ফটিকছড়ির আলোচিত প্রবাসী ইউনুস হত্যা মামলার আসামিরা জামিনে ছাড়া পেয়ে মামলার বাদীসহ নিহতের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। মামলা তুলে নিতে হুমকি দেওয়ার ঘটনায় থানায় অভিযোগও দায়ের করেছেন নিহত ইউনুসের পরিবারের সদস্যরা। এ বিষয়ে তদন্ত শেষে পুলিশও এর সত্যতা নিশ্চিত করে। সাক্ষ্য গ্রহণের পর্যায়ে থাকা মামলাটি বর্তমানে চট্টগ্রাম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে। এর আগে বিভিন্ন সময়ে আসামিরা হুমকি দেওয়ায় নিহতের পরিবার ফটিকছড়ি থানায় তিনটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করে।
নিহত ইউনুসের ছেলে মো. হানিফ ফটিকছড়ি থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন—মামলার দুই আসামি জাহেদুল আলম ও খোরশেদুল আলম গত ২৫ ফেব্রুয়ারি জামিনে আসেন। এরপর মামলা তুলে নিতে তাঁদের পরিবারের ওপর চাপ দিচ্ছেন আসামিরা। মামলা তুলে না নিলে পুরো পরিবারকে খুন করার হুমকি দেন তাঁরা।
অভিযোগটির তদন্ত কর্মকর্তা ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) হাবিব উল্লাহ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মামলা দায়েরের পর থেকে আসামিরা বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছেন। এর আগে নিহতের ছেলেকে অপহরণের চেষ্টা করেন আসামিরা। মামলা তুলে নিতে সাক্ষী ও নিহতের পরিবারকে হুমকি প্রসঙ্গে জানতে চাইলে আসামি খোরশেদ আলম বলেন, ‘কাউকে হুমকি দিইনি। মিথ্যা মামলায় আমাদের জড়ানো হয়েছে।’
উল্লেখ্য, ২০১২ সালের ১১ এপ্রিল ফটিকছড়ির পূর্ব নানুপুর এলাকায় প্রবাসী ইউনুসকে কুপিয়ে হত্যা করার অভিযোগ আছে আসামিদের বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর নিহতের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।