জার্মান শিক্ষার্থীরা ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে এসে পৌঁছার আগে খুব উত্তেজনা কাজ করছিল জার্মানির ‘ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস মোয়েনচেনব্লাডবাখ’-এর বন্ধুদের। আর সেই উত্তেজনা এখন অসম্ভব ভালো লাগায় রূপ নিয়েছে। আমাদের সঙ্গে কথা হচ্ছিল জানকা এককার্ট, কোরা সোর্ফি প্রিসেল, জেনিফার এলজ, ওলগা নয়িকো, জুলিয়া স্ক্রিবেল, শাশা বেলানতে ও অ্যারিয়েন ডোবার্টের।তাঁরা সম্প্রতি ১২ জন বন্ধু মাসব্যাপী সময় নিয়ে বাংলাদেশে এসেছেন ইন্টার্নশিপ করার জন্য। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে জার্মানি থেকে আসা এই ১২ জন বন্ধু গাজীপুরের একটি কারখানায় ইন্টার্নশিপ প্রোগ্রামে কাজ করে যাচ্ছেন। সপ্তাহে ছয় দিন ইন্টার্নশিপের ব্যস্ত কর্মতালিকার পাশাপাশি চলছে বাংলাদেশ ঘুরে বেড়ানোর বিষয়টিও। যতই দেখছেন, ততই আপন হয়ে উঠছেন এখানকার অতিথিপরায়ণ মানুষ এবং উন্মুক্ত হচ্ছে সবুজ প্রকৃতির সঙ্গে এ দেশের মায়াময় এক সম্পর্কের। তবে যানজট নিয়েও দুর্ভোগের অভিজ্ঞতার শেষ নেই।ভিনদেশি এই বন্ধুরা জানালেন তৈরি পোশাক উৎপাদনে বাংলাদেশের সম্ভাবনাময় ভবিষ্যতের কথা, পোশাকশ্রমিকদের দক্ষতার কথা। নিজেদের পুুঁথিগত বিদ্যার বাইরে অন্যভাবে তাঁরা আবিষ্কার করছেন এ দেশের উৎপাদনের বিভিন্ন প্রক্রিয়া। শৃঙ্খলা ও ব্যবস্থাপনার সুবিন্যাস একে আরও এগিয়ে নিয়ে যেতে পারে।এক দিনের সফরে তাঁরা ঘুরে এসেছেন সিলেটের চা-বাগান। চা-বাগানের সৌন্দর্য এবং সবুজের এমন অপার রূপ ওঁদের মোহাচ্ছন্ন করেছে। এরপর টাঙ্গাইলে দুই দিন কাটিয়ে ওখানকার মানুষের সঙ্গে আলাপ করার ইচ্ছা পূরণ হয়েছে। টাঙ্গাইলের কিছু গ্রাম ঘুরে তাঁরা দেখেছেন দরিদ্র হওয়া সত্ত্বেও কত অকৃত্রিম আনন্দের সঙ্গে বেঁচে আছে তারা। বাংলাদেশের গ্রামগুলোকে এত কাছ থেকে দেখে জীবনযাপনের ধারণাই বদলে গেছে। তাঁরা আরও থেকেছেন কৃষক ও তাঁতি পরিবারের সঙ্গে। তাঁদের ঘরের কাজে হাত এগিয়ে দিয়েছেন। বাংলাদেশি খাবার রান্নায় সহায়তা করেছেন। আমাদের তাঁতিদের গভীর নৈপুণ্যে তাঁতে বোনা কাপড়—সেখানে রঙের ব্যবহার, নকশা ও নির্মাণশৈলী এ অঞ্চলের প্রতি এক শ্রদ্ধাবোধ তৈরি করেছে তাঁদের মনে। তাঁদের মধ্যে নেই প্রশিক্ষণ, নেই উপযুক্ত শিক্ষা। কিন্তু বংশপরম্পরায় পুরো পরিবারের ছোট ও বড় সব সদস্য ধরে রেখেছেন অতীতের ধারা। কারিগরকে আবার একই সঙ্গে বিক্রয় এবং বাজারজাত করার দায়িত্বও পালন করতে হয়। আটপৌঢ়ে এ দেশের গ্রামীণ জীবনধারা এভাবেই অভিভূত করেছে জার্মানির বন্ধুদের। তাই সুযোগ পেলে আবার ফিরে আসতে চান তাঁরা, বাংলাদেশকে নিয়ে কাজ করতে চান ভবিষ্যতে।বাংলাদেশের মানুষের এত বৈচিত্র্যপূর্ণ জীবন আর ইন্টার্নশিপের কাজ নিয়ে দিনগুলো ভালোই কেটে যাচ্ছে তাঁদের। সেপ্টেম্বরের মাঝামাঝি তাঁরা ফিরে যাবেন জার্মানিতে। তবে তার আগে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন না দেখলে কি হয়? যাওয়ার আগে রয়েল বেঙ্গল টাইগারের সুন্দরবনে গিয়ে বিদায় নেবেন মোয়েনচেনব্লাডবাখ বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা।