জামদানি নকশা
২৭ বছর ধরে জামদানিশিল্পের সঙ্গে সমর মজুমদারের সখ্য। তাঁতিদের খুব কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে তার। ভালো লাগা থেকে একসময় সংগহ করতে শুরু করলেন জামদানির নকশা। একসময় মনে হলো, এসব নকশাকে ক্যাটালগে অন্তর্ভুক্ত করা দরকার। যাতে ঐতিহ্যের ধারক এ শিল্পের নকশাগুলো কালের ধারায় হারিয়ে না যায়। শিল্পী সমর মজুমদারের সংগ্রহ ও সম্পাদনায় ভিন্ন ধরনের ১০০ রকমের নকশা নিয়ে প্রকাশিত হয়েছে জামদানি নকশা। এ শিল্পটি মোগল আমলে পূর্ণ বিকাশ লাভ করে। জ্যামিতিক বা ফুলেল নকশার কারুকার্যমণ্ডিত জামদানি মোগল আমলের রাজা-বাদশাদের কাছে ছিল অতি প্রিয়। এর উৎপত্তি ও বিকাশের নানা ইতিহাস রয়েছে বইটিতে। নকশার ওপর ভিত্তি করে জামদানির নামকরণ করা হয়। এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে স্বচ্ছতা। জামদানি শাড়িকে বাতাসে মেলে ধরলে জমিনের ওপর গাঢ় সুতোয় তোলা নকশাগুলো স্পষ্ট চোখে পড়ে। ছোট ছোট ফুলতোলা শাড়িকে বলা হয় বুটিদার। যখন এই ফুলকে চিকন করে নকশা করা হয় তখন বলা হয় তেসরি। সারি সারি ফুলতোলা নকশাকে ফুলওয়ারি জামদানি বলা হয়। কাপড়ের জালে রঙিন সুতার পাশাপাশি সোনালি-রুপালি জরিও ব্যবহার করা হয়। জামদানি সম্পর্কে অনেক অজানা তথ্য পাবেন বইটিতে। জামদানি নকশা নিয়ে সমর মজুমদার বলেন, ‘হস্ত ও বুনন শিল্পের সঙ্গে দীর্ঘদিন ধরে আমার সম্পর্ক। সেখান থেকেই জামদানি শিল্পের প্রতি আকর্ষণ জন্মে। ধীরে ধীরে নকশা সংগ্রহ করতে শুরু করি। দেখা গেল ৮-১০টি নকশাই বাজারে খুব জনপ্রিয়। এর বাইরে কেউ কিছু জানেও না। এভাবে অনেক নকশা হারিয়ে গেছে। এ সংগৃহীত নকশাগুলো যেন হারিয়ে না যায় সে জন্যই বইটি প্রকাশ করা। রং ও বিন্যাসের দিক থেকে প্রতিটি নকশা আলাদা। এ রকম ১০০টি নকশা অন্তর্ভুক্ত করেছি এ বইয়ে। যারা ইতিহাস জানতে চায় কিংবা পোশাক শিল্পের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত এই বইটি তাদের কাজে লাগবে...।’ এ বছর শুরুর দিকে খান ব্রাদার্স অ্যান্ড কোম্পানি থেকে বইটি প্রকাশিত হয়। পৃষ্ঠপোষক হিসেবে ছিল সাউথইস্ট ব্যাংক লিমিটেড। এক হাজার টাকা মূল্যের এই বইটি ঢাকার আজিজ কো-অপারেটিভ মার্কেটের প্যাপিরাস, প্রথমা ও জ্ঞানকোষে পাওয়া যাবে।