তিন সপ্তাহ আগে নগরের মুরাদপুরে পুলিশের ওপর হামলায় সরাসরি অংশ নেওয়া ছাত্রশিবির কর্মী বদিউর রহমানকে (৩০) পুলিশ গত শুক্রবার বিকেলে কক্সবাজারের মহেশখালী উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। তাঁকে গ্রেপ্তারের সূত্র ধরে শুক্রবার রাতে নগর পুলিশ বাকলিয়ার ডিসি সড়কের ছাত্রশিবির কার্যালয়ে তল্লাশি চালায়। এই সময় কাউকে গ্রেপ্তার করা না গেলেও উদ্ধার করা হয়েছে একটি এলজি ও এক রাউন্ড তাজা কার্তুজ। বদিউরকে পাঁচলাইশ থানা পুলিশের কাছে রাখা হয়।গ্রেপ্তার বদিউর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, ওই দিনের হামলা ছিল পূর্বপরিকল্পিত। নগর জামায়াত কার্যালয়ে বৈঠক করে হামলার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের নেতৃত্বে ছিলেন নগর জামায়াতের আমির ও সাংসদ আ ন ম শামসুল ইসলাম। সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রশিবিরের নেতারা বিচ্ছিন্নভাবে গিয়ে মুরাদপুরে জড়ো হন। আসরের নামাজ শেষেই মিছিল বের হয়। এরপর আগের পরিকল্পনা অনুযায়ী পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালানো হয়। ওই দিন শিবিরের কর্মীরা বেশ কিছু গাড়িও ভাঙচুর করে।গত ১৯ সেপ্টেম্বর মুরাদপুরের ওই হামলায় নগর পুলিশের পাঁচলাইশ অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আবদুল মান্নানের মাথা ফেটে যায়। বদিউর একটি লাঠি দিয়ে মান্নানের মাথায় আঘাত করার ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র পুলিশ সংগ্রহ করেছে। এই সময় বদিউরের কোমরে একটি পিস্তল দেখা যায়। ভিডিও চিত্রেও তাঁর একজন সহযোগীকে ওই পিস্তলটি জামা দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করতে দেখা যায়। গ্রেপ্তারের পর বদিউর পুলিশকে জানান, হামলার সময় তাঁর কোমরে যে অস্ত্রটি ছিল সেটি পুলিশ সংগঠনের কার্যালয় থেকে উদ্ধার করেছে। আটক অস্ত্রটি আসলে ওই অস্ত্র কি না, তা পুলিশ পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে বলে জানা যায়। বদিউর পুলিশকে জানান, ‘মুরাদপুরে যেতে দেরি হওয়ায় স্থানীয় মসজিদে আসরের নামাজের প্রথম জামাত ধরতে আমরা ব্যর্থ হই। পরে নিজেরা আরেকটি জামাত করে নামাজ আদায় করি। এর পরই মিছিল শুরু করি। এ সময় স্যার (সহকারী কমিশনার আবদুল মান্নান) সেখানে গাড়ি থেকে নামেন। তাঁকে সামনে পেয়েই দেরি না করে মাথায় আঘাত করতে থাকি। এতে তাঁর মাথার সামনে ও পেছনে ফেটে যায়। মুহূর্তের মধ্যেই তাঁর শরীর রক্তে রঞ্জিত হয়। এ সময় তাঁর এক পাহারাদার আমার মুখে ঘুষি মারলে ঠোঁট ফেটে যায়। সে অবস্থায় আমি নগর শিবির কার্যালয়ে চলে আসি।’ এ ব্যাপারে কথা বলার জন্য নগর জামায়াতের নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এরপর দেওয়ানবাজারে অবস্থিত জামায়াতের নগর কার্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানে কেউ নেই। গ্রেপ্তার বদিউর জানান, ডিসি সড়কের ছাত্রশিবিরের কার্যালয়ে আসার পর তিনি সেখানেই রাতযাপন করেন। পরদিন সন্ধ্যা পর্যন্ত নেতাদের নির্দেশের অপেক্ষায় থাকেন। তিনি বলেন, ‘অবশেষে সন্ধ্যায় ছাত্রশিবিরের নেতারা আমাকে ছুটি দিয়ে দেন। এরপর আমি মহেশখালী চলে যাই। সেখানে গিয়ে বাড়িতে আত্মগোপন করি।’ নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘হামলার আগের দিন জামায়াত নেতাদের সঙ্গে ছাত্রশিবিরের বৈঠকে পুলিশের ওপর হামলার সিদ্ধান্ত চূড়ান্ত হয় বলে আমরা জানতে পেরেছি। তিনি বলেন, গ্রেপ্তার বদিউর রহমান চট্টগ্রামে শিবিরের রাজনীতির সঙ্গে সক্রিয় হওয়ার আগে মহেশখালীতে একটি ডাকাতদলের সদস্য ছিলেন। ডাকাতদলগুলোর অন্তর্দ্বন্দ্বে টিকতে না পেরে তিনি চট্টগ্রামে চলে এসে শিবিরে আশ্রয় নেন। পুলিশের ওপর হামলার পরও কেন তখন শিবিরের কার্যালয়ে অভিযান চালানো হয়নি, জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের ঊর্ধ্বতন কর্মকতারা যখন যেভাবে নির্দেশ দিয়েছেন, আমরা সেভাবে কাজ করেছি।’ হালকা গড়নের শিবিরকর্মী বদিউর রহমান প্রথম আলোর সঙ্গে আলাপকালে জানান, শৈশবে একটি মাদ্রাসায় তিন জামাত (তৃতীয় শ্রেণী) পর্যন্ত লেখাপড়া করেন। এরপর আর লেখাপড়া হয়নি। পরবর্তী সময়ে কী করেছেন—এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে বলেন, ‘আমি বুঝতে পারছিলাম লেখাপড়া করার পর আমি হাল চাষ করতে পারব না। এ জন্য সেখানে নানা কাজ করার চেষ্টা করি। ১৯৯৯ সাল থেকে চট্টগ্রামে আসা শুরু হয়। পরবর্তী সময়ে কিছুদিন রিয়াজউদ্দিন বাজারে ক্রোকারিজের দোকানে চাকরি করি। এক বছর আগে ছাত্রশিবিরের রাজনীতিতে সম্পৃক্ত হই। আমি সব সময় শিবিরের কার্যালয়ে থাকতাম। এখানে ছোট-খাটো কাজ করতাম। এরপর নেতারা যেখানে মিছিল করার নির্দেশ দিতেন সেখানে হাজির হতাম।’ জানা যায়, ইসরা নামের চারতলা এ ভবনের দ্বিতীয় তলায় আছে ইবাদতখানা ও ছাত্রশিবিরের নেতাদের কার্যালয়। এ ছাড়া জামায়াত ও শিবিরের নেতাদের লেখা কিছু বই নিয়ে একটি ছোট-খাটো গ্রন্থাগার এবং তথ্যপ্রযুক্তি শাখা নামের একটি কক্ষও রয়েছে। সেখানে শিবিরের সংবিধান, নিজেদের ডায়েরি, রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া টাকা ও অন্যান্য সরঞ্জামের বিবরণ-সংক্রান্ত তালিকা ইত্যাদি রয়েছে। পুলিশ এসব কাগজপত্র জব্দ করেছে। ভবনটির তৃতীয় ও চতুর্থ তলায় মেস। পুলিশ জানায়, রাজনৈতিক কর্মসূচি উপলক্ষে এবং বিভিন্ন সময়ে দূরদূরান্ত থেকে আসা শিবিরের নেতারা এখানে রাতযাপন করেন। চাক্তাই খালের পাড়ে অবস্থিত ভবনটির আশপাশে একাধিক কিন্ডারগার্টেন, ছাত্রীনিবাস ও মাদ্রাসা রয়েছে। ছাত্রশিবিরের তত্ত্বাবধানে এসব প্রতিষ্ঠান পরিচালিত হয়। এটি আবাসিক এলাকা হলেও নানা প্রতিষ্ঠানের মাধ্যমে আশপাশের সব ভবনই নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে ছাত্রশিবির।