জাল
চোখেমুখে সূর্যের আলো পড়তেই ধড়মড় করে বিছানায় উঠে বসল রিফাত। ঘড়িতে চোখ বুলিয়ে রীতিমতো আঁতকে ওঠে! সকাল গড়িয়ে দুপুর হওয়ার পথে। এখন বাজে ১০টা, অথচ ১১টায় শিখার সঙ্গে তার দেখা হওয়ার কথা। মনে মনে হিসাব কষে নেয়, ইন্দিরা রোড থেকে জিয়ার মাজার, ঝটপট তৈরি হতে পারলে কাঁটায় কাঁটায় পৌঁছা যাবে। রাতে মুঠোফোনে বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে কখন যে গভীর ঘুমে তলিয়ে গেছে, টেরই পায়নি।তার লাকটাই খারাপ। কয়েক দিন মুঠোফোনে আলাপ করার পর সম্পর্কটা দানা বেঁধে ওঠার আগেই কেন যে মেয়েগুলো পিছু টান দেয়, খোদা মালুম। অথচ কত লোক চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছে, পার্কগুলোতে তো এখন প্রেমিক-যুগলের উৎপাতে হাঁটাই দায়। এই প্রথম শিখাকে সে এক মাস আটকাতে পেরেছে।শিখাই আজ দেখা করার প্রস্তাব দিল। ওর থেকে যেন শিখার আগ্রহই বেশি। এবার বুঝি ভালোবাসার পালে হাওয়া লাগল। আনন্দে আর ভাবতে পারে না রিফাত। নিবু নিবু মুঠোফোন চার্জ করতে দিয়ে দ্রুত বাথরুমে ছোটে। এত বেলায় সিরিয়ালে পড়তে হবে না, এটা একটা আশার কথা। দ্রুত তৈরি হয়ে সামান্য কিছু মুখে গুঁজে দিয়ে বেরিয়ে পড়ে সে। গেটে মেসের ম্যানেজার জানিয়ে দেয়, তার এক মাসের ভাড়া বাকি পড়েছে। রিফাতের মানিব্যাগ আজ বেশ স্বাস্থ্যবান। চাইলেই সে ম্যানেজারের সামনে ঝনাৎ করে কিছু টাকা ফেলে দিতে পারে। কিন্তু আজ প্রথম দিন, কিছু টাকা নিশ্চয় বেরিয়ে যাবে, তাই পরে দেবে বলে জানিয়ে দিল। একটা প্রায়-চলতি রিকশায় ‘জিয়া উদ্যান’ বলে উঠে পড়ে। রিকশায় বসে একেবারে বিমোহিত হয়ে যায় রিফাত। আকাশটা আজ আশ্চর্যরকম স্বচ্ছ; ঝকঝকে নীল, বসন্তের ফুরফুরে হাওয়া দিচ্ছে, চারদিক যেন ভালোবাসার রেণু উড়ে বেড়াচ্ছে। মনে মনে হেসে ওঠে; প্রকৃতির সব আয়োজন আজ বুঝি তার জন্যই। রিফাতকে কবিতাপ্রেমিক বলা যায় না, তার পরও ঠোঁটে কবিগুরুর দুটি চরণ খেলে যায়, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার/আজি প্রাতে সূর্য উঠা সফল হল কার। ‘স্যার, আইস্যা পড়ছি।’ রিকশাওয়ালার কথায় চমক ভাঙে। ভাড়া চুকিয়ে দ্রুত মাজারের দিকে হাঁটতে থাকে। মাজারের পূর্ব দেয়ালের কাছে পৌঁছাতেই যেন এক যুগ পেরিয়ে যাচ্ছে। ওই তো নীল শাড়ি পরে, রুমাল হাতে দাঁড়িয়ে আছে। এ পোশাকেই তো আসার কথা, সে নিজেও কথামতো পাজামা-পাঞ্জাবি পরে এসেছে। ভেতরে ভেতরে হাতুড়িপেটার আওয়াজ টের পায়। কী বলবে সে? মুখোমুখি হলে প্রথমে কী বলতে হয়? এ ব্যাপারে সে একদম আনাড়ি।হঠাৎ দৃশ্যপট ভোজবাজির মতো পাল্টে যায়, তন্বী-তরুণীর পরিবর্তে দুই ষণ্ডামার্কা লোক যেন মাটি ফুঁড়ে বেরিয়ে আসে। পাকানো দড়ির মতো পেশিবহুল হাত দেখে বোঝা যায়, এরা সুবিধার লোক নয়। একজন হেঁড়ে গলায় বলে ওঠে, ‘এই শালা, এখানে এসেছিস প্রেম করতে? প্রেম করার এত শখ! শালা লুচ্চা, ইভ টিজার কোথাকার, যা আছে সবকিছু বের কর, নইলে অ্যায়সা রদ্দা লাগাব যে, চিরতরে মজনুগিরির সাধ ঘুচে যাবে।’ ঘটনার আকস্মিকতায় রিফাতের সমগ্র অনুভূতি যেন ভোঁতা হয়ে গেছে। কিংকর্তব্যবিমূঢ় হয়ে আর কিছু ভাবতে পারে না সে। এতটুকু বুঝতে পারে যে, সে ফাঁদে আটকা পড়েছে। হঠাৎ তলপেটে বজ্রমুষ্টির আঘাতে হুক করে পেট থেকে একরাশ বাতাস বেরিয়ে যায়। কানের নিচে আরেক আঘাতে চোখে আঁধার দেখতে থাকে। জ্ঞান হারানোর আগে শুধু মেয়েটির কলহাস্য ধ্বনির মতো একটি পরিচিত হাসির আওয়াজ শুনতে পায় সে।মুহাম্মদ তৌহিদ খান কুটির, ধানমন্ডি