জামালপুরে কেক প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেবিলজুড়ে বাহারি রং আর স্বাদের জন্মদিনের কেক। এটা দেখলে মনে হয়, ওটাই ভালো। ওটা দেখলে মনে হয়, এটাই ভালো। দেখতে দেখতেই ভিড় জমে গেল। অনেকেই কেক কিনলেন। ১৪ ও ১৫ ফেব্রুয়ারি জামালপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে হয়ে গেল কেক প্রদর্শনী। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এ প্রদর্শনীর আয়োজন করেন শাকিলা আশরাফ। প্রদর্শনীর উদ্বোধন করেন জামালপুর পৌরসভার মেয়র শাহ মো. ওয়ারেছ আলী মামুন।শাকিলা আশরাফ নারীদের জন্য একটি সৌন্দর্যচর্চাকেন্দ্র পরিচালনা করে আসছেন ২০ বছর ধরে। ঘরে বসে বাড়তি আয় এবং নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য চালু করেছেন জন্মদিনের কেকসহ বিভিন্ন খাবার তৈরির কাজ। এটি এখন ‘অনন্যা হোম সার্ভিস’ নামে পরিচিত। এবারের প্রদর্শনীতে প্রায় আট ধরনের ৩০০ কেক ও বিভিন্ন স্বাদের বার্গারসহ দেশি পিঠা স্থান পায়। পেস্ট্রি, চকলেট, ভ্যানিলা, অরেঞ্জ, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, ডোনাট কেক ইত্যাদি ছিল এখানে। শুধু দেখতেই সুন্দর নয়, ময়দা, চিনি, খেজুর গুড়, ডিম, মাখন, ফল, চকলেট দিয়ে তৈরি এসব খাবার খেতেও সুস্বাদু। দাম একটু বেশি হলেও ঘরোয়া পরিবেশে তৈরি বলে নিশ্চিন্ত মনে দর্শনার্থীদের এসব খাবার কিনতে দেখা গেছে। প্রদর্শনী দেখতে আসা রমজানা ইয়াসমিন বলেন, ‘হাতে তৈরি এসব কেক মানসম্মত এবং সুস্বাদু বলে কিনছি।’ আরেক দর্শক নীদি বলেন, ‘জামালপুরে এ প্রদর্শনীর আয়োজন দেখে খুবই ভালো লাগছে। এ ধরনের প্রদর্শনীর আয়োজন নারীদের সৃষ্টিশীল কাজ করার আগ্রহ বাড়িয়ে দেয়।’আয়োজক শাকিলা আশরাফ বলেন, মানুষ যাতে এসব খাবারের সঙ্গে পরিচিত হতে পারে এবং ভালো খাবার কিনতে পারেন, সে জন্যই এ আয়োজন। ঘরোয়া পরিবেশে তৈরি এসব ফাস্টফুড স্বাস্থ্যসম্মত। ঘরে বসেও যে আয় করা যায়, প্রদর্শনীতে এসে অন্য নারীরা তা জানতে পারেন।