষরের ক্ষুধা নিয়ে তিনি শুনিয়ে দিলেন গোটা একটা কবিতা। এবার খাওয়ার পালা।অর্ডার করতেই চোখের পলকে টেবিল ভরে গেল বিভিন্ন সবজি আর ভর্তা-ভাজিতে। রোজকার খানাপিনার বাইরে একটু অন্য রকম আয়োজন দেখে ভালো লাগবে। এখানে হিদল (চ্যাপা) শুঁটকি খুব জনপ্রিয়। তা ছাড়া লইট্টা, ঘইন্না, চিংড়িসহ কত কী রয়েছে। আছে কালো জিরার ভর্তা, বেগুন, টমেটো, পটোল ও শিমভর্তা। ছোট মাছ, রূপচাঁদা, বোয়াল, কালিবাউশ, ইলিশ, গরু আর মুরগির ভুনা মাংসের সঙ্গে এখানকার স্পেশাল রান্না বাঁশ-হাঁস। এ রান্নার জন্য কিছু জোগাড়-যন্ত্রের ব্যাপার রয়েছে।‘কচি বাঁশ দিয়ে হাঁস রান্না করতে হয় বিধায় হাঁস-বাঁশ কেবল শুক্রবার রান্না হয়। অন্য যেকোনো দিন খেতে হলে আপনাকে জাফলং রওনা হওয়ার সময় অর্ডার দিয়ে রাখতে হবে’ জানালেন ক্ষুধার স্বত্বাধিকারী সফিকুল ইসলাম। এখানে পাথর এবং চাগাছের তৈরি বিভিন্ন দ্রব্য বিক্রি হয়। এর বাইরেও আদিবাসীদের তৈরি বিভিন্ন পণ্য এখানে পাওয়া যায়। অর্থাৎ খাবার খাওয়া আর কেনাকাটা দুটোই হবে একসঙ্গে!