জামদানি নকশা সংরক্ষণে সেমিনার

জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ১৮ ডিসেম্বর বিকেলে শুরু হলো বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ আয়োজিত ‘জামদানি নকশা সংরক্ষণ’ শীর্ষক সেমিনার। মিলনায়তনে ঢোকার মুখে খোলা জায়গায় প্রদর্শিত হচ্ছিল জামদানির শুদ্ধ ও প্রচলিত নকশা।
সেমিনারের মূল আলোচক জামদানি নকশা সংরক্ষণ প্রকল্পের প্রধান গবেষক চন্দ্রশেখর সাহা দুই বছর ধরে গবেষণা করছেন দেশের জামদানির নকশা, জামদানি শিল্পের বর্তমান অবস্থা নিয়ে। ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের ফান্ড ফর কালচারাল প্রিজারভেশনের সহযোগিতায় এই প্রকল্প পরিচালিত হয়। সেমিনারের মূল উদ্দেশ্য ছিল জামদানি শিল্পের বর্তমান অবস্থা জানানো, নকশাগুলো প্রদর্শনসহ দেশের ঐতিহ্যবাহী জামদানিকে টিকিয়ে রাখার জন্য করণীয় বিষয়গুলো তুলে ধরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ। অতিথি হিসেবে এ আয়োজনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট, জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।
জামদানির নকশা, বাংলাদেশের জামদানি সংরক্ষণ নিয়ে কাজ করছেন এমন অনেকেই এসেছিলেন এ আয়োজনে। উপস্থিত ছিলেন ড. হামিদা হোসেন, মালেকা খান, সৈয়দা রুবি গজনবী, মুনিরা এমদাদ, মাহিন খান, আশরাফুর রহমান, শাহিদ হোসেন শামীম, লিপি খন্দকার, চন্দনা দেওয়ানসহ অনেকে।
সৈয়দা রুবি গজনবী বলেন, ‘দেশীয় কাপড় কেনার মানসিকতা তৈরি করতে হবে। আমরা বিদেশি কাপড়ে প্রচুর অর্থ খরচ করতে আগ্রহী থাকি কিন্তু দেশীয় জামদানি কেনার সময় সেই পরিমাণ অর্থ খরচ করতে চাই না।’
সেমিনারে জামদানির দুই তাঁতশিল্পী আবুল কাশেম ও আবদুল জব্বার বলেন, ‘আমাদের দেশের বর্তমান যেসব তাঁতি আছেন, তাঁরা সবাই অনেক ভালো ভালো কাজ করতে পারবেন, যদি তাঁরা যথেষ্ট আর্থিক সহযোগিতা পান।’
বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ এই সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করে। আয়োজকেরা জানান, জাতীয় কারুশিল্প পরিষদ এ দেশের কারুশিল্পকে সংরক্ষণ, প্রচার ও প্রসারের কাজ করছে। জামদানি তাঁতিদের অধিকার রক্ষা করা, কারুশিল্পের সঙ্গে যুক্ত নানা ধরনের মানুষকে নিয়ে কর্মশালা, সভা আয়োজন, নিবিড় গবেষণা, তা প্রকাশসহ নানা কাজ করে চলেছে তারা।