জামাল উদ্দীনের প্রথম আলো সংগ্রহশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
শুধু মূল পত্রিকা নয়, ক্রোড়পত্রগুলোও আলাদাভাবে সংরক্ষণ করেছেন এইচ এম জামাল উদ্দীন। ছবি: সাদ্দাম হোসেন
শুধু মূল পত্রিকা নয়, ক্রোড়পত্রগুলোও আলাদাভাবে সংরক্ষণ করেছেন এইচ এম জামাল উদ্দীন। ছবি: সাদ্দাম হোসেন
অগণিত পাঠকের ভালোবাসা নিয়ে ৪ নভেম্বর ১৭ বছর পূর্ণ করেছে প্রথম আলো। অনেক পাঠক আছেন, যাঁরা প্রথম আলো শুধু পড়েনই না, সংরক্ষণ করেও রাখেন। তেমনই একজন খুলনার এ এইচ এম জামাল উদ্দীন। গত ১৩ বছরে প্রকাশিত প্রথম আলোর প্রতিটি সংখ্যাই আছে তাঁর সংগ্রহে

খুলনা নগরের শের-ই-বাংলা সড়কের ৩৪২ নম্বর বাড়ি। বহুতল এ বাড়ির নিচতলায় রয়েছে কয়েকটি কক্ষ। সে কক্ষগুলোতে গিয়ে মনে হবে যেন লাইব্রেরি। অনেকগুলো শেলফ সেখানে। তাকে তাকে রাখা আছে বই আর পত্রপত্রিকা। একটি কক্ষে শুধুই প্রথম আলো। গত ১৩ বছরের প্রথম আলোর প্রতিটি সংখ্যাই আছে এই কক্ষে। প্রথম আলো পত্রিকা এতটাই সযত্নে রাখা যে মনে হবে এগুলো আনকোরা। নষ্ট হয়নি একটি সংখ্যাও। শুধু সময়ের বিবর্তনে সামান্য হলদেটে হয়ে গেছে। এর মধ্যে বিশেষ সংখ্যাগুলো আলাদাভাবে সংরক্ষণ করা। প্রথম আলোর ক্রোড়পত্রগুলোও আলাদা আলাদাভাবে রয়েছে। রস+আলো বা ছুটির দিনের পুরোনো সংখ্যা আলাদা আলাদাভাবে বাঁধাই করা আছে এখানে। সাময়িকী, নকশা ইত্যাদি ক্রোড়পত্রের সংখ্যাগুলো আছে আলাদা আলাদা বান্ডিলে।

এইচ এম জামাল উদ্দীন। ছবি: সাদ্দাম হোসেন
এইচ এম জামাল উদ্দীন। ছবি: সাদ্দাম হোসেন

আলাদাভাবে সংরক্ষণ করে রাখা আছে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস সম্পর্কে প্রথম আলোতে প্রকাশিত সব খবর ও ছবি, ২০০৪ সালের ২৮ জানুয়ারি প্রথম আলোয় মাদকবিরোধী প্রতিযোগিতা উপলক্ষে প্রকাশিত বিশেষ ক্রোড়পত্রটি। তা ছাড়া প্রথম আলোতে প্রকাশিত বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ সংবাদগুলোও আলাদাভাবে সংরক্ষণ করে রাখা আছে এখানে। এটা প্রথম আলোর কোনো লাইব্রেরি নয়। প্রথম আলোর পাঠক এ এইচ এম জামাল উদ্দীনের ব্যক্তিগত সংগ্রহশালা এটা। জামাল উদ্দীন খুলনায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনিয়মিত শিক্ষক এবং বাংলাদেশ ডিবেটিং সোসাইটির পরিচালক। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার পাতাকাটা গ্রামে তাঁর বাড়ি। থাকেন খুলনা শহরে ভাড়া বাসায়। ভাড়া বাসায় থাকার কারণে মাঝে মাঝে বাসা বদল করলেও তিনি প্রথম আলোর এসব সংখ্যা হাতছাড়া করেননি।
ওই ঘরে বসেই কথা হয় জামাল উদ্দীনের সঙ্গে। সংগ্রহের নমুনা দেখতে চাইলে তিনি একের পর এক বের করতে থাকেন পুরোনো সংখ্যাগুলো। তিনি বলেন, ‘১৯৯৮ সালের ৪ নভেম্বর যখন প্রথম আলোর প্রথম সংখ্যাটি প্রকাশিত হয় তখন আমি ঢাকায় থাকতাম। এক বন্ধুর মাধ্যমে শুনি নতুন একটি পত্রিকা বের হচ্ছে। তারপর সংখ্যাটি সংগ্রহ করে পড়ি। ভালো লাগায় হকারকে বলে দিই অন্য পত্রিকার সঙ্গে মাঝে মাঝে প্রথম আলো দিতে। এরপর কয়েক দিন অন্য পত্রিকার সঙ্গে মান যাচাই করে নিয়মিত নেওয়া শুরু করি প্রথম আলো।’ তখন থেকেই তিনি সঙ্গী প্রথম আলোর।
কর্মসূত্রে ২০০০ সালে সিলেট এবং ২০০১ সালে আবার ঢাকায় থাকার সময়ও তিনি প্রথম আলো সংরক্ষণ করতেন। কিন্তু ২০০৩ সালে খুলনায় চলে আসার পর সেগুলো নষ্ট হয়ে যায়। ২০০৩ সালের মার্চ থেকেই তিনি মূলত প্রথম আলোর সংখ্যাগুলো সংরক্ষণ করছেন।
কেন প্রথম আলো পড়েন? জামাল উদ্দীন বলেন, ‘দুটো কারণে প্রথম আলো পড়ি। একটি হলো আস্থা। প্রথম আলো সব সময় অনেক যাচাই-বাছাই করে সংবাদ পরিবেশন করে আর প্রকাশিত সংবাদগুলো থাকে অনেক তথ্যবহুল। অন্যটি তারুণ্যের খোরাক। তরুণদের উদ্বুদ্ধ করে এমন সংবাদ থাকে প্রথম আলোতে। পত্রিকাটি পড়ে একজন অসহায় মানুষও মনের মধ্যে নতুন স্বপ্ন দেখতে পারেন।’
জামাল উদ্দীনের মতে, প্রথম আলোর ছুটির দিনের সংখ্যাগুলো হলো দ্বিতীয় বাংলাপিডিয়া। প্রথম আলোকে শুধু পত্রিকা বলতে রাজি নন জামাল উদ্দীন। কারণ, মাদকবিরোধী প্রচারণা, অ্যাসিডদগ্ধদের জন্য তহবিল গঠন, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে তাৎক্ষণিকভাবে দুর্গত ব্যক্তিদের পাশে দাঁড়ানো, গণিত অলিম্পিয়াড, ভাষা প্রতিযোগ থেকে শুরু করে অনেক কিছুই করে প্রথম আলো। তিনি বলেন, ‘একটি পত্রিকা যে এত কিছু করতে পারে, তা আগে কেউ ভাবতে পারেনি।’
প্রথম আলোকে নিজের সন্তানের মতোই মনে করেন জামাল উদ্দিন। এ কারণে প্রথম আলোর পুরোনো সংখ্যাগুলোকে বারবার টেনে নিতেও কোনো সমস্যা হয় না তাঁর। পত্রিকা সংরক্ষণের জন্য একটি জায়গাও ছেড়ে দিয়েছেন তিনি।