জারুলছড়ির আলোর বিদ্যালয়
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের দুর্গম অনগ্রসর গ্রাম জারুলছড়ি। উপজেলা সদর থেকে ৩২ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে প্রায় ৪০০ পরিবারের বসবাস। এলাকার ১০ কিলোমিটারের মধ্যে কোনো সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নেই। ১৯৮৬ সালে ওই গ্রামের ২০ শিশুকে অক্ষরজ্ঞানদানের কাজ শুরু করেন অনুভূষণ চাকমা। তখন তাঁর বয়স ছিল ১৫-১৬ বছর। পড়তেন নবম শ্রেণীতে।বঙ্গলতলী এলাকা থেকে ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জারুলতলীতে শিশুদের পড়াতে যেতেন। বিনিময়ে সামান্য সম্মানীও পেতেন। অনুভূষণ বুঝতে পারলেন, গ্রামের শিশুদের লেখাপড়া শেখানোর জন্য একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করা জরুরি। তাঁর চেষ্টা দেখে এগিয়ে আসে গ্রামবাসী। ১৯৮৮ সালে গ্রামবাসীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় একটি প্রাথমিক বিদ্যালয়। গ্রামের নামের সঙ্গে মিলিয়ে বিদ্যালয়ের নাম রাখা হয় জারুলছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয় অনুভূষণ চাকমাকে। বর্তমানে বিদ্যালয়ে চারজন শিক্ষক ও ৭০ জন শিক্ষার্থী আছে। প্রধান শিক্ষক অনুভূষণ স্বেচ্ছাশ্রমে দীর্ঘ সাত বছর বিদ্যালয়ে পাঠদান করেন। এরপর ১৯৯৫ সালে এমপিওভুক্ত শিক্ষক হন তিনি। ইউনিয়নের সেরা শিক্ষকও হয়েছেন দুবার। তিনি জানান, বিদ্যালয়টি কোনো রকম সরকারি-বেসরকারি সাহায্য ছাড়াই চলছে। এলাকার দরিদ্র জুমচাষিদের শ্রমে ও অর্থে কোনোমতে টিকে আছে প্রতিষ্ঠানটি। সমপ্রতি জারুলছড়িতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ে যাতায়াতের কোনো সড়ক নেই। সরু পাহাড়ি পথ ও ঝুঁকিপূর্ণ সাঁকো পার হয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাতায়াত করে।বিদ্যালয়ে নেই নলকূপ কিংবা টিউবওয়েল। কুয়া ও ঝরনার ময়লা পানি পান করতে হয় শিশুদের। বাঁশের বেড়া দিয়ে নির্মিত বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ হয়ে পড়েছে। দরজা-জানালাগুলোর অধিকাংশই ভাঙাচোরা। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিমল চাকমা বলেন, দুর্গম অনগ্রসর গ্রামটির ৯০ শতাংশ মানুষ অশিক্ষিত। আশপাশের ১০ কিলোমিটারের মধ্যে কোনো সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নেই।এ গ্রামের বেশির ভাগ লোক ভূমিহীন। অভাব-অনটন বাসিন্দাদের নিত্যসঙ্গী। দূরে গিয়ে ছেলেমেয়েদের লেখাপড়া শেখানো তাঁদের পক্ষে একেবারে অসম্ভব।বঙ্গলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারুসি চাকমা বলেন, ‘গ্রামটি উপজেলা সদর থেকে ৩০ কিলোমিটারের বেশি দূরে অবস্থিত। শুনেছি, সেখানে চার শতাধিক পরিবারের জন্য আছে একটি মাত্র শিক্ষাপ্রতিষ্ঠান। নির্বাচিত হওয়ার পর তেমন বরাদ্দও পাইনি। তাই জারুলছড়ি বিদ্যালয়ের সংস্কারের জন্য বরাদ্দ দিতে পারিনি।’উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুজিত মিত্র বলেন, ‘শিক্ষক হিসেবে অনুভূষণ খুব ভালো। তাঁর বিদ্যালয়ের ফলাফলও ভালো। দ্রুত সরকারীকরণ না করা হলে বিদ্যালয়টি টিকিয়ে রাখা যাবে না।’