জাবিতে পেশা উন্নয়ন কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনসংখ্যা যত বাড়ছে, ক্যারিয়ারের ক্ষেত্র তত বাড়ছে না। জনসংখ্যা যত বাড়ছে, যুক্তিবাদী মানুষের সংখ্যা তত বাড়ছে না। তবুও শিক্ষার্থীরা স্বপ্ন দেখে ক্যারিয়ারের। কিন্তু সে যে সোনার হরিণ! সহজে কি ধরা দেয়? একবিংশ শতাব্দীর প্রতিযোগিতামূলক চাকরির বাজারে ক্যারিয়ার গড়তে যে উৎকর্ষ বৈশিষ্ট্যের সঙ্গে সম্পৃক্ত হওয়া প্রয়োজন, তার অনুসন্ধানে এবং ক্যারিয়ারের উৎকর্ষতা সাধনের লক্ষ্যে প্রথম আলোর সহযোগিতায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত জহির রায়হান মিলনায়তনে ৮ ও ৯ মে আয়োজন করেছিল দুই দিনব্যাপী ‘ওয়ার্কশপ অন ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড ডিবেট’ শীর্ষক কর্মশালা।কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মুনিরুজ্জামান, জাডসের সভাপতি বদরুন নাহার, উপদেষ্টা ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আহমেদ রেজা, সাবেক বিতার্কিক ও টিভি উপস্থাপক আবদুন নূর তুষার ও বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষক আরাফাত রহমান উপস্থিত ছিলেন। কর্মশালায় আবদুন নূর তুষার বলেন, ক্যারিয়ার গঠনে আমরা যে ক্ষেত্রে উন্নয়ন করতে চাই, সেই ক্ষেত্র সম্পর্কে প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে। সে জন্য পাঠ্যপুস্তকের সীমাবদ্ধ জ্ঞানের বাইরেও আমাদের বিচরণ করে জ্ঞান অন্বেষণ করতে হবে। তিনি বলেন, কাজকে ভালোবেসে সঠিক সময়ে পরিকল্পনার মাধ্যমে কর্মক্ষেত্রে নিজেকে যুক্ত করতে না পারলে ক্যারিয়ার গঠন সম্ভব নয়। বরং অনেক ক্ষেত্রে তা ক্ষতিকর হয়। সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মুনিরুজ্জামান বলেন, এ ধরনের কর্মশালার মধ্য দিয়ে নিজেকে নতুনভাবে আবিষ্কার করা সম্ভব হয়। কর্মক্ষেত্রে নিজেকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার নানা কৌশল সম্পর্কে ধারণা লাভ করা যায়। দুই দিনব্যাপী এ কর্মশালার শেষ দিন রোববার বিকেল চারটায় পার্লামেন্টারি ডিবেট, এশিয়ান ডিবেট, ক্যারিয়ার গঠনে ডিবেট ও উচ্চারণের ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়। বিষয়গুলোর ওপর বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক সঞ্জীব সাহা, সাবেক সভাপতি হাসান মাহ্মুদ, বর্তমান মহাসচিব মাহফুজুর রহমান ও কথা আবৃত্তিচর্চাকেন্দ্রের আশরাফুল হাসান আলোচনা করেন। আলোচনা শেষে ‘আমাদের বর্তমান সংস্কৃতি অভিযোজিত নয়, বরং আরোপিত’ বিষয়ের ওপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষার্থী বিতর্ক করেন। পরে জাডসের উপদেষ্টা ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আহমেদ রেজ রেজিস্ট্রেশনকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র প্রদান করেন। কর্মশালায় আড়াই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। জাডসের সভাপতি বদরুন নাহার বলেন, সময়োপযোগী ও গঠনমূলক কর্মকাণ্ডের সঙ্গে সবাইকে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়। এ ধরনের কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ক্যারিয়ার গঠন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে বলে তিনি মন্তব্য করেন।