জামায়াত-শিবিরের হাতে বৈদ্যুতিক করাত!
দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচারের রায় ঘোষণার পর সংগঠন দুটির কর্মীরা দক্ষিণ চট্টগ্রামে ব্যাপক ধংসযজ্ঞ চালানোর পাশাপাশি সড়কে হাজার হাজার গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেন। আর গাছ কাটতে জামায়াত শিবিরকর্মীরা ব্যবহার করেছেন বৈদ্যুতিক করাত। এমন অভিযোগ স্থানীয় প্রশাসনের।সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা শুনেছি তারা বৈদ্যুতিক করাত ব্যবহার করেছে। ফলে খুব দ্রুত গাছগুলো কেটে সড়কে ফেলা সম্ভব হয়েছে। তা না হলে অল্প সময়ে এত বেশি গাছ কাটা সম্ভব হতো না। এটি আমার কাছে পূর্বপরিকল্পিত বলে মনে হয়েছে।’সরেজমিনে সাতকানিয়ার কেরাণীহাটের উত্তর ও দক্ষিণ পাশ, কেরাণীহাট থেকে বান্দরবান সড়কের প্রায় ১০ কিলোমিটার, লোহাগাড়া থেকে ঠাকুরদীঘি এবং সাতকানিয়া থেকে বাঁশখালী সড়কের বেশির ভাগজুড়েই এই ধ্বংসযজ্ঞ দেখা গেছে। গাছগুলো বেশির ভাগই মাটির এক থেকে দুই ফুট ওপর থেকে কাটা হয়েছে। এরপর ফেলা হয়েছে সড়কে। কেটে ফেলা গাছের বেশির ভাগ এখনো সড়কের পাশে পড়ে আছে। কিছু কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়ে গেছেন বলে জানান স্থানীয় বাসিন্দারা।স্থানীয় লোকজন জানান, বৈদ্যুতিক করাত দিয়ে প্রথমে একটি গাছের দু-তৃতীয়াংশ কাটা হয়। এরপর সেটি ধাক্কা দিয়ে ফেলা হয় সড়কে। এসব গাছের বেশির ভাগের বয়স ২৩ থেকে ২৫ বছর। ১৯৯১ সালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক নির্মাণের পর গাছগুলো রোপণ করে সড়ক ও জনপথ বিভাগ। তবে বান্দরবান সড়কের গাছগুলোর বয়স আরও বেশি। বাঁশখালী সড়কের গাছের বয়স তুলনামূলকভাবে কম, এগুলো আকারেও ছোট।সরেজমিনে দেখা গেছে, যেসব জাতের গাছ কাটা হয়েছে সেগুলো আসবাবপত্র তৈরিতেই বেশির ভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়। ফলে এগুলোর বাজারমূল্যও তুলনামূলকভাবে বেশি। এসব গাছের মধ্যে আছে একাশিয়া, মেহেগনি, রেইন ট্রি (শিশু গাছ), গামারি ও শিমুল গাছ। এরমধ্যে একাশিয়া গাছগুলো বেশ পরিপূর্ণ হয়েছে। বিপুলসংখ্যক গাছ কাটার কারণে কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা কোনো সরকারি সংস্থা এখনো বের করতে পারেনি। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক হিসাব অনুযায়ী এর পরিমাণ প্রায় চার কোটি টাকা। তবে এ সব ক্ষয়ক্ষতি চুড়ান্তভাবে সড়ক ও জনপথ বিভাগ নিরূপন করছে।’ সড়ক ও জনপথ বিভাগের দোহাজারী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘আমরা আজ (বুধবার) থেকে ক্ষয়ক্ষতির পরিসংখ্যান নেওয়ার কাজ শুরু করেছি। গত এক সপ্তাহে আমরা এ নিয়ে কোনো ধরনের কাজই করতে পারিনি। কারণ যেসব স্থানে গাছ কাটা হয়েছে আমরা সেসব জায়গায় যেতে পারছিলাম না।’