জামালপুরে বিতর্ক উত্সব

‘বিতর্কে আলোর পথ’। এই স্লোগানে আন্তস্কুল বিতর্ক উত্সব অনুষ্ঠিত হলো ৮ এপ্রিল। বিতর্ক অনুষ্ঠানে বন্ধুসভার সহযোগী ছিল জাতিসংঘ জনসংখ্যা তহবিল ও জামালপুর জেলা পুলিশ। অনুষ্ঠানের ১৫-২০ দিন আগে থেকেই জামালপুর বন্ধুসভার বন্ধুরা বেশ কয়েকবার মিটিংয়ের মাধ্যমে দায়িত্ব বণ্টন করে কাজ শুরু করেন। প্রথম পর্যায়ে স্কুলে স্কুলে গিয়ে বিতর্ক অনুষ্ঠানের চিঠি বিলি করা হয়। নানা কাজের মধ্যে কেউবা ব্যস্ত ছিলেন সার্টিফিকেট, ব্যানার, ফেস্টুন বানানোর কাজে, আবার কেউবা ব্যস্ত ছিলেন রাত জেগে পোস্টার লেখালেখিতে, আবার আরেক টিম ব্যস্ত ছিল মঞ্চ পরিকল্পনা, উপস্থাপনা ও অতিথিদের তালিকা করতে।

খুব সকালে সবার আগে ভেন্যুতে উপস্থিত হয় সরিষাবাড়ী উপজেলার যমুনা সার কারখানা উচ্চমাধ্যমিক বিদ্যালয়। তারপর একে একে সব স্কুল উপস্থিত হতে শুরু করে। সকাল থেকেই ছিল প্রখর রোদ আর গরম। গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করে সব স্কুল যথাসময়ে তাদের নিবন্ধন সম্পন্ন করে। সকালের নাশতা শেষ করার পর প্রতিযোগীরা তাদের টি-শার্ট, ফাইলসহ আনুষঙ্গিক দ্রব্যাদি সংগ্রহ করে। ‘নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে’ করণীয় বিষয়ে লটারির মাধ্যমে পক্ষ-বিপক্ষ দল এবং বিতর্কের পক্ষ-বিপক্ষ নির্ধারণ করা হয়। এরপর শুরু হয় মূল প্রতিযোগিতা। সেরা চার দল নির্ধারণ হওয়ার পর দুপুরের খাবারের বিরতি দেওয়া হয়। ইতিমধ্যে বন্ধুসভার সভাপতি সাইদুজ্জামান রওশন উপস্থিত হন। একসঙ্গে চলে আড্ডা, কুশলবিনিময় আর ফটোসেশন। তিনি সবার সঙ্গে বাকি দুই রাউন্ডের প্রতিযোগিতা উপভোগ করেন।
প্রতিযোগিতায় বিচারকেরা তাঁদের বিচারকার্য সুষ্ঠুভাবে সম্পন্ন করেন। চূড়ান্ত রাউন্ডে সরিষাবাড়ী উপজেলার যমুনা সার কারখানা মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও জামালপুর জিলা স্কুলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে চ্যাম্পিয়ন হয় সরিষাবাড়ীর যমুনা সার কারখানা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের দলনেতা শাহ সাকিব সোবহান।
প্রতিযোগিতা শেষে ছিল মুক্ত আলোচনা। নতুন সদস্যরা রওশন ভাইয়ের আলোচনায় পেল সামনের দিনগুলোতে পথ চলার অনুপ্রেরণা। সবার অক্লান্ত পরিশ্রম ও সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে সম্পন্ন হলো বিতর্ক প্রতিযোগিতা।
সভাপতি, জামালপুর বন্ধুসভা।