জামদানির পরিচয় আর ঐতিহ্য রক্ষায়...
একে একে শিল্পিত ভঙ্গিতে হেঁটে আসছেন মডেলরা। সবার পরনে শাড়ি। আর শাড়িটা বাংলাদেশের জামদানি। স্বল্প সময়ের ছোট্ট এই ফ্যাশন শোয়ের উদ্দেশ্যই ছিল আমাদের ঐতিহ্যের জামদানির অমলিন আভিজাত্য তুলে ধরা। শীতলক্ষ্যার পাড়ে আমাদের তাঁতশিল্পীরা বংশপরম্পরায় যে জামদানি শাড়ি তৈরি করছেন, তার স্বকীয়তা ও অনন্য বৈশিষ্ট্য যেন ফুটে উঠল আরেকবার। কিন্তু প্রশ্ন, জামদানি কি তার এই ঐতিহ্য ধরে রাখতে পারবে? ফ্যাশন শোয়ের আগে হয়ে গেছে আলোচনা। ১৭ নভেম্বর ডেইলি স্টার সেন্টারে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার পত্রিকার সাপ্তাহিক ক্রোড়পত্র ‘স্টার লাইফস্টাইল’-এর আয়োজনে ‘জিওগ্রাফিক্যাল ইনডিকেশনের মাধ্যমে জামদানির ঐতিহ্য রক্ষা’ শিরোনামে একটা আলোচনার আয়োজন করা হয়। যাতে অংশ নেন দেশের কারুশিল্প খাতের বিশেষজ্ঞ, ডিজাইনার, উদ্যোক্তা, আইনজ্ঞ, সরকারি প্রতিনিধিসহ জামদানি উৎপাদক তাঁতশিল্পীরা। এ আলোচনায় ছিল দুটি অংশ। একটা হলো জামদানির জন্য আন্তর্জাতিকভাবে জিওগ্রাফিক্যাল ইনডিকেশন (জিআই) নিশ্চিত করা। কিছু জিনিস আছে যা মূলত কোনো নির্দিষ্ট একটি ভৌগোলিক এলাকার মানুষেরা সবচেয়ে ভালো উৎপাদন করতে পারে। সেটা যে সেই জায়গা, শহর বা দেশের—সেই স্বীকৃতিটা আন্তর্জাতিকতায় আনুষ্ঠানিকভাবে পেতে প্রয়োজন জিআই অর্জন। আলোচনার আরেকটি বিষয় ছিল জামদানির ঐতিহ্যবাহী নকশা ও বুননের সংরক্ষণ। কখনো বাড়তি কিছু যোগ করার (ভ্যালু অ্যাডিশন) নামে, কখনো বা ফিউশনের নামে চুমকি, পুঁতি, অ্যাপ্লিকসহ বাহারি লেইস ইত্যাদির ব্যবহার জামদানির স্বকীয় বৈশিষ্ট্য কি ক্ষুণ্ন করছে না? আদি নকশা ও বুননরীতি ঠিক রেখে জামদানির মান কীভাবে উন্নত করা যায় সে বিষয়ও উঠে আসে এই আলোচনায়। স্টার লাইফস্টাইল-এর সম্পাদক রাফ্ফাত বিনতে রশীদ সঞ্চালনা করেন পুরো আলোচনা। এই আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে তিনি জানান, ভারত ইতিমধ্যে জামদানির জিআই করার প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু জামদানি তো আমাদের দেশের। বাংলাদেশ থেকে জামদানির জিআই করানো ও এর ঐতিহ্য রক্ষার জন্য কী করা যায় তা বের করার প্রয়াস থেকেই এ আলোচনার আয়োজন। তিনি বলেন, ‘আমরা চাই আমাদের জামদানির মূল নকশা ও বুননরীতি অটুট থাক।’ ভারত তাদের ৩০০ পণ্যের জিআই করার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে ১৭৮টির জিআই নিবন্ধন হয়েও গেছে। বাকিগুলোর মধ্যে জামদানি শাড়িও আছে। এ বিষয়টিতে অরণ্যের ব্যবস্থাপনা পরিচালক রুবী গজনবী দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, জামদানির ঐতিহ্য এবং আসল পরিচয় যাতে হারিয়ে না যায়, সে ব্যাপারে বাংলাদেশ সরকারকেই উদ্যোগ নিতে হবে। জিআই আইনে জামদানির স্বীকৃতি পেতে সরকারকে এখনই উদ্যোগী হতে হবে।বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সদস্য। ডব্লিউটিওর ট্রিপস চুক্তির ২২ অনুচ্ছেদে বলা আছে জিআইয়ের কথা। এই জিআই নিশ্চিত করে দেয় কোনো একটি পণ্যের আদি ঠিকানা ঠিক কোন নির্দিষ্ট অঞ্চলে এবং সেই অঞ্চলের সেই পণ্যই আসল ও সেরা। বাংলাদেশের শীতলক্ষ্যা নদীর তীরেই মূলত জামদানি তৈরি হয়। কেননা এখানকার আবহাওয়া জামদানির উপযোগী। চাইলেও অন্য কোথাও প্রকৃত জামদানি তৈরি করা সম্ভব নয়। তাই আলোচকেরা একমত হন যে দ্রুত বাংলাদেশের উচিত হবে জামদানির জিআই করানো। আলোচনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আসা তাঁতশিল্পী মোহাম্মদ জাহাঙ্গীর অন্য সব দেশের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন—তাঁদের মতো মানসম্পন্ন জামদানি আর কেউ কি তৈরি করতে পারবে? আলোচনায় সাবেক অতিরিক্ত জেলা জজ মাহবুব মোরশেদ সরকারকে জিআই পর্যালোচনা করার আহ্বান জানান। এরপর বাংলাদেশে তৈরি জামদানির স্বকীয়তা তুলে ধরে জিআই করার কথা বলেন তিনি। সরকারি উদ্যোগ সম্পর্কে জানান শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক বিভাগের সহকারী রেজিস্ট্রার এস এম এনামুল হক। জিআই আইনে বাংলাদেশ যদি জামদানির নিবন্ধন করিয়ে নেয়, তবে অন্য কোনো দেশ তা নিতে পারবে না। ২০০৯ সাল থেকে এ ব্যাপারে কাজ হচ্ছে। প্রথম খসড়া জমাও দেওয়া হয়েছে। এটা পর্যালোচনা করে সংশোধিত খসড়া শিগগিরই জমা দেওয়া হচ্ছে। জামদানির জিআই পেতে ব্যক্তিগত বা আলাদা আলাদা প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সরকারকে সর্বাত্মকভাবে এগিয়ে আসতে হবে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সহসভাপতি চন্দ্রশেখর সাহা। বাংলাক্রাফটের সাবেক সভাপতি মালেকা খান বলেন, ‘জামদানি রক্ষার জন্য সবার একাত্মতা প্রয়োজন। সবাই মিলে সরকারকে চাপ দিলে এর জিআই করানোর উদ্যোগ নেওয়া হবে। যাতে ভারত বা অন্য কোনো দেশ জামদানির জিআই নিতে না পারে। শুধু তা-ই নয়, ভারতে বিভিন্ন সময়ে আমরা জামদানি রপ্তানি করেছি, সেই নথিপত্রও আমাদের কাছে আছে।’ হাজার হাজার নকশা আছে জামদানির। নতুন নতুন নকশা যোগ না করে বরং হারিয়ে যাওয়া মোটিফ ও নকশাগুলো পুনরুদ্ধার করার তাগিদ দেন আলোচকেরা। উদ্যোক্তাদেরও সচেতন হতে হবে। জামদানি বোনার জন্য ব্যবহূত সুতার ক্ষেত্রে সুতার কাউন্টের দিকে লক্ষ রাখতে হবে। রুবী গজনবী বলেন, ‘জামদানির ফিউশনের জন্য তাঁতিদের দোষ নিয়ে লাভ নেই। জামদানিকে জামদানির মতো রাখার দায়িত্ব আমাদের। নতুন কোনো নকশা সংযোজনের প্রয়োজন নেই।’ তাঁর সঙ্গে একমত পোষণ করেন বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি ও টাঙ্গাইল শাড়ি কুটিরের স্বত্বাধিকারী মনিরা ইমদাদ। তিনি জিআই বিষয়ে বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন সরকারের সহযোগিতা প্রয়োজন। শুধু জামদানির পরিচয় রক্ষায় নয়, শত বছরের পুরোনো এই শিল্পকে বাঁচিয়ে রাখাটাও জরুরি।’ ফ্যাশন ফর ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা বিবি রাসেল বলেন, ‘জামদানির প্রতি নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে আমি জামদানির মূল নকশা ও সুতার কাউন্ট ঠিক রেখে জামদানি শাড়ি তৈরি করেছি। ৮০ থেকে ১০০ কাউন্টের সুতায় অবশ্যই জামদানি তৈনি করতে হবে। আর বিশ্বের কাছে বাংলাদেশের পণ্য হিসেবে পরিচিত করতে যত তাড়াতাড়ি সম্ভব জিআই আইনের আওতায় নিবন্ধন করতে হবে। এর কোনো বিকল্প নেই।’ চন্দ্রশেখর সাহা জানান, জামদানিতে ভ্যালু অ্যাডিশন করা যায় শুধু মোটিফ ও লেআউটে। কিন্তু বুননশৈলীতে পরিবর্তন আনা যাবে না। জামদানির ঐতিহ্য অটুট রাখার প্রতি গুরুত্ব দেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক শ্রীমতী সাহা। আলোচনায় আরও অংশ নেন আড়ংয়ের মার্চেন্ডাইজিং বিভাগের সহকারী ব্যবস্থাপক আজিজা সুলতানা, ক্যানভাসের নির্বাহী সম্পাদক শেখ সাইফুর রহমান ও ডেইলি স্টার-এর নির্বাহী সম্পাদক সৈয়দ বদরুল আহসান।আলোচনায় তিন তাঁতশিল্পী মোহাম্মদ হামিদুল্লাহ, আবদুল বারেক ও মোহাম্মদ জাহাঙ্গীর জানান, ডিজাইন ও লে-আউট বিষয়ে আমাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। জামদানি তৈরিতে তাঁতিদের যথাযথ শিক্ষার প্রয়োজন আছেন। তাঁরা বলেন, ‘আমরাও চেষ্টা করি সঠিক কাউন্টের সুতা দিয়ে জামদানি বুনতে। কয়েক প্রজন্ম ধরে আমরা জামদানি শাড়ি বুনছি। বাংলাদেশের জামদানির যে বিশেষত্ব সেটি নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা পাড়ের তাঁতশিল্পীরাই কাপড়ে তুলে ধরতে পারেন।’ তাঁরা সরকারের কাছে ভালো মানের সুতা ও রং পাওয়ার নিশ্চয়তা চান। আর চান সরকারি নোয়াপাড়া নকশা কেন্দ্র থেকে দক্ষ ডিজাইনারদের নির্দেশনা। আলোচনার পরই ছিল জামদানি শাড়ির ফ্যাশন শো। শাড়িগুলো সরবরাহ করেছে টাঙ্গাইল শাড়ি কুটির। মডেলদের সাজিয়ে দিয়েছিলেন ফারজানা শাকিল।