জার্মানির জাদুঘরে বাংলাদেশের রিকশা

জার্মানির মিউনিখ। সে শহরের স্টার্নবার্গ লেকের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে সুদৃশ্য জাদুঘর—বুখাইম। জার্মানি ভ্রমণের সুযোগে কোনো বাঙালি যদি কখনো এই জাদুঘরে ঢুঁ মারেন, নিঃসন্দেহে তাঁর জন্য একটা বড় চমক অপেক্ষা করছে। অচেনা শহর, অচেনা লোকের ভিড়ে এই জাদুঘরেই চোখে পড়বে একটা চিরচেনা ‘বস্তু’, রিকশা!
হাজার হাজার মাইল আকাশপথে পাড়ি দিয়ে বাংলাদেশের রিকশা কেমন করে পৌঁছে গেল জার্মানির মিউনিখ শহরে? সে প্রশ্নের জবাব পাবেন আনিলা হক-মাইকেল শ্যুরম্যান দম্পতির কাছে। শিল্পপ্রেমী এই দম্পতিই জাদুঘর কর্তৃপক্ষকে রিকশাটি উপহার দিয়েছেন। বুখাইম জাদুঘরে বিখ্যাত সব শিল্পকর্ম আর ভাস্কর্যের সঙ্গে এখন জাদুঘরে শোভা পাচ্ছে বাংলাদেশের এই ত্রিচক্রযানটিও।

বিমানে চড়িয়া রিকশা উড়িয়া চলিল
ই-মেইলের মাধ্যমে আমরা যোগাযোগ করেছিলাম ডিজাইনার আনিলা হকের সঙ্গে। তিনি শোনালেন রিকশাটির বিমানভ্রমণের গল্প। সিমেন্সের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে মাইকেল শ্যুরম্যান বাংলাদেশে পা রেখেছিলেন বেশ কবছর আগে। প্রথম দিনই তাঁকে মুগ্ধ করে বাংলাদেশের রিকশা। সেই মুগ্ধতা যে কতখানি বাড়াবাড়ি পর্যায়ের, সেটি আনিলা হক টের পেয়েছেন তাঁদের বিয়ের পর। ‘একদিন আশ্চর্য হয়ে আবিষ্কার করলাম, আমাদের বাড়ির বসার ঘরে একটা আস্ত রিকশা দাঁড়িয়ে আছে! বাংলাদেশে আসার পরপরই মাইকেল একটা রিকশা কিনেছিল। সে যে রিকশাটাকে একেবারে ঘরে এনে তুলবে, সেটা ভাবিনি। মূলত রিকশার রঙিন আবহটাই তাকে মুগ্ধ করেছিল।’ তবে রিকশার প্রতি মুগ্ধতা যে আনিলার মধ্যে ছিল না, তা নয়। ডিজাইনার হিসেবে তিনিও এর কদর বোঝেন। বলছিলেন, ‘রিকশা আর্ট একমাত্র ঢাকাতেই চোখে পড়ে। এ ঐতিহ্য সারা পৃথিবীর আর কোথাও নেই। আমি সব সময় ভাবতাম, শিল্প নিদর্শন হিসেবে একটা রিকশা যদি নিজের কাছে রাখতে পারতাম, বেশ হতো!’
দুবছর বাদে চাকরির সুবাদে মাইকেল শ্যুরম্যানকে আবার জার্মানিতে ফিরতে হলো। সে সময় বাক্সপেটরার সঙ্গে মাইকেল-আনিলার সঙ্গী হলো রিকশাটিও।
বুখাইম জাদুঘরে
‘বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্যের প্রতি মাইকেলের শ্রদ্ধা আর আকর্ষণ দুই-ই ছিল। বিয়ের পর আমি আর মাইকেল যেখানেই গেছি, বাংলাদেশকে প্রমোট করতে চেষ্টা করেছি। জার্মানিতে আমরা বেশ কিছুদিন ধরে এমন একটা সুযোগ খুঁজছিলাম। ভাবছিলাম, কীভাবে কোনো জাদুঘরে বাংলাদেশকে তুলে ধরা যায়।’ জানালেন আনিলা। জার্মানিতে তাঁরা থাকেন ফেলডাফিংয়ে। বুখাইম থেকে ১০ মিনিটের দূরত্ব। মাইকেল নিজ উদ্যোগে জাদুঘরের পরিচালককে বাসায় আমন্ত্রণ জানিয়েছিলেন। উদ্দেশ্য, নিজেদের সংগ্রহটা তাঁকে দেখানো। একনজর দেখেই মুগ্ধ হয়েছিলেন পরিচালক। ব্যস, মাইকেল-আনিলা দম্পতিও সিদ্ধান্ত নিয়ে ফেললেন, রিকশাটা তাঁরা জাদুঘর কর্তৃপক্ষকে উপহার দেবেন। জার্মানির বিখ্যাত লেখক-শিল্পী-আলোকচিত্রী প্রয়াত লোথার গুনথার বুখাইমের প্রতিষ্ঠিত জাদুঘরে বাংলাদেশকে তুলে ধরার সুযোগ মাইকেল-আনিলা হারাতে চাননি। আনিলা বলছিলেন, ‘৩ জুলাই সেখানে আমরা একটা সংবাদ সম্মেলন করেছি। যেখানে বাংলাদেশের রিকশা আর্ট নিয়ে আলোচনা হয়েছে। দর্শনার্থীরা মুগ্ধ হয়েছেন। এমনকি জাদুঘর এলাকার ভেতর রিকশায় ঘোরার একটা সুযোগও কর্তৃপক্ষ করে দিয়েছিল। এই আয়োজন ভীষণ সাড়া ফেলেছে।’
গত ৬ জুলাই থেকে বুখাইম জাদুঘরে স্থান পেয়েছে বাংলাদেশের রিকশা।