ঘড়ির কাঁটা তখন রাত দেড়টার ঘর ছুঁয়েছে। সিঁড়ি ভেঙে উঠে এলেন জালাল। কাঁধে এক ব্যাগ বাঁশি। ঘর্মাক্ত মুখ। এসেই করজোড়ে ক্ষমাপ্রার্থনা, ‘ভাই, বেশ দেরি হয়ে গেল। একটু আগে রেকর্ডিং শেষ হয়েছে। কী করব বলেন।’ এটা জালালের পরিচিত সংলাপ। সবাই শুনে শুনে অভ্যস্ত। তাই জালালকে যত রাতই হোক, আর নির্দিষ্ট দিনের এক মাস পর হোক, স্টুডিওতে পেলেই সংগীত পরিচালক, সুরকার—সবাই ভুলে যান পেছনের সব রাগ। কারণ, তাঁরা জানেন, যখন গানের প্রিলিউড বা ইন্টারলিউডে রাখা নির্ধারিত এক ষোল বা আট মাত্রায় জালাল তাঁর বাঁশির ধুন বাজাবেন, তখন সেই গানটির ওই অংশটি হবে হূদয়ছোঁয়া। অতএব, সব রাগ পানি। এই হলেন জালাল আহমেদ। এই সময়ের তরুণ, মেধাবী বাঁশিশিল্পী। একটু খেয়ালি। কিন্তু বাঁশিতে যখন তাঁর হূদয় নিংড়ানো প্রতিটি আবেগময় ফুঁ খেলা করে, তখন আমরা খুঁজে পাই অন্য এক জালালকে। প্রয়াত বাউল ফকির রহিম চাঁদের দ্বিতীয় ঘরের দ্বিতীয় সন্তান। মা বিলকিস বানুও একজন বাউলশিল্পী। জালালের সঙ্গে কথা বলতে বলতে আমরা একটু পেছনে ফিরে যাই। সেই শৈশবে। ‘আমার বয়স তখন আট কি নয় বছর। আমার বাবা-মা দুজনই বায়নায় বিভিন্ন মেলায় পালাগান গাইতে যেতেন। বাবা দোতারা বাজাতেন আর প্রশ্ন-উত্তরের মাধ্যমে তত্ত্বকথা বয়ান করতেন, আর মা পালাগান গাইতেন। আমাদের নিয়ে একবার তাঁরা গেলেন কুষ্টিয়ার কুমারখালীর একটা মেলায়। ১৫ দিনব্যাপী সেই মেলা। মায়ের সঙ্গে তখন বাঁশি সঙ্গত করতেন একজন বংশীবাদক। আমি মাঝে মাঝে তাঁর বাঁশি নিয়ে বাজাতে চেষ্টা করতাম। বাঁশি ধরলে তিনি প্রায়ই রাগ করতেন। তো ওই মেলায় যাওয়ার পর সেখানেও একই ঘটনা ঘটল। তাঁর বাঁশি ধরাতে তিনি আমার ওপর চটে গেলেন। ওই দিন বাবা ঘটনাটি দেখে ফেললেন। কিন্তু মুখে কিছু বললেন না। রাতে দেখি বাবা মেলা থেকে আমার জন্য একটা বাঁশি কিনে নিয়ে এসেছেন। আমি তো মহাখুশি। সেই থেকে শুরু হলো বাঁশির সঙ্গে আমার সখ্য। দিনরাত শুধু বাঁশি বাজানো। কিছুদিন পর আমি মায়ের সঙ্গে বাজাতে শুরু করলাম। ঢাকায় আসার আগ পর্যন্ত একটানা প্রায় ১০ বছর মায়ের সঙ্গে বাজাই।’এই সময়ের মধ্যে অবশ্য স্বমহিমায় উদ্ভাসিত জালালের পরিচিতি তৈরি হয়ে যায়। কুষ্টিয়া, মেহেরপুর, মানিকগঞ্জ চারদিকে জালালের মা বা খালা শাহিদা বেগমের সঙ্গে যখন জালাল বাজাতে যেতেন, দূর-দূরান্ত থেকে অনেক দর্শক-শ্রোতা আসতেন জালালের বাঁশি আর তাঁর ভাই বিল্লালের ঢোল বাদন শুনতে, দেখতে। ১৯৯৫ সালের কয়েকটা ঘটনা শুনি জালালের মুখেই। ‘মেহেরপুর বারাদিবাজার গ্রামে একটি টিকিট প্যান্ডেলে বাউলশিল্পী খোরশেদ আলমের সঙ্গে মা পালাগান করছিলেন—রাধাকৃষ্ণ পালাগান। মা রাধার বিচ্ছেদি গান গাইছেন, সঙ্গে বাঁশি বাজাচ্ছি আমি। ওই গ্রামের চেয়ারম্যানের মেয়ে একটা ফুলের মালা নিয়ে এসেছিল খোরশেদ বাউলকে দেওয়ার জন্য। কিন্তু ঘটনা ঘটে গেল উল্টো। আমার বাঁশি শুনে মুগ্ধ হয়ে মেয়েটি হাজার হাজার মানুষের সামনে আমার গলায় মালাটি পরিয়ে দিল।’তারপর নওগাঁর রামরাইপুর গ্রামের সেই জালাল একদিন ঢাকায় চলে এলেন। জালালের বাঁশিতে মুগ্ধ হয়ে যোগাযোগটা করিয়ে দিলেন সংগীত পরিচালক, দোতারা ও ম্যান্ডোলিন বাদক মনির হোসেন। প্রথম কাজ স্বরলিপি স্টুডিওতে। একটি ফোক অ্যালবামের সবগুলো গান বাজাতে হবে। কিন্তু বাদ সাধলেন ওই অ্যালবামের প্রযোজক সুমন সামাদ। বললেন, ‘আমি এই রকম নতুন বাঁশিওয়ালা চাই না।’ তখন মনির হোসেনই জোর দিয়ে বললেন, ‘ও যদি খারাপ বাজায়, জরিমানা আমি দেব। এরপর সেই অ্যালবামে বাজানোর পর ওই প্রযোজক বললেন, ‘এখন থেকে আমার সব অ্যালবামের গান জালাল বাজাবে।’বিশ্ব বাঁশি উৎসবে জালালের আরেকটা অভিজ্ঞতা শোনা যেতে পারে। জালাল বলছিলেন, ‘ওয়ার্ল্ড ফ্লুট ফেস্টিভ্যালে একবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর হয়ে আমরা তিনজন দিল্লিতে যাই। আমি একটানা এক ঘণ্টা বাজালাম। যখন শেষ হলো, তখন দর্শকদের মুহুর্মুহু করতালি। মঞ্চে দৌড়ে এলেন বাংলাদেশের রাষ্ট্রদূত।’ তিনি আমাকে জড়িয়ে ধরে বললেন, ‘দারুণ বাজিয়েছ, মনে হলো যেন কৃষ্ণের বাঁশি শুনলাম।’ জালালের বাঁশি যাঁরা শোনেননি ভাবছেন তাঁরা একবার মনে করতে পারেন মমতাজের ‘খায়রুন লো’, জেমসের ‘আসবার কালে আসলাম একা’, হায়দার হোসেনের ‘কী দেখার কথা কী দেখছি’, কিংবা আনিলা ও তপুর ‘এক পায়ে নূপুর আমার অন্য পা খালি’ গানের কথা। এমন জনপ্রিয় বহু গানের সঙ্গেই বাঁশি বাজিয়েছেন জালাল। আগাগোড়া পেশাদার বাঁশিশিল্পী জালাল বাঁশির সুর শোনাতেই ঘুরেছেন বহু দেশ। এক পুত্রসন্তানের বাবা জালাল চান জীবনের শেষ পর্যন্ত বাঁশির সঙ্গেই থাকতে।