জামানত গেল সব প্রতিদ্বন্দ্বীর
চট্টগ্রামের নয়টি আসনের পরাজিত ১৫ প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। প্রার্থীদের অভিযোগ, জাল ভোটের কারণে তাঁদের জামানত রক্ষা হয়নি।
নির্বাচনে নয়টি আসনে আওয়ামী লীগের সাতজন, তরীকত ফেডারেশনের একজন এবং জাতীয় পার্টির একজন বেসরকারিভাবে নির্বাচিত হন। মোট প্রার্থী ছিল ২৬ জন।
জাল ভোটের প্রতিবাদ জানিয়ে পটিয়া আসনের জাপা প্রার্থী সিরাজুল ইসলাম নির্বাচনের দিন দুপুরে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। সিরাজুল ইসলাম ১০ হাজার ১৯৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এখানে আওয়ামী লীগের সামশুল হক চৌধুরী এক লাখ ২৮ হাজার ২১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। জাপার সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনে যথেচ্ছ জাল ভোট পড়েছে। স্বাভাবিক ভোট হলে ১৫ শতাংশের বেশি ভোট পড়ত না। এ জন্য আমার জামানত বাজেয়াপ্ত হয়েছে।’
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পরিপত্র অনুযায়ী নির্বাচনে মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে জামানত বাজেয়াপ্ত হবে। এবার প্রতিটি প্রার্থীর জামানত ছিল ২০ হাজার টাকা। চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন এক লাখ ১৮ হাজার ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। এই আসনে ভোট পড়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ। সাতকানিয়া আসনের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনএফের জয়নাল আবেদিন কাদেরী চার হাজার ৪৪৮ ভোট পেয়ে জামানত হারান। তিনি বলেন, ‘এখানে জাল ভোটের উৎসব হয়েছে।’
ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, চট্টগ্রামের নয়টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ৬৮ দশমিক ৯২ ভোট পড়েছে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে। এখানে সাইফুজ্জামান চৌধুরী এক লাখ ৭৮ হাজার ৯৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপার তপন চক্রবর্তী পেয়েছেন মাত্র পাঁচ হাজার ৪১৮ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী বিএনএফের নারায়ণ রক্ষিত পান এক হাজার ৯৫৪।
সবচেয়ে কম ১৩ দশমিক ৯২ শতাংশ ভোট পড়ে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে। এখানে আওয়ামী লীগের আবদুল লতিফ ৬৪ হাজার ৯২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার পরও জামানত হারান জাপার কামাল উদ্দিন ও জাসদের জসিম উদ্দিন। এ ছাড়া চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে মাহমুদ হাসান ও নাজিম উদ্দিন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নুরুল আকতার চৌধুরী ও এম এ সালাম, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে দিদারুল আলম চৌধুরী, হায়দার আলী চৌধুরী ও আ ফ ম মফিজুর রহমান, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে আবু হানিফ, আরিফ মঈনুদ্দিন ও আলী আহমেদ এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে হায়দার আলী চৌধুরী জামানত হারান।
চট্টগ্রামের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শফিকুর রহমান বলেন, এবার চট্টগ্রামের নয়টি আসনে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামানত হারিয়েছেন।