জার্মান ভাষা শেখানোর স্কুল কার্যক্রমের উদ্বোধন
চট্টগ্রামে গ্যাটে ইনস্টিটিউটের অধীনে জার্মান ভাষা শেখানোর স্কুল কার্যক্রমের উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে ২৬ নভেম্বর দুপুরে নগরের সার্সন সড়কের জার্মানির অনারারি কনসাল জেনারেলের বাসভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পাশ (স্কুলস: পার্টনারস অব দি ফিউচার) প্রকল্পের আওতায় মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলের সঙ্গে শিক্ষা সহযোগিতা চুক্তি সই হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্যাটে ইনস্টিটিউটের পরিচালক অ্যানজেলা গ্রুয়েনার্ট, মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ গোলাম আবু মোহাম্মদ, জার্মানির পররাষ্ট্রসচিব মার্টিন বিসেল, রাষ্ট্রদূত হোলগার মিখায়েল, অনারারি কনসাল জেনারেল মির্জা সাকির ইস্পাহানি, জার্মান ভাষা শিক্ষাকেন্দ্র ডি স্প্রাখের পরিচালক জয়ন্ত চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, পাশ প্রকল্পের আওতায় বাংলাদেশের পাঁচটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জার্মান ভাষা শেখানোর কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি প্রস্তাবিত বিদ্যালয়ের মধ্যে একটির শিক্ষাকার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।