বোয়ালখালীর চাঞ্চল্যকর বেলাল হত্যা মামলার একমাত্র আসামি জসিম উদ্দিন উচ্চআদালত থেকে জামিনে এসে মামলা তুলে নিতে বাদীর পরিবারকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে শিরিন আকতার বাদী হয়ে গত ২৫ মার্চ বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি ৯৮৭) করেছেন।জিডিতে তিনি বলেছেন, চোখের সামনেই ছোট ভাই বেলালকে হত্যা করা হয়েছে। আদালতে সাক্ষ্য দিয়েছি। মামলার একমাত্র আসামি জসিম উদ্দিন ১৬ নভেম্বর উচ্চআদালত থেকে অন্তবর্তীকালীন জামিনে এসে মামলা তুলে নিতে মুঠোফোনে বার বার হুমকি দিচ্ছেন। আমি সাক্ষ্য দেওয়ায় আমাকেও প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে বলেন, ‘একটা হত্যা করলে যে শাস্তি ১০টি হত্যা করলেও একই শাস্তি। মামলা তুলে না নিলে বাদী ও সাক্ষীদের হত্যা করা হবে।’ মামলার আরজিতে বাদী বলেছেন, ২০০৯ সালের ১১ এপ্রিল রাতে উপজেলার পোপাদিয়ার আকুবদণ্ডী গ্রামে শ্বশুরপক্ষের নির্যাতন থেকে বড় বোনকে বাঁচাতে গিয়ে নৃশংসভাবে খুন হন সাইফুল আলম ওরফে বেলাল। বোনের দেবর জসিম উদ্দিন তাঁর বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে নৃশংসভাবে খুন করেন। জানা গেছে, ১৯৯৪ সালের ২৯ এপ্রিল পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী গ্রামের গোলাম মজিদ সওদাগর বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে মো. ইউসুফের সঙ্গে বিয়ে হয় বেঙ্গুরা এলাকার মৃত আলী আজম চৌধুরীর মেয়ে শিরিন আকতার ওরফে লাকির। তাঁদের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। ১৫ বছরের সংসারজীবনে শিরিন শ্বশুরালয়ে নানা নির্যাতন-নিপীড়নের শিকার হন। ওই পরিবারের মূর্তিমান আতঙ্ক ছিল দেবর জসিম উদ্দিন। শিরিনের বিয়ের পর থেকে শারীরিক, মানসিক নির্যাতন-নিপীড়ন, ভয়-ভীতিসহ বিভিন্নভাবে অত্যাচার করে আসছিলেন জসিম। এমনকি তাঁর ছেলে-মেয়েরাও আপন চাচা জসিমের নির্যাতন থেকে রেহাই পায়নি। নির্যাতনের সর্বশেষ পরিণতি বেলালের নির্মম হত্যাকাণ্ড। শিরিন আকতার সেদিনের নির্মম ঘটনার বর্ণনা দিতে গিয়ে ডুকরে কেঁদে ওঠেন। তিনি বলেন, রাত আটটার দিকে জসিম হঠাৎ ঘরে ঢুকে অশোভন আচরণ শুরু করে। প্রথমে সে পড়াশোনারত আমিরুল ইসলামকে (৯) মারধর শুরু করে। তিনি বাধা দিতে চাইলে তাঁকেও মারধর শুরু করে। মা, ছেলে-মেয়ে প্রাণভয়ে ঘরের একটি কক্ষে দরজা-জানালা বন্ধ করে আত্মরক্ষার চেষ্টা করেন। শিরিন আকতার ভয়ে ঘটনাটি তাঁর ভাই ও ননদদের মুঠোফোনে জানান। বোনের বিপদের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তাঁর ভাই প্রবাসী মো. খোকন ও নিহত বেলাল। এঁদের দেখে জসিম আরও ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে তাঁদের দিকে ছুটে আসে। শিরিন আকতার সন্তান ও ভাইদের নিয়ে আত্মরক্ষায় কক্ষে ঢুকে দরজা দুটি বন্ধ করে দেন। জসিম দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়লে সবাই পালানোর চেষ্টা করেন। এ সময় জসিম বেলালকে ঝাপটে ধরে মেঝেতে ফেলে ছুরি দিয়ে বুকের বাম পাশ ও মাঝখানে উপর্যুপরি আঘাত করে। ভাইয়ের রক্তমাখা নিথর দেহ মেঝেতে পড়ে থাকে। সে কথা বলতে বলতে একসময় নির্বাক হয়ে যান। সেদিনের পর থেকে এক বছর সাত মাস ধরে শিরিন আকতার সন্তানদের নিয়ে বাপের বাড়িতে রয়েছেন। ছেলে হারানোর বেদনায় চোখের জলে বুক ভাসিয়ে আসছেন বেলালের বৃদ্ধা মা ছৈয়দা আকতার। তিনি এ প্রতিনিধির সঙ্গে কথা বলার সময় শিশুর মতো ডুকরে কেঁদে বলেন, ‘আমার আদরের ধন কার কী ক্ষতি করেছে? তারা কেন আমার সন্তানকে মেরে ফেলল।’ পরক্ষণে নির্বাক হয়ে পড়েন তিনিও। নিহত বেলাল উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা এলাকার আলী আজম চৌধুরীর ছেলে। চার ভাই ও দুবোনের মধ্যে সে কনিষ্ঠ। নিহতের বড় ভাই জাহেদুল ইসলাম বাদী হয়ে ঘাতক জসিম উদ্দিন, তাঁর মা নূর নাহার বেগম, ভাই আবদুল করিমকে আসামি করে বোয়ালখালী থানায় মামলা (নম্বর-৫/০৯) দায়ের করেন। পরে পুলিশ তাঁর মা ও ভাইকে বাদ দিয়ে খুনি জসিমকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।