বাবা ধরেই নিয়েছিলেন তাঁর একমাত্র ছেলেটাকে দিয়ে আর যা-ই হোক, অন্তত লেখাপড়াটা হবে না। ছেলে যে বইয়ের আশপাশেই ঘেঁষে না! সারা দিন হই-হই, টই-টই আর ব্যাট-বল। এর মধ্যে সে আবার এইচএসসির আগে নির্বাচনী পরীক্ষায় করে বসল সব বিষয়ে ফেল। বন্ধুবান্ধব, পরিবার—কোথাও মুখ দেখানোর অবস্থা রইল না। বাবা জল টলমল চোখে ছেলের সামনে এসে দাঁড়ালেন: ‘তুই কি সত্যিই মানুষ হবি না!’বাবার চোখে জল। তারপর কী যে হলো ছেলেটার, সেদিন আর ঠিকমতো খেলতে পারল না। ভাত খেতে পারল না, ঘুমও হলো না ঠিকমতো। ভোরবেলা বাড়ির পাশের পুকুরপাড়ে এসে বসল একা একা। জলের আয়নায় নিজের মুখ দেখে নিজেকেই ধিক্কার দিল বারবার। অবশেষে কী ভেবে হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে ঘুরে দাঁড়াল। সেই যে দাঁড়াল, আর পেছনে ফিরে তাকাল না একবারও। অল্প প্রস্তুতিতেই এসএসসিতে পেল জিপিএ ৪.৩৮। সেদিনের সেই ঘুরে দাঁড়ানো ছেলেটার নাম জাভেদ ফয়সাল। ডাকনাম মানিক। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে ভর্তি হয়েই পণ করেছিলেন, মা-বাবার গর্বের ‘মানিক’ হবেন তিনি। কথা রেখেছেন মানিক। সম্মান ২০০৮ (২০১০ সালে অনুষ্ঠিত) পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম তো হয়েছেনই, উপরন্তু ললাটে জুটিয়েছেন ডিস্টিংশনসহ ফার্স্ট ক্লাস পাওয়ার বিরল সম্মান। এতেই শেষ নয়, মানিক তাঁর অনুষদ ও বিভাগেরও গর্বের কারণ। কেননা অনুষদ ও বিভাগ মিলে সর্বোচ্চ নম্বর যে তাঁরই দখলে। চারের স্কেলে মানিকের অর্জন জিপিএ-৩.৯২।গবেষণায় আনন্দ খোঁজেন মানিক। ইতিমধ্যে তাঁর গবেষণাপত্র প্রকাশিত হয়েছে জাপানি সোসাইটি অব ফিস প্যাথলজি এবং জার্নাল অব বায়োলজিক্যাল সায়েন্সের মতো সম্ভ্রান্ত আন্তর্জাতিক জার্নালে। লিখেছেন বাংলাদেশ থেকে প্রকাশিত ইন্টারন্যাশনাল জার্নাল অব বায়োরিসার্সেও।মানিকের বর্তমান লক্ষ্য ভালোয় ভালোয় মাস্টার্স শেষ করা। তাই এখন দিন-রাত পাঠ্যবইয়ের মধ্যেই নাক ডুবিয়ে রাখছেন। মন ও মেধার সবটুকু সঁপে দিয়েছেন গবেষণা খাতে। কাজ করছেন একটি গবেষণা প্রকল্পে ড. মাহবুবুর রহমানের গবেষণা সহযোগী হিসেবে। মানিকের দিবস-রজনী শুধু পড়ালেখা আর পড়ালেখা...। তাই বলে কি কোনো শখ-আহ্লাদ নেই? আছে। মানিক গান শুনতে ভালোবাসেন, ছবি দেখতেও আপত্তি করেন না। আর সময় পেলেই প্রিয় বন্ধু বিপুলের সঙ্গে মেতে ওঠেন দাবা নিয়ে। ‘আন্তবিভাগ দাবা টুর্নামেন্টে একবার চ্যাম্পিয়নও হয়েছিলাম। সেটা যখন ফোর্থ ইয়ারে পড়ি, তখনকার কথা...।’ বলছিলেন জাভেদ ফয়সাল মানিক।মানিক তবে কী হতে চান? ‘একজন গবেষক।’ কিন্তু সে পথ যে বড় বন্ধুর। ‘তবুও ভয় নেই, আমার সঙ্গে আছে আমার জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ—সেদিনের বাবার চোখের জল!’ মানিকের কণ্ঠ জলের মতো টলমলে নয়, বরং অনেক দৃপ্ত আর কঠিন।