জার্সিময়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের আমেজে মাতোয়ারা সারা দেশ। চায়ের টেবিলের ধূমায়িত কাপে চামচের ঝনঝনানির সঙ্গে যোগ হয়েছে ক্রিকেটের উল্লাস। এবারই প্রথম দেশের মাটিতে খেলবেন বাংলাদেশের টাইগাররা। তাই উচ্ছ্বাসটা এবার বেশি হবে, এটাই তো স্বাভাবিক। নিজের দেশের খেলোয়াড়দের মতো লাল-সবুজ জার্সিটি সংগ্রহে রাখতে চান? বড় বড় ফ্যাশন হাউস ছাড়িয়েও পথেঘাটে—কোথায় নেই জার্সি। ঢাকার বাজার ঘুরে দেখা গেল, পড়েছে জার্সি কেনার ধুম। নিউমার্কেটে কথা হলো খুদে ক্রেতা জাইফের সঙ্গে। মায়ের হাত ধরে এসেছে জার্সি কিনতে। ‘এটা না ওটা। ওই লাল-সুবজটা নিব আম্মু।’ বলেই হাতটা সে জার্সির দিকে বাড়িয়ে দিল। ছোট হাতটা ছুঁতে পারল না উঁচুতে ঝোলানো জার্সিটা। ‘তার স্বপ্নে রোজই বাংলাদেশ হয় বিশ্বকাপ চ্যাম্পিয়ন।’ হাসতে হাসতে বলেন মা রাফিয়া নূর।নিউমার্কেটের জার্সি বিক্রেতা রাজীব হোসেন জানান, বিশ্বকাপ ফুটবলের সময়ের চেয়েও বেশি জার্সির চাহিদা এখন। তাঁর দোকানে তাই অন্য পোশাকের চেয়ে জার্সির সংখ্যাই বেশি।বদরুদ্দোজা সুপার মার্কেটের সামনেও জার্সির বিশাল পসরা নিয়ে বসে আছেন দোকানিরা। বিক্রেতা মাসুদ রানাকে দেখা গেল বেশ ব্যস্ত। ধানমন্ডি থেকে জুয়েল এসেছেন জার্সি কিনতে। সাকিব আল হাসানের ছবিসহ একটা জার্সি পছন্দ করলেন। এরপর চলল খানিকক্ষণ দামাদামি। দাম কিছুটা বেশি হলেও শেষমেশ কিনেই ফেললেন জার্সিটা। বিশ্বকাপ ক্রিকেট তো আর রোজ হয় না। স্কুলপড়ুয়া রুমা ও সাথী এসেছে জার্সি কিনতে। একদিন বিশ্বকাপ ক্রিকেটে এ দেশের মেয়েরাও খেলতে যাবে—এ স্বপ্ন তাদের চোখে। শুধু নিজের জন্য নয়, বাবা আর ছোট ভাইয়ের জন্যও জার্সি কিনল সাথী।কারওয়ান বাজারের বিক্রেতা আবুল মিয়া বলেন, বিভিন্ন রকমের জার্সি পাওয়া যাচ্ছে এবার। কোনোটি পুরো সুতি কাপড়ের, কোনোটি মোটা জর্জেট কাপড়ের তৈরি। গেঞ্জির কাপড়ের জার্সিগুলো পরতে আরাম হবে বলে জানান তিনি। এ ছাড়া লাল-সবুজ রঙের ওপর হলুদ রঙে বাঘ আর রঙিন আইসিসির লোগোসহ জার্সিও পাওয়া যাচ্ছে। দুই বছর থেকে শুরু করে সব বয়সীর জন্যই জার্সি পাওয়া যাবে। শুধু জার্সি নয়, বিশ্বকাপ ক্রিকেটের লোগোসহ টি-শার্ট পেতে চলে আসতে পারেন আজিজ সুপার মার্কেটে। আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১১ লেখা বাঘের ছবি অথবা খেলোয়াড়দের ছবিসহ টি-শার্ট পাবেন মেঘ, বরণ, স্বপ্নবাজ, শৈল্পিকসহ বিভিন্ন ফ্যাশন হাউসে।আপনার সাধ্যের মধ্যে জার্সি ও টি-শার্ট পেতে চলে যেতে পারেন সেখানেও। বাজার ঘুরে দেখা গেল, ছোটদের জার্সি পাবেন ১৫০-২০০ আর বড়দের ২০০-৪০০ টাকায়। টি-শার্ট ১৫০-৩৫০ টাকার মধ্যে। এবার তাহলে সবাই মেতে উঠুন বিশ্বকাপে।