
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) গতবারের নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হন জামায়াত ইসলামী-সমর্থিত প্রার্থীরা। এবার জামায়াতের দুর্গে ভাগ বসাতে চায় আওয়ামী লীগ ও বিএনপি। দুই দলই একক প্রার্থী দিয়ে জয় ছিনিয়ে নিতে মরিয়া। সরেজমিনে ঘুরে, প্রার্থী ও ভোটারদের সঙ্গে কথা বলে এই চিত্র পাওয়া যায়।
আজ রোববার এই দুই ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফায় এ দুটি ইউনিয়নের ভোট গ্রহণের তারিখ ছিল ২২ মার্চ। কিন্তু সীমানা–সংক্রান্ত জটিলতার কারণে ভোটের তারিখ পিছিয়ে ২৭ মার্চ করা হয়।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হোয়াইক্যং ও হ্নীলা ইউপিতে জামায়াত–সমর্থিত প্রার্থীরা জয় পেয়েছিলেন। হোয়াইক্যংয়ে নুর আহমদ আনোয়ারী ও হ্নীলায় মীর কাশেম বিজয়ী হন।
হোয়াইক্যং ইউনিয়নে ভোটার সংখ্যা ২৮ হাজার ৩৪। এতে পুরুষ ১৪ হাজার ৩২১ ও নারী ১৩ হাজার ৭১৩ জন। এতে চেয়ারম্যান পদে তিনজন, সংরক্ষিত নারী পদে ১৮ ও সাধারণ সদস্য পদে ৬৯ জন প্রার্থী রয়েছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ফরিদুল আলম, বিএনপির জোনায়েদ আলী চৌধুরী এবং জামায়াতে ইসলামী-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২৪ মার্চ বিকেল পাঁচটায় হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া বাজারে হোসেন আলীর চায়ের দোকানে ভোট চাইতে আসেন আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদুল আলম। এ সময় দোকানে উপস্থিত ভোটারদের তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকা উন্নয়নবঞ্চিত। নৌকা বিজয়ী হলে এলাকার আমূল পরিবর্তন হবে। পরে ওই দোকান থেকে বের হয়ে এলাকার পথচারী ও ব্যবসায়ীদের কাছেও ভোট চান তিনি।
এর কিছুক্ষণ পরে একই স্থানে প্রচারণা চালান জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে আপনাদের সেবা করে আসছি। ভোটাররা ভালো-মন্দ বিবেচনা করেই ভোট দেবেন বলে আমার বিশ্বাস।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মিনা বাজার এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের পাশে পথসভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান প্রার্থী জোনায়েদ আলী চৌধুরী। তিনি বলেন, ‘ধানের শীষে ভোট দিলে এলাকায় উন্নয়নের পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।’
এদিকে হ্নীলা ইউপির বর্তমান চেয়ারম্যান মীর কাশেম অসুস্থ থাকায় এবার নির্বাচন করছেন না। ফলে আওয়ামী লীগ ও বিএনপি মরিয়া হয়ে উঠেছে চেয়ারম্যান পদে দখলে নিতে। এখানে আওয়ামী লীগের প্রার্থী এইচ কে আনোয়ার ও বিএনপির জাফর আলম। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী রয়েছেন দুজন ফেরদৌস আহমদ ও জাহির আহমদ।
হ্নীলা ইউনিয়নে ভোটার সংখ্যা ২৪ হাজার ৮৮৫। এতে পুরুষ ১২ হাজার ৩৯৬ ও নারী ১২ হাজার ৪৮৯ জন। এতে সংরক্ষিত নারী পদে ১৪ ও সাধারণ সদস্য পদে ৭৫ জন প্রার্থী রয়েছে।
হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার ভোটার নুরুল আমিন, মো. আলী ও আবদুস শুক্কুর বলেন, প্রচারণায় কোনো গোলযোগ হয়নি। আশা করছি ভোট সুষ্ঠু হবে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর বলেন, ‘গতবার এ দুটি ইউপি নির্বাচনে দল থেকে একাধিক প্রার্থী মাঠে থাকায় আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থী জয়ী হতে পারেননি। এখন আগেভাগেই মাঠে নেমে পড়ায় আমাদের প্রার্থীর অবস্থা অনেক ভালো।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ বলেন, ‘নির্বাচনে জয়ী হওয়ার জন্য বিএনপির প্রার্থী ও নেতা-কর্মীরা পুরোদমে প্রচারণা চালাচ্ছেন। সুষ্ঠু ভোট হলে আমাদের প্রার্থীর জয় হবে বলে আশাবাদী।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা নুরুল আবসার জানান, দুটি ইউপির ১৯ ভোটকেন্দ্রের মধ্যে ১৫টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ-প্রশাসন।
জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ বলেন, নির্বাচনের দিন ঝুঁকিপূর্ণ ১৫টিসহ সব কটি কেন্দ্রে পুলিশের একজন উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে ছয়জন অস্ত্রধারী পুলিশ, প্রতিটি কেন্দ্রে ১৭ জন লাঠিবাহী ও পাঁচজন অস্ত্রধারী আনসার থাকবেন। এ ছাড়া ভ্রাম্যমাণ পুলিশ দল, র্যাবের তিনটি ইউনিট ও দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে।
ইউপি নির্বাচনে সমন্বয়কারী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।