জার্মানির প্রবীণদের পাশে এক বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির শীর্ষস্থানীয় প্রবীণ সেবা সংস্থা কাসা রেহার প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশের হুমায়ূন কবীর
জার্মানির শীর্ষস্থানীয় প্রবীণ সেবা সংস্থা কাসা রেহার প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশের হুমায়ূন কবীর

চেয়েছিলেন মানুষের সেবায় নিজের শিক্ষা আর মেধাকে কাজে লাগাতে। সেই উদ্দেশ্যেই ২০০০ সালে জার্মানির প্রবীণ সেবামূলক প্রতিষ্ঠান কাসা রেহাতে যোগ দেন হুমায়ূন কবীর। এখন এই প্রতিষ্ঠানটির কান্ডারি তিনি। জার্মানিজুড়ে এই সেবা প্রতিষ্ঠানটির ৭১টি স্বাস্থ্যসেবা বা বৃদ্ধাশ্রম কেন্দ্র ছড়িয়ে আছে। তাঁর হাত ধরেই কাসা রেহা হয়ে উঠেছে প্রবীণসেবায় সুপরিচিত এক নাম। জার্মানি থেকে লিখেছেন সরাফ আহমেদ।
১৯৭৫ সালে রাজশাহী ক্যাডেট কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন হুমায়ুন কবীর। তারপরই পাড়ি জমান বিদেশে।
গন্তব্য ইউরোপের দেশ জার্মানি। সেখানে তিনি ভর্তি হলেন বার্লিনের নামী শিক্ষাপ্রতিষ্ঠান হুমবল্ট বিশ্ববিদ্যালয়ে। পড়াশোনার বিষয় অর্থনীতি। প্রবাসজীবনের শুরুটা ছিল কঠিন। নিজের খরচ চালাতে রাজশাহীর এই তরুণ পড়াশোনার মাঝেই শুরু করেছিলেন অনুবাদকের কাজ। পড়াশোনার পালা শেষ হলো। পিএইচডিও হলো। কিন্তু হুমায়ুন কবীরকে তাড়া করছিল মানুষের জন্য কিছু করার তাগিদ। সেই তাগিদ থেকেই তিনি ২০০০ সালে জার্মানির প্রতিষ্ঠান কাসা রেহাতে যোগ দেন। ছোটখাটো এই প্রতিষ্ঠানটি জার্মানিতে প্রবীণদের নানা সেবা দিত। এখন আমরা শুনব একজন বাংলাদেশির নেতৃত্বে কীভাবে প্রতিষ্ঠানটি দারুণভাবে ঘুরে দাঁড়াল সেই গল্প।

প্রবীণদের পাশে
ইউরোপের উন্নত দেশগুলোতে জনসংখ্যার হার কমে যাচ্ছে, পাশাপাশি ক্রমান্বয়ে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। এটি আর নতুন ঘটনা নয়। ইউরোপিয়ান বা জার্মান সমাজব্যবস্থায় বৃহৎ পরিবার প্রথা ক্রমেই ভেঙে পড়ার কারণে সমাজের বিপুলসংখ্যক বয়স্ক নাগরিককে নিয়ে সরকারের নানা প্রকল্প চালু আছে। পরিবহনব্যবস্থা থেকে শুরু করে মিউজিয়াম, কনসার্ট, খেলার মাঠে বা যেকোনো সামাজিক অনুষ্ঠানে বয়স্ক নাগরিকেরা বিশেষ সুবিধা পান। বয়স্ক নাগরিকদের আলাদা আবাসনের বাইরেও যাঁরা পরিবারের প্রিয়জনদের সান্নিধ্যে থেকে সেবা পেতে চান, তাঁদের দেখভালের জন্য আছে নার্সিংয়ের ব্যবস্থা। জার্মানিতে বয়স্ক নাগরিকদের প্রায় ৩০ শতাংশ এখন বাস করছেন বৃদ্ধাশ্রমে।
এ কারণেই জার্মানিতে ব্যক্তিগত খাতে গড়ে ওঠা বৃদ্ধাশ্রম বা প্রবীণসেবা প্রতিষ্ঠানগুলোর যথেষ্ট চাহিদা রয়েছে। তবে প্রবীণদের চিকিৎসা ও যাবতীয় সমস্যার সমাধান করার চেষ্টা করে এমন প্রতিষ্ঠান খুব সুলভ নয়।
হুমায়ুন কবীর নেমেছিলেন কাসা রেহাকে সেরা একটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানোর সংগ্রামে।
শনিবার, রোববার ছুটির দিনগুলোতেও প্রায়ই হুমায়ুন কবীর গাড়ি নিয়ে ছোটেন জার্মানির নানা প্রান্তরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বৃদ্ধাশ্রমগুলো পরিদর্শনে। সেখানে গিয়ে বৃদ্ধাশ্রমে বসবাসরতদের কাছে তাদের সুযোগ–সুবিধা ও সমস্যার কথা শুনে কাজের কৌশল নির্ধারণ করেন। তাঁর অক্লান্ত চেষ্টার ফলে আসে সাফল্য।
চৌদ্দ বছরের বেশি সময় আগে তিনি যখন কাসা রেহা নামের প্রতিষ্ঠানে যোগ দিয়েছিলেন, তখন এটি ছিল ছোট একটি প্রতিষ্ঠান। সেই কাসা রেহা এখন জার্মানির অন্যতম প্রধান প্রবীণ সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়ে গেছে। বেড়েছে এর আয়তনও। প্রতিষ্ঠানটির সদর দপ্তর ফ্রাঙ্কফুর্টের কাছে ওবারউরজেলে।
জার্মানিজুড়ে এই সেবা প্রতিষ্ঠানটির প্রায় ১০ হাজার বিছানাবিশিষ্ট ৭১টি স্বাস্থ্যসেবাকেন্দ্র বা বৃদ্ধাশ্রম ছড়িয়ে আছে। আর এই কেন্দ্রগুলোতে কাজ করছেন প্রায় সাত হাজার মানুষ।
তঁার কাজের সুবাদে হুমায়ুন কবীর পেয়েছেন একজন শীর্ষ সফল ব্যবস্থাপকের স্বীকৃতি। আর তাঁর প্রতিষ্ঠান কাসা রেহা পেয়েছে জার্মানির শীর্ষ একটি প্রবীণ সেবা প্রতিষ্ঠানের স্বীকৃতি।
এই তো গত বছরের ঘটনা, জার্মান সামাজিক গণতন্ত্রী দলের সাবেক সভাপতি ও জার্মানির প্রভাবশালী রাজনীতিবিদ ফ্রাঞ্জ মুনটেরফেরিং হুমায়ুন কবীরকে আমন্ত্রণ করেছিলেন। তিনি হুমায়ুন কবীরকে অনুরোধ করেছিলেন তাঁর নির্বাচনী এলাকার বয়স্ক মানুষদের সেবায় আরও একটি বৃদ্ধাশ্রম গড়ার উদ্যোগ নিতে। জার্মানিতে বাংলাদেশি এই সফল উদ্যোক্তার কাছে এখন রাজনীতিবিদ বা নগর পরিচালক মেয়রদের কাছ থেকে একই ধরনের অনুরোধ আসে প্রায়ই। অনুরোধ এসেছে চীন এবং জাপান থেকেও। তিনি ইতিমধ্যেই চীনের এ ধরনের কিছু প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে কাজ কেরছেন।
জার্মানিতে এ ধরনের প্রতিষ্ঠানের বিপুল প্রয়োজনের কথা চিন্তা করে আগামী তিন বছরে কাসা রেহাতে আরও পাঁচ হাজার শয্যা বৃদ্ধির পরিকল্পনা আছে হুমায়ুন কবীরের।
আক্ষেপ করে বললেন, মনের তাগিদে নিজের দেশ বাংলাদেশে বয়স্ক নাগরিকদের জন্য, মানুষের সেবার জন্য কিছু করতে চান। কিছু চেষ্টাও করেছেন, কিন্তু নানা জটিলতা সেই ভালো উদ্দেশ্যকে সফল হতে দেয়নি। ভিন্ন দেশের মানুষের সেবায় কাজ করতে পারলেও নিজের দেশের জন্য কিছু করা হয়ে ওঠেনি এখনো। সেই আক্ষেপ প্রতিনিয়ত তাড়া করে তাঁকে।
সরাফ আহমেদ: প্রথম আলোর
জার্মানি প্রতিনিধি
[email protected]