জামায়াত নেতার নামে সরকারি বিদ্যালয়ের নামকরণ, উত্তেজনা
কক্সবাজারের চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের ফাদুখোলা গ্রামে জামায়াত নেতা হাকিম আবদুল গণির নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ হওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় লোকজন বিদ্যালয়টি মুক্তিযোদ্ধা শহীদ আবদুল হামিদের নামে প্রতিষ্ঠার দাবি জানান। জানা যায়, সরকার সারা দেশে ‘বিদ্যালয়বিহীন গ্রামে দেড় হাজার প্রাথমিক বিদ্যালয় স্থাপন’ প্রকল্পের আওতায় চকরিয়া উপজেলা বমুবিলছড়ি ইউনিয়নে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে। স্থানীয় লোকজনের অভিযোগ, বমুবিলছড়ি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির (সভাপতি) হাকিম আবদুল গণি নিজের নামে জমি রেজিস্ট্রি দেখিয়ে ফাদুখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নিজের নামে করে নিয়েছেন। ১৬ ডিসেম্বর জাতীয় দুটি দৈনিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ‘আলহাজ হাকিম আবদুল গণি সরকারি প্রাথমিক বিদ্যালয়’ নির্মাণে প্রায় ৫০ লাখ টাকার দরপত্র আহ্বান করে। বমুবিলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলতান আহমদ বলেন, এলাকাবাসীর আন্দোলন ও সহযোগিতায় বিদ্যালয়বিহীন এই গ্রামে ফাদুখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু কিছু ব্যক্তির চক্রান্তে জামায়াত নেতা হাকিম আবদুল গণি বিদ্যালয়টি তাঁর নিজের নামে তালিকাভুক্ত করে নিয়েছেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা চলছে। যেকোনো মুহূর্তে অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে। স্থানীয় ব্যবসায়ী জিয়াউর রহমান ও শাকিল আহমদ বলেন, জামায়াত নেতার নামে সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে দেবে না এলাকার মানুষ। আমাদের দাবি সরকারি এই বিদ্যালয়টি এলাকার সন্তান, মুক্তিযুদ্ধে শহীদ আবদুল হামিদের নামে নামকরণ হোক। অন্যথায় আন্দোলনে নামব আমরা। এ ব্যাপারে জানতে চাইলে জামায়াত নেতা হাকিম আবদুল গণি বলেন, ‘বিদ্যালয়ের জন্য আমি জমি দান করেছি। এ কারণে আমার নামে বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, হাকিম আবদুল গণি স্কুলের নামে জমি রেজিস্ট্রি দিয়েছেন, তাই তাঁর নামে বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে। তিনি কোন দল করেন, তা বিবেচ্য না। এ ব্যাপারে কারও আপত্তি থাকলে লিখিতভাবে জানাতে পারে। সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।