জার্মানির এক সুন্দর শহর থেকে

গরলিটজ শহরে বয়ে চলা নিইস নদীলেখক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়, বন ও সমতলের পথে প্রবহমান একটি নদী। নাম তার নিইস। ২৫২ কিলোমিটার পথে প্রবাহিত এ নদীর তীরে অবস্থিত মধ্য ইউরোপের তিনটি দেশের (চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও জার্মানি) ১২টি শহর। নিইস নদীর তীরের একটি ছোট্ট শহরে আমার বসবাস। এ শহরের নাম গরলিটজ, জার্মানির সবচেয়ে পূর্বের শহর, যে শহরে প্রথম সূর্যোদয় হয়। এ শহরের প্রতিটি কোণে গল্পের উপাদান ছড়িয়ে আছে শহরের প্রকৃতি, ঐতিহাসিক স্থাপত্য, ভাস্কর্য, জাদুঘর, গ্রন্থাগার, মানুষ, সুস্বাদু খাবার এবং হাজার বছরের ইতিহাসে। তাই তো গরলিটজকে জার্মানির সবচেয়ে সুন্দর শহর বলে মনে করা হয়।

প্রায় দুই হাজার বছর আগে নিইস নদীর তীরে বর্তমান গরলিটজ গড়ে উঠেছিল। সেই সময় নদীর দুপাশে ছিল পাইন, বার্চসহ নানান গাছপালার ঘন বন। একাদশ শতাব্দীতে এখানে সোর্বিয়ানরা বসতি স্থাপন করে এবং একটি গ্রামে পরিণত হয়। তারপর ১০৭১ সালে শহরের সূচনা শুরু হয়। পূর্ব জার্মানির এই শহর ২০২১ সালে ৯৫০ বছর পূর্তি পালন করছে। বছরজুড়ে থাকবে নানা ধরনের আয়োজন, যা শুরু হবে অচিরেই।

পর্যটকদের জন্য ঘোড়ার গাড়ি

দীর্ঘ সময় ধরে গরলিটজ শহর জার্মান, চেক (বোহিমিয়ান), পোলিশ এবং হাঙ্গেরীয় শাসনাধীন ছিল। মধ্যযুগের রোমান সম্রাট হেনরি চতুর্থের তৈরি নথিতেও উল্লেখ রয়েছে শহরটির কথা। ইউরোপের প্রাচীনতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ ভিয়া রিজিয়ার সঙ্গে যুক্ত থাকায় শহরটি সমৃদ্ধ হয়েছিল। তারপর কয়েক শতাব্দীর মধ্যে শহরটি বাণিজ্য ও বিজ্ঞানের প্রভাবশালী কেন্দ্র পরিণত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংস থেকে রক্ষা পাওয়ায় শহরটির সমৃদ্ধ স্থাপত্য ও ঐতিহ্য রয়েছে। যে কারণে সমস্ত ইউরোপ থেকে এখানে পর্যটকেরা আসেন শুধু স্থাপনা দেখার জন্য। জার্মানির আর কোনো শহরে এ ধাঁচের চিত্তাকর্ষক ভবন দেখা যায় না। শহরের অলিগলিতে হাঁটার সময় ইউরোপীয় ইতিহাসের হাজার বছরের শিল্প চোখ জুড়িয়ে দেয় পথিকের।

পুরোনো গরলিটজ শহরে ছড়িয়ে আছে নানান রেস্তোরাঁ। তার মধ্যে শোবিজন রেস্তোরাঁর একটি ঘর উল্লেখযোগ্য। ঘরটির দেয়ালে ৫০০ বছর আগের ম্যুরাল চিত্রিত আছে। এমন ঐতিহ্যের কারণেই এটি হয়ে উঠেছে জাদুঘরের শহর। সেনকেনবার্গ মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি প্রায় ২০০ বছর ধরে প্রকৃতি ও বিবর্তনের মনোমুগ্ধকর ধারণা মানুষকে দিয়ে আসছে। স্পিলজেগ জাদুঘরের কাঠের নির্দশনসহ প্রাচীন ও আধুনিক খেলনার দুর্দান্ত সংগ্রহ রয়েছে। তা ছাড়া স্লেসিস জাদুঘরে ইউরোপের ইতিহাস, সংস্কৃতি এবং জীবনধারা সম্পর্কিত ধারণা দিচ্ছে।

গরলিটজ শহরে লেখক

গরলিটজ শহরের পাশেই পোলিশ সীমান্ত। নিইস নদীর ওপর সেতুটি পার হলেও সুন্দর এক শহর। কয়েক মিনিট হেঁটেই পোল্যান্ডের শহর জেগর্জলেক যাওয়া যায়। শহর দুটি টুইন শহর হিসেবে ইউরোপে পরিচিত। তবু গরলিটজ অনন্য ঐতিহ্যে। এ শহর ২০৭১ সালে ছোঁবে হাজার বছর পূর্তির গৌরব। এর মধ্যে বিশ্ববাসী হয়তো অনেক নতুন শহর পাবে। কিন্তু হাজার বছরের পথে ছুটে চলা এ শহর এগিয়ে যাবে নতুন উদ্যমে প্রাচীন ঐতিহ্য নিয়ে। তাই তো ৯৫০ বছর পূর্তির ঐতিহাসিক ক্ষণে গরলিটজ শহরের একজন অস্থায়ী বাসিন্দা হিসেবে নিজেকে বেশ গর্বিত অনুভব করছি।

লেখক: প্রকৃতি ও পরিবেশবিষয়ক লেখক এবং জার্মানির ড্রেসডেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী