জামায়াত-সমর্থিত প্রার্থীদের ভরাডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জামায়াত-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীরা শোচনীয় পরাজয় বরণ করেছেন। উপজেলার নয় ইউনিয়নের আটটিতে এবার জামায়াত-সমর্থিত প্রার্থীরা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে সবাই পরাজিত হয়েছেন। আটজন প্রার্থীর মধ্যে জামানত বাজেয়াপ্ত হয়েছে সাতজনেরই।গত ২৮ জুন ও ৩ জুলাই—দুই দফায় অনুষ্ঠিত নির্বাচনে উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে ছয়টিতে বিএনপি এবং তিনটিতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচনে উপজেলা জামায়াতের আমির মাওলানা কালিম উল্লাহর জামানতও বাজেয়াপ্ত হয়েছে।সোনাগাজী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. ইসমাইল হোসেন বলেন, ‘এবার সোনাগাজীসহ সারা দেশে জামায়াতকে সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে। একাত্তরে যুদ্ধাপরাধের সঙ্গে দলটির নেতাদের সম্পৃক্ততার কারণে জামায়াত গ্রহণযোগ্যতা হারিয়েছে।’ ২০০৪ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নে জামায়াতে ইসলামী-সমর্থিত মো. ফখর উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এবারের নির্বাচনে তিনি মাত্র ৫৯২ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। ওই ইউনিয়নে চার হাজার ১৬৮ ভোট পেয়ে জয়লাভ করেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. জহিরুল আলম। সোনাগাজীতে জামায়াতে ইসলামী-সমর্থিত মাত্র একজন চেয়ারম্যান পদপ্রার্থী এবার জামানত হারাননি। তিনি হচ্ছেন চরমজলিশপুর ইউনিয়নের মো. আবু জাফর। তিনি পেয়েছেন দুই হাজার ১১৯ ভোট। ওই ইউনিয়নে জয়লাভ করেছেন বিএনপি-সমর্থিত প্রার্থী এ কে এম তকি। তিনি পেয়েছেন তিন হাজার ৬৫০ ভোট। বগাদানা ইউনিয়নে জামায়াতে ইসলামী-সমর্থিত আবু ছালেহ মো. বদরুদ্দোজা পেয়েছেন ৫৯৫ ভোট। এই ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শাখাওয়াতুল হক তিন হাজার ১৫১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মঙ্গলকান্দি ইউনিয়নে জামায়াতে ইসলামী-সমর্থিত মো. হানিফ পেয়েছেন ৩৮৭ ভোট। এই ইউনিয়নে চার হাজার ৮৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি-সমর্থিত দাউদুল ইসলাম।মতিগঞ্জ ইউনিয়নে জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থী মো. আবদুল কাইয়ুম ভূঞা পান ২১৫ ভোট। এই ইউনিয়নে বিএনপি-সমর্থিত আমিন উদ্দিন তিন হাজার ৪০৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। চর চান্দিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কালিম উল্লাহ পেয়েছেন ৬২৪ ভোট। সেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. সামছুদ্দিন আট হাজার ১০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।সোনাগাজী সদর ইউনিয়নে জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থী আবুল কাশেম পেয়েছেন মাত্র ২৫৭ ভোট। এই ইউনিয়নে তিন হাজার ২৮৯ ভোট পেয়ে বিজয়ী হন আ.লীগের সামসুল আরেফিন। নবাবপুর ইউনিয়নে জামায়াত-সমর্থিত প্রার্থী মো. শাহ্ আলম পেয়েছেন ৩২৮ ভোট। বিএনপি-সমর্থিত জহিরুল আলম দুই হাজার ৬১৫ ভোট পেয়ে চেয়ারম্যান পদে জয়লাভ করেন। নির্বাচনে ভরাডুবিতে হতাশ জামায়াতে ইসলামীর সাধারণ কর্মী-সমর্থকেরা। পরাজয়ের জন্য তাঁরা জেলা ও উপজেলা নেতাদের দায়ী করেছেন। সোনাগাজী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. মোস্তফা বলেন, ‘স্থানীয় নির্বাচনে প্রার্থী দিয়ে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোই ছিল মূল উদ্দেশ্য। তবে এত কম ভোট প্রত্যাশা করিনি। এ নিয়ে দলের পর্যালোচনা বৈঠক করা হচ্ছে।’