জারদারির হঠাৎ সফরের প্রাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাশাপাশি দেশ আর ঐতিহাসিক সম্পর্ক থাকলে কী হবে, ভারত আর পাকিস্তান যেন পর্বতপ্রমাণ লৌহ যবনিকার দুই পারের দুই ভূখণ্ড। চিরবৈরী দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠক, দেখা-সাক্ষাৎ এক বিরল ব্যাপার। গত সাত বছরে পাকিস্তানের দুজন প্রেসিডেন্ট ভারত সফর করেছেন মাত্র দুবার। এর মধ্যে রয়েছে আসিফ আলী জারদারির এবারের সফরটি।২০০৫ সালে প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের ভারত সফরের উদ্দেশ্য ছিল গ্যালারিতে বসে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ উপভোগ করা। তবে ওই সফরের মাধ্যমেই দীর্ঘদিন পর আনুষ্ঠানিকভাবে সর্বোচ্চ পর্যায়ে আলাপ-আলোচনার ক্ষেত্র তৈরি হয়েছিল। দুই দেশেই মোটের ওপর প্রশংসিত হয়েছিল সেই ক্রিকেট কূটনীতির বিষয়টি।প্রেসিডেন্ট জারদারির এবারের ভারত সফর ছিল মূলত ধর্মীয় উদ্দেশ্যে। ছেলেমেয়েসহ ভারতের আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতির (রহ.) মাজার জিয়ারত করেন তিনি। তবে সংক্ষিপ্ত এ সফরেও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে জারদারি একটি রুদ্ধদ্বার বৈঠক করেছেন। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নতুন করে এগিয়ে নেওয়া ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে আশা জাগিয়েছে এ বৈঠক। দুই নেতাই ইঙ্গিত দিয়েছেন ধীরে হলেও সম্পর্কের বরফ আবার গলতে শুরু করেছে।দেখা যাচ্ছে, বিশাল বাধার পাহাড় ডিঙিয়ে সম্পর্ক এগিয়ে নিতে ভারত ও পাকিস্তান কখনো ক্রিকেট, কখনো ধর্মীয় উপলক্ষের শরণ নিচ্ছে। কয়েক বছর ধরে সম্পর্ক উন্নয়নে সর্বোচ্চ পর্যায়ের প্রচেষ্টা এ চক্রের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। তবে এসব সফর ঘিরে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা খুব ধীরে হলেও অল্প অল্প করে এগিয়েছে।ভারত ও পাকিস্তানের অনেক সাধারণ মানুষ এত ঘুরপ্যাঁচ বুঝতে চায় না। বেশির ভাগ মানুষের প্রত্যাশা, প্রতিবেশী দুই দেশের উচিত নিজেদের স্বার্থেই শান্তির পথে চলা। ভারতের এক নাগরিক পাকিস্তানের উদ্দেশে বলেন, ‘আমাদের অনেক কিছুতেই মিল রয়েছে। তাহলে কেন আমরা বন্ধু হতে পারি না, কেন বৈরিতার দেয়াল ভেঙে ফেলতে পারব না?’জারদারির ঝটিকা ভারত সফর, সম্পর্ক উন্নয়ন প্রচেষ্টা ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের উদ্যোগকে বড় কিছু ভাবতে নারাজ পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার এম জে আকবর। তাঁর অভিমত, কয়েক বছর আগে পারভেজ মোশাররফ এবং ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির মধ্যকার একটি মধ্যাহ্নভোজের বৈঠক ঘিরে অনেক আশাবাদ সৃষ্টি হয়েছিল। কিন্তু সবকিছু ঠিকঠাক হলেও শেষ পর্যন্ত তাঁরা ওই ভোজে অংশ নেননি।তবে প্রেসিডেন্ট জারদারির সফরের পর দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের বিষয়টি বেশ জোরেশোরেই আলোচিত হচ্ছে।পাকিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্য কোন পর্যায়ে তার উদাহরণ হতে পারেন ব্যবসায়ী সুনেত কুচার। পাকিস্তানে নিউজপ্রিন্ট রপ্তানি করেন তিনি। তাঁর কাগজের কারখানাটি অমৃতসরের কাছাকাছি একটি এলাকায় অবস্থিত। সেখান থেকে পাকিস্তানের সীমান্ত মাত্র ৩০ মিনিটের দূরত্ব। কিন্তু বাণিজ্যিক বিধিনিষেধের কারণে ওই নিউজপ্রিন্ট সমুদ্রপথে দুবাই হয়ে পাকিস্তানে পৌঁছায়। এতে সময় লাগে কয়েক সপ্তাহ। আর দামও পড়ে অনেক বেশি। ব্যবসায়ী সুনেত কুচার বলেন, ‘এটি পাগলামি ছাড়া কিছু নয়।’এত কিছুর পরও দুই দেশের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে বাণিজ্য বেড়েছে। তবে দীর্ঘ তিন হাজার কিলোমিটার বিস্তৃত অভিন্ন সীমান্তের দুই প্রতিবেশীর মধ্যে ২৭০ কোটি ডলারের বাণিজ্যকে তুচ্ছ বলেই মনে করেন বিশেষজ্ঞরা। বহু বিষয়ে দুই দেশের অংশীদারির প্রয়োজন রয়েছে বলে মনে করেন তাঁরা।তিন তিনটি যুদ্ধের পর দুই দেশের মধ্যে অনেক বিষয়েই এখনো ব্যাপক মতপার্থক্য রয়ে গেছে। সাম্প্রতিক সময়েও কম তিক্ততা সৃষ্টি হয়নি। ভারতের মানুষের স্মৃতিতে ২০০৮ সালের মুম্বাই হামলার ঘটনা এখনো দগদগে ঘায়ের মতো। হামলাকারীদের মধ্যে বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তিটি পাকিস্তানি। পাকিস্তান প্রথমে তা স্বীকার না করলেও পরে মেনে নেয়। সে দেশে তাঁর বিচারও হয়েছে। ভারতের অভিযোগ, মুম্বাই হামলার পরিকল্পনাকারী লস্কর-ই-তাইয়েবার প্রতিষ্ঠাতা পাকিস্তানি নাগরিক হাফিজ সাঈদ। অন্যদিকে আফগানিস্তান বিষয়ে ভারতের ভূমিকায় অসন্তুষ্ট পাকিস্তান।হতাশার এ গভীর অন্ধকারের মধ্যে অন্তত অদূর ভবিষ্যতে ক্রিকেট বা মাজার জিয়ারতের মতো বিষয় ভারত-পাকিস্তান সম্পর্কে মাঝেমধ্যে অন্য আলোর আভাস দেখাবে। নেহাত পড়ে পাওয়া প্রাপ্তি হিসেবে দেখলে এই বা কম কী! ইমাম হোসেন সাঈদবিবিসি অবলম্বনে