জামদানির বুনন প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরাসরি দেখানো হচ্ছে জামদানির বুনন
সরাসরি দেখানো হচ্ছে জামদানির বুনন

টানা-পোড়েনে চলছে জামদানির বুনন! তবে এই ‘টানা-পোড়েন’ অভাব-অনটন অর্থে না। রাজধানীর জাতীয় জাদুঘরের নিচতলায় বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়ির বুনন প্রদর্শনী চলছে। সেখানেই তাঁতশিল্পীরা দর্শকদের বোঝাচ্ছেন টানা আর পোড়েনের অর্থ। তাঁতে লম্বাভাবে সাজানো সুতাকে বলে টানা, আর পোড়েন হচ্ছে চওড়া দিকে সাজানো সুতা। তাঁতিদের ভাষায় যা টানা-পোড়েন।
১৬ আগস্ট থেকে জাতীয় জাদুঘরের আয়োজনে দেশের এই ঐতিহ্যবাহী কাপড়ের বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। আয়োজন প্রসঙ্গে বাংলাদেশ জাতীয় জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদি শিল্পকলা বিভাগের উপপরিচালক নীরু শামসুন্নাহার বলেন, ‘আমাদের হাজার বছরের ঐতিহ্য মসলিনেরই একটি শাখা হচ্ছে জামদানি। দেশ-বিদেশের লোকজনের কাছে সেটাকে আরও ভালোভাবে তুলে ধরতেই প্রদর্শনীর ব্যবস্থা করেছি। অনেকের জামদানি তৈরির কৌশল জানার আগ্রহ থাকে। এখানে এসে সেই কৌতূহল মেটানোর একটা সুযোগ থাকছে।’
প্রদর্শনীতে বসানো তাঁতে বোনা হচ্ছে জামদানি। সবুজ মিয়া ও এনামুল হক নামের দুজন কারিগর মিলে সেখানে জামদানি তৈরি করছেন। নারায়ণগঞ্জের জামদানি কারিগর এনামুল হক বলেন, ‘১৯৮৮ সাল থেকে জামদানি বুনছি। জামদানি নিয়ে মানুষের আগ্রহ দেখে খুবই ভালো লাগে। একটি জামদানি শাড়ি তৈরি করতে যে পরিশ্রম, মেধা ও সময়ের দরকার হয় তাতেই এর দাম কিছুটা বেশি হয়ে যায়। আজকাল অনেক তাঁতি পেশা বদল করছে। তাদের ফিরিয়ে আনতে পারলে জামদানি তৈরি আরও বাড়ানো যাবে।’

প্রদর্শনী থেকে জামদানি শাড়ি ও থ্রিপিস কেনা যাবে। নকশার মধ্যে আছে আঙুরলতা পাড়, সন্দেশ ফুল, তেরছা নকশা, করলা পাড়, আদার ফানা, কলকা, মদন, তেরছা করাত, শাপলাসহ নানা কিছু। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সবার জন্যই উন্মুক্ত এই প্রদর্শনী।