জামালখানের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
নগরের জামালখান মোড়ের ডা. এম এ হাশেম চত্বরের এখন অন্য রূপ। চত্বর ঘিরে নির্মাণ করা হয়েছে কৃত্রিম ফোয়ারা। সন্ধ্যার পর পানির ফোয়ারার সঙ্গে আলোকসজ্জা নতুন মাত্রা যোগ করে l প্রথম আলো
নগরের জামালখান মোড়ের ডা. এম এ হাশেম চত্বরের এখন অন্য রূপ। চত্বর ঘিরে নির্মাণ করা হয়েছে কৃত্রিম ফোয়ারা। সন্ধ্যার পর পানির ফোয়ারার সঙ্গে আলোকসজ্জা নতুন মাত্রা যোগ করে l প্রথম আলো
এই ওয়ার্ডের প্রতিটি ইট পাথরের গাঁথুনি, অলি-গলি, রাজপথ, ঘরবাড়ি, দালানকোঠার পরতে পরতে ইতিহাসের পরম্পরা; ঐতিহাসিক ঘটনার ঘনঘটা। কান পাতলে শোনা যায় কালে কালে নানা ঐতিহাসিক ব্যক্তিত্বের পদচারণ

আন্দরকিল্লা চট্টগ্রামের রাজধানী। কিন্তু জামালখানের মতো পয়মন্ত নয়। আন্দরকিল্লার আগে চকবাজার এবং তারও আগে ১৮৯৬-৯৭ সালের পর পরীর পাহাড়ে আদালত ভবন ও সংলগ্ন পানির র পাহাড়ে এডিএমের বাসভবন (সাহিত্যিক অন্নদাশংকর রায় যখন চট্টগ্রামের এডিএম ছিলেন, তখন তাঁর অফিসও এখানেই ছিল) এবং সিভিল সার্জনের অফিস স্থাপিত হওয়া থেকে ১৯০৪ সালে আন্দরকিল্লায় পৌরসভা স্থানান্তরিত হওয়ার পূর্ব পর্যন্ত লালদীঘি এলাকা চট্টগ্রামের রাজধানী ছিল। আদালত, এন্তেকালী পাহাড় (বর্তমানে ডিবি ও এসপি অফিস), কোতোয়ালি, জেলখানা ইত্যাদির পরপর অবস্থান প্রমাণ করে লালদীঘি একসময় চট্টগ্রামের নাভি ছিল।

কিন্তু জামালখান যে মনের জানালা খুলে সবার ওপর টেক্কা দিয়ে বসে আছে। এই ওয়ার্ডের প্রতিটি ইটপাথরের গাঁথুনি, অলি-গলি, রাজপথ, ঘরবাড়ি, দালানকোঠার পরতে পরতে ইতিহাসের পরম্পরা; ঐতিহাসিক ঘটনার ঘনঘটা। কান পাতলে শোনা যায় কালে কালে নানা ঐতিহাসিক ব্যক্তিত্বের পদচারণ। এখন যেটা হিন্দু ফাউন্ডেশনের মৈত্রী ভবন, সেটা ছিল হরিখোলার মাঠ। ১৯৫১ সালে সেখানে পূর্ব পাকিস্তানের প্রথম সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। দুই বাংলা থেকে সাহিত্য-সংস্কৃতির রথী-মহারথীরা সেই সম্মেলনে অংশ নিয়েছিলেন। সাতচল্লিশে পাকিস্তান প্রতিষ্ঠার পর মুসলিম জাতীয়তার আবহে সাময়িক দিশেহারা পূর্ববঙ্গের বাঙালি এই সম্মেলন থেকেই অসাম্প্রদায়িক বাঙালি সংস্কৃতিচর্চার প্রেরণা পায়।
সেই জামালখান নগরায়ণেরও পথিকৃৎ। প্রথমে সম্ভবত মেয়র মীর নাছিরের আমলে হেলদি ওয়ার্ড, তারপর বর্তমান মেয়র আ জ ম নাছিরের আমলে ক্লিন সিটি, গ্রিন সিটির এক্সপেরিমেন্ট। জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন তাঁর যোগ্য শিষ্যই বটে। শৈবাল ডোর টু ডোর আবর্জনা সংগ্রহের জন্য হলুদ ঝুড়ি বসিয়ে দিয়েছেন জামালখান ওয়ার্ডের আনাচকানাচে, ঘরদোর, দোকানপাটের সম্মুখে। চেরাগী পাহাড়ের পূর্ব-পশ্চিম পার্শ্ববর্তী সড়কদ্বীপ ও বিভাজকে ছোট ছোট ল্যাম্পপোস্ট বসিয়ে বিজলির সন্ধ্যাদীপ জ্বালিয়ে মেট্রোপলিটন শহরে স্বপ্নিল রাতের আমেজ এনে দিয়েছেন। লায়াল সাহেব, কার্কউড, ম্যাকেঞ্জি, ওল্ডহ্যাম সাহেবরা যখন এই শহর শাসন করতেন তখন যেমন গ্যাসোলিনের বাতিতে শহরে একসময় স্বপ্নাচ্ছন্ন পরিবেশ রচিত হতো, জামালখানের বাতিও তেমন হীরক দ্যুতি ছড়াচ্ছে।
জামালখান সড়কের উত্তর প্রা‌িন্তক মোড়ে ভাস্কর অলক রায়ের তৈরি ডা. এম এ হাশেমের ভাস্কর্য-শোভিত ও তাঁর নামাঙ্কিত স্কয়ার নবরূপে সাজানো হয়েছে। বৃত্তাকার স্কয়ারের পরিধি আরও বেড়েছে। মাঝখানে ‘ফোয়ারা’ তৈরির কাজও সম্পন্ন হয়েছে। ডা. হাশেম স্কয়ার যেখানে হচ্ছে তার পূর্বদিকে ডা. অন্নদাচরণ খাস্তগীর গার্লস হাইস্কুল। ডা. অন্নদাচরণ চট্টগ্রামের রেনেসাঁর অগ্রদূত। তাঁর স্মৃতি রক্ষায় চট্টগ্রামে আজও কিছু হলো না, এটা বড়ই পরিতাপের বিষয়। ডা. হাশেমের মতো ডা. খাস্তগীরের স্মারক কোনো স্থাপনা প্রতিষ্ঠিত করা যায় কি না, তা সক্রিয়ভাবে বিবেচনা করে দেখার জন্য আমি জামালখান ওয়ার্ড কাউন্সিলরের প্রতি অনুরোধ করছি।
ডা. হাশেম চট্টগ্রামের অন্যতম মনীষী, তাঁর মতো জনদরদি, মানবতাবাদী চিকিৎসক চট্টগ্রামে খুবই কম জন্মগ্রহণ করেছে। বিনা ফিতে, আধা ফিতে গরিব-দুঃখী মানুষের চিকিৎসা করে তিনি কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ৪৩-এর দুর্ভিক্ষ, কাঁহারপাড়ার ঘটনায় ডা. হাশেমের মানবসেবার কোনো তুলনা হয় না। ডা. হাশেমের নামে সিটি করপোরেশন যে স্কয়ার নির্মাণ করছে, এটি তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের সামান্য প্রয়াস মাত্র।
এমনিভাবে চট্টগ্রামে আরও যেসব মনীষী, জ্ঞানীগুণী ব্যক্তিগণ আছেন, তাঁদের স্মরণে যদি আরও নানা প্রয়াসের প্রবর্তন হয়, তাহলে আমাদের কৃতজ্ঞতাই প্রকাশ পাবে। আমাদের জন্য, চট্টগ্রামের জন্য তাঁদের যে অবদান, তাঁদের জীবনব্যাপী সাধনায় বিনির্মিত চট্টগ্রামের সমাজ ও সভ্যতা, যার উত্তরাধিকার বহন করে আমরা ঋদ্ধ ও গর্বিত, সেসব স্মরণ করে যত ভাস্কর্য, যত স্থাপত্য, যত নির্মাণ, যত স্থাপনা স্থাপিত হবে, ততই আমরা সুসভ্য, সংস্কৃত, কৃতজ্ঞ জাতি হিসেবে পরিচিত ও পরিগণিত হব। তেজারতিতে চট্টগ্রাম বরাবরই তেজি; কিন্তু মানস সম্পদেও যে সে রীতিমতো ধনী, এ খবরটাও চাউর হওয়া দরকার।
চট্টগ্রাম ও কলকাতা—এই দুই মহানগরেরই উন্নতিতে ডা. অন্নদাচরণ খাস্তগীর অবদান রেখেছেন। দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, পণ্ডিত শিবনাথ শাস্ত্রী, বিপিনচন্দ্র পাল প্রমুখ সমসাময়িক মনীষীদের অন্যতম ডা. খাস্তগীর ছিলেন ব্রাহ্ম সমাজের প্রখ্যাত নেতা-বাংলার নবজাগরণে যাঁদের অবদান চিরস্মরণীয়। বিধবা বিবাহ–সংক্রান্ত কর্মকা‌েল তিনি বিদ্যাসাগরের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন।
বিদ্যালয় ছাড়া ডা. খাস্তগীরের নামে কিছু নেই সে কথা আগেই বলেছি। স্কুল পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনা করে প্রবেশপথে কিংবা সম্মুখের সীমানাপ্রাচীর ভেঙে ডা. খাস্তগীরের স্ট্যাচু, ফোয়ারা, লাইট অ্যান্ড সাউন্ড ইত্যাদি স্থাপন করা যেতে পারে। এটা বড় কাজ। মেয়র মহোদয়, জেলা প্রশাসন, শিক্ষা দপ্তরকে সম্পৃক্ত করে এলাকার কাউন্সিলর যদি কোনো উদ্যোগ নিতে পারেন, তাহলেই সেটা সম্ভব হতে পারে। খাস্তগীর স্কুল থেকে আর একটু দক্ষিণে এগিয়ে গেলে প্রেসক্লাবের সম্মুখে রাস্তার পূর্ব পাশে শাহ ওয়ালীউল্লাহ ইনস্টিটিউট নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান দেখা যাবে। এটি চট্টগ্রামের আরেক মহামনীষী বাংলায় স্বাদেশিকতার উদগাতা, পলাশীর যুদ্ধকাব্যের রচয়িতা মহাকবি নবীন চন্দ্র সেনের বাসভবন। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এই ভবনটি চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক ওমর ফারুক জামায়াতপন্থীদের ইজারা দিয়েছেন, যার নতিজা শাহ ওয়ালীউল্লাহ ইনস্টিটিউট। এটি নবীন সেনের প্রথম বাসভবন। ঝড়ে বিধ্বস্ত হয়ে গেলে তিনি কবির কল্পনা মিশিয়ে দ্বিতীয় বাসভবন নির্মাণ করেন সার্সন রোডের পশ্চিম পার্শ্ববর্তী পাহাড়ে। আত্মজীবনীতে কবি লিখেছেন, তাঁর ওই বাসভবন থেকে আস্কর খাঁর দীঘির কাকচক্ষু টলটলে কালো জল দেখা যেত। শাহ ওয়ালীউল্লাহ ইনস্টিটিউটের ইজারা বাতিল করে নবীন সেনের প্রথম বাসভবন উদ্ধার করা আদৌ সম্ভব কি না, আমি জানি না। পুরোনো স্থাপনা ভেঙে সেখানে এখন নতুন ভবন নির্মাণ করা হয়েছে। ওমর ফারুক চট্টগ্রামের ডিসি থাকাকালে যেখানে যত ঐতিহ্যপূর্ণ স্থান পরিত্যক্ত অবস্থায় পেয়েছেন জামায়াতী, দক্ষিণপন্থী লোকজনকে দরাজ হস্তে বিলিয়ে দিয়েছেন। এমনিভাবে যাত্রা মোহন সেন ও জে এম সেনগুপ্তের বাসভবনটিও বেহাত হয়ে যায়। তারপরও প্রথমে এখানে বাংলা কলেজ ও পরে ‘শিশুবাগ’ নামে একটি স্কুল স্থাপিত হয়, যা এখনো বিদ্যমান আছে। বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী ও আইনজীবী এমদাদুল ইসলাম অনেক কাঠখড় পুড়িয়েও ভবনটি উদ্ধার করতে পারেননি। এখন সিটি করপোরেশন উদ্যোগ নিলে এটি উদ্ধার হলেও হতে পারে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, ১৯২১ সালে আসাম-বেঙ্গল রেলওয়ের ধর্মঘট পরিচালনার জন্য দেশপ্রিয় তাঁর ওই ঐতিহাসিক বাসভবনটি, যেখানে মহাত্মা গান্ধী, দেশবন্ধু সি আর দাশ, মাওলানা মোহাম্মদ আলী, মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, হেমন্ত সরকারসহ ভারত-বিখ্যাত নেতারা এসেছিলেন—সেটি ৪০ লাখ টাকা ঋণ নিয়ে মহালক্ষ্মী ব্যাংকের কাছে বন্ধক দিয়েছিলেন। আপাতত জে এম সেন হলকে নিয়ে পিতা-পুত্রের স্মৃতি রক্ষায় তাঁদের স্ট্যাচু নির্মাণ করা যায় কি না, ভেবে দেখতে পারে সিটি করপোরেশন। ভুলে গেছি চেরাগী পাহাড়ের কথা। ‘চট্টগ্রাম’ নামের উৎপত্তির এক কিংবদন্তি চেরাগী পাহাড়টা যখন মাটির ঢিবি ছিল, সন্ধ্যায় পাহাড় চূড়ায় কেউ সাঁঝবাতি জ্বালিয়ে দিত, তখন তার পাশ দিয়ে হেঁটে যেতে যেতে গা ছমছম করত। সেই মাটির চৈত্য যেদিন মেয়র মীর নাছির পাকা করেছিলেন, সেদিন অপরাজেয় বাংলাখ্যাত ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদের সঙ্গে আমি তা দেখতে গিয়ে খুবই কষ্ট পেয়েছিলাম। খালিদ সখেদে বলেছিলেন, এরা মনে করে কী? সব পাকা করে দিলেই বুঝি সৌন্দর্য বাড়ে। ইট, লোহা, সিমেন্টের আকাশছোঁয়া স্থাপনার ফাঁকে এবং পিচঢালা রাজপথ ধরে চলতে চলতে হঠাৎ যদি গাছপালা ও কুঁড়ে সমেত একটি মাটির স্তূপ জেগে ওঠে, তখন সেখানে যে নিসর্গের মাতামাতি শুরু হয়ে যায়, তার মধ্য দিয়ে হাজার বছরের চট্টগ্রাম কথা কয়ে ওঠে। এভাবেই তো এর স্থাপত্য-পরিকল্পনা করা উচিত ছিল।
চেরাগী পাহাড় থেকে দুই শ গজ উত্তরে লিচুবাগানের পাশে ব্যারিস্টার ড. সানাউল্লাহর বাসভবন। তিনি মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও ইকু্যইটির চেয়ারম্যান ডা. মইনুল ইসলাম মাহমুদের নানা এবং সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের ফাদারলি ফিগার ছলিমউল্লাহ ভাইয়ের বাবা। তিনি ১৯৩২ ও ৩৩ সালে দুবার আইসিএস পরীক্ষা পাস করেও চাকরিতে যোগ দেননি। ১২ বছর কলকাতা হাইকোর্টে কৃতিত্বের সঙ্গে আইন পেশা চালিয়ে যান। ১৯৩৭ থেকে ৪৬ সাল পর্যন্ত তিনি বঙ্গীয় প্রাদেশিক পরিষদের নির্বাচিত সদস্য এবং চট্টগ্রাম জেলা বোর্ড ও স্কুল বোর্ডের নির্বাচিত সভাপতি ছিলেন। তিনি ১২ বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের পরীক্ষক, প্রশ্নপ্রণেতা, প্রধান পরীক্ষক, টেবুলেটর এবং আরবি, ফারসি ও ইসলামের ইতিহাসের খণ্ডকালীন প্রভাষক ছিলেন। তিনি একজন স্বাধীনতাসংগ্রামী ও অসাম্প্রদায়িক জাতীয়তাবাদী নেতা ছিলেন। ১৯৪৬ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের ওলামা ফ্রন্ট জমিয়তুল ওলামায়ে হিন্দের মনোনীত প্রার্থী হিসেবে হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান আসন থেকে বঙ্গীয় প্রাদেশিক পরিষদের সদস্যপদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। এ কারণে মুসলিম লীগের গুলা বাহিনী বিভিন্ন স্থানে তাঁর নির্বাচনী সভা ও সফরে হামলা চালায়। লিচুবাগানে কি তাঁর কোনো স্ট্যাচু স্থাপন করা যায়?
এতক্ষণ বিপ্লবীদের কথা বলা হয়নি। কিন্তু চট্টগ্রাম তো বিপ্লবের সূতিকাগার। বিপ্লবীদের কথা না বললে কোনো আলোচনাই সম্পূর্ণ হতে পারে না। বিপ্লবের মহানায়ক মাস্টারদা সূর্য সেন ও বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার একদা জামালখান ওয়ার্ডে বসবাস করতেন, এ কথা মনে হলে এই ওয়ার্ডের গৌরব অনেকখানি বেড়ে যায়। দেওয়ানিজ পুকুরের পূর্ব পাড়ে অনুশীলন সমিতির চারু বাবুসহ মেস করে থাকতেন মাস্টারদা। পরে একাও থেকেছেন এবং বিয়ের পর স্ত্রী পুষ্প কুন্তলা দেবীকেও এখানে রাখেন। দেওয়ানজি পুকুরপাড়ে শহীদ বেিদ আছে, ধর্মীয় স্থাপনা আছে। কিন্তু মাস্টারদার কোনো স্মারক নেই।
শুধু জামালখানের কথাই কেন বলি, মাস্টারদার চিরস্মরণীয় স্মৃতিকে অমর করে রাখার জন্য গোটা চট্টগ্রামেও বা কোথায় কী হয়েছে?
এত বড় মহানগর চট্টগ্রাম, পরাধীনতার দাসত্বের শৃঙ্খল ছিন্ন করে যার বুকে একদিন তিনি স্বাধীনতার পতাকা উড়িয়েছিলেন, সেই চট্টগ্রামে মাস্টারদার নামে একটি স্মৃতিসৌধ নির্মাণ বা কোনো উদ্যানের নামকরণ, নিদেনপক্ষে একটি স্মৃতিফলক স্থাপনের জন্য তিল পরিমাণ জায়গা ছেড়ে দিতেও আমরা কত কুণ্ঠিত! জেএমসেন হলে তাঁর একটি আবক্ষ ভাস্কর্য আছে; কিন্তু যাঁর বৈপ্লবিক অভ্যুত্থানের জন্য চট্টগ্রাম পেয়েছিল ভারতজোড়া খ্যাতি, এমনকি ভারতেশ্বরীর বাসভূমি ইংল্যান্ডেও যার ঢেউ আছড়ে পড়েছিল, সেই মহানগরে মাস্টারদার প্রমাণ আকৃতির একটি স্ট্যাচু থাকবে না, তা–ও কি হয়? বীরকন্যা প্রীতিলতার পৈতৃক বাসভবন ছিল আসকর দীঘির দক্ষিণে। প্রীতিলতার ডাকনাম ছিল ‘রানী’, সেই নামেই তাঁর পিতা চট্টগ্রাম পৌরসভার হেডক্লার্ক জগদ্বন্ধু ওয়াদ্দেদার মাটির ঘরটি নির্মাণ করে নাম দিয়েছিলেন ‘রানী কুটির’। সেই কুটির এখনো আছে, তবে বিক্রি হয়ে গেছে। যিনি কিনেছেন, তিনি নাম পরিবর্তন করেননি এবং আমি শুনেছি, প্রীতির স্মৃতিরক্ষায় সেখানে কোনো ফলক স্থাপন করা হলে তাঁর কোনো আপত্তি থাকবে না।
এবার দুজন বিখ্যাত জমিদার, যাঁরা একসময় চট্টগ্রামের শ্রেষ্ঠ জমিদার হিসেবে বিবেচিত হতেন, পরৈকোড়ার সেই প্রসন্ন কুমার রায় ও যোগেশ চন্দ্র রায়ের কথা বলে রচনার উপসংহার টানব। দেওয়ানজি পুকুরপাড়ের উত্তর পাশে যে পাহাড়ি অঞ্চল, সেটি দেওয়ানবাড়ি হিল নামে পরিচিত। প্রসন্ন বাবুর পূর্বপুরুষের নামেই এই নামকরণ। গুড সাহেব লেনের দক্ষিণ পাশে ছিল প্রসন্ন বাবুর বাসভবন। দিদার মার্কেটের সম্মুখে সিরাজদ্দৌলা রোডের পশ্চিম পাশে উঁচু টিলা, যেখানে পানি উন্নয়ন বোর্ডের একটি অফিস এবং রহমতগঞ্জ রোডের পূর্ব পাশে, যেখানে সওজ ও গণপূর্ত বিভাগের স্থাপনাগুলো আছে, সেগুলোসহ পূর্ব পার্শ্বস্থিত পাহাড়ি অঞ্চলটি যোগেশ বাবুর মালিকানাধীন ছিল। রহমতগঞ্জে যেখানে ডা. ডি মুৎসুদ্দীর চেম্বার আছে, তাঁর উত্তর-পশ্চিমে ছিল দোহাজারীর এক হাজারী পাঠান সেনাপতি আধু খাঁর বংশধর জমিদার ফজল আলী খাঁ, যাঁকে কবি নবীন সেন চাচা বলে মান্য করতেন, তাঁর বাসভবন ছিল। তাঁর পালিত কন্যা নূর চেমনা বিবি সম্ভবত এই সব সম্পত্তির কিছু বিক্রি, কিছু দান করে দেন। তিন জমিদারের স্মৃতিও সংরক্ষণযোগ্য বলে আমি মনে করি।
লেখক: সাংবাদিক