জামদানির গৌরবগাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনোটায় আছে জরির ডোরা, কোনো শাড়ি সোনালি রুপালি বুটিদার, কোনোটার নকশায় রঙিন মীনা করা, কোনোটা আবার বহুরঙা সুতোয় বর্ণিল। লাল, নীল, বেগুনি, হলুদ, কমলা, সাদা, কালো, খয়েরি হরেক রঙের একরঙা ও বহুরঙা জামদানি শোভা পাচ্ছে প্রদর্শনীতে। প্রতিটি জামদানিই আলাদা, প্রতিটিই নিজস্ব সৌন্দর্যে অদ্বিতীয়। ৯ জানুয়ারি ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারিতে উদ্বোধন হলো ‘স্টোরি অব প্রাইড’ শীর্ষক জামদানি শাড়ির প্রদর্শনী। প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উপলক্ষে আড়ং তিন পর্বের একটি ‘এক্সিবিশন সিরিজ’-এর আয়োজন করেছে। এর দ্বিতীয় পর্বের প্রদর্শনীটি হলো এটি। এর আগে হয়েছে নকশী কাঁথা প্রদর্শনী।প্রদর্শনীর পরামর্শক ও নকশাকার চন্দ্রশেখর সাহা জানান, প্রদর্শনীর শাড়িগুলোর নকশা শতাব্দী প্রাচীন জামদানির আদলে করা হয়েছে। কোনোটা পুরোটাই সেকালের নকশায় করা, আবার বৈচিত্র্য আনতে আদি নকশা ও মোটিফ অক্ষুণ্ন রেখে নতুন ধরনের রঙের সমন্বয়েও করা হয়েছে কিছু শাড়ি।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি ছিলেন ব্র্যাকের চেয়ারপারসন ফজলে হাসান আবেদ। প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে বক্তৃতা করেন আড়ং এবং আয়েশা আবেদ ফাউন্ডেশন (এএএফ) পরিচালক তামারা আবেদ, নকশাকার চন্দ্রশেখর সাহা, বিশেষ অতিথি অ্যাডকম লিমিটেডের চেয়ারপারসন গীতিআরা সাফিয়া চৌধুরী। এ অনুষ্ঠানে বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত ও সাংস্কৃতিক দূত, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন উচ্চপদস্থ্ কর্মকর্তারা, বিশিষ্ট ব্যবসায়ী, ব্র্যাক ও আড়ংয়ের পদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শ্রেষ্ঠত্বের জন্য ছয়জন জামদানি কারুশিল্পীকে ‘অ্যাওয়ার্ড অব এক্সেলেন্স’ পুরস্কারে ভূষিত করা হয় এ অনুষ্ঠানে। প্রদর্শনীর শাড়িগুলোর আছে নানা বাহারি নাম- পানপাতা তেছরী, পাংখী, নকশি পোনা পাড়, বাঘের পাড়-লেজ ফুল, ঝুমকা ফুল, ঝুমকা বুটি, কহই পাড়, মাদুলি গিট্টু জাল আরও কত কি। প্রদর্শনীতে রাখা হয়েছে বয়নকাজের নানা ছবি, বিভিন্ন নকশার নাম ও পরিচিতিমূলক ছবি, তাঁতযন্ত্র। শাড়ির সঙ্গে মিলিয়ে আছে আড়ংয়ের তৈরি গয়না। শাড়ি তৈরি হয়েছে দেশীয় হাফ সিল্ক, নকশা জরি, সুতি ও পাট-সুতা আর প্রাকৃতিক রং দিয়ে। প্রদর্শনীতে শাড়ি ও গয়না কেনার জন্য বুকিং দেওয়া যাবে। কনেদের জন্য আছে কিছু শাড়ি আর ওড়নার ‘ব্রাইডাল জামদানি’র সম্ভারও। প্রদর্শনী চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। প্রতি শনি থেকে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা এবং শুক্রবার বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত।