চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডে ১০ জন কাউন্সিলর প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন। এর মধ্যে চারজন করে আটজন আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত এবং দুজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। জয়ের বিষয়ে সবাই আশাবাদ ব্যক্ত করে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন।
আওয়ামী-লীগের সমর্থন নিয়ে লড়ছেন বর্তমান কাউন্সিলর ফরিদ আহমেদ চৌধুরী, সাহেদ ইকবাল, মো. শাহজাহান ও মো. ইবরাহীম। বিএনপির সমর্থন নিয়ে লড়ছেন আলী আসলাম, ইয়াকুব চৌধুরী, জুনাব আলী ও মাহাবুবুল আলম। স্বতন্ত্র হিসেবে লড়ছেন রজব আলী ও আবুবকর সিদ্দিক।
নির্বাচন কমিশন সূত্র জানায়, জালালাবাদ ওয়ার্ডে ভোটার রয়েছেন ৮৯ হাজার ৬৯১ জন। এর মধ্যে পুরুষ ৪৬ হাজার ১৮৭ ও নারী ৪৩ হাজার ৫০৪ জন। ভোটকেন্দ্র রয়েছে ২৭টি।
ওয়ার্ডের অক্সিজেন এলাকার ভোটার চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের ছাত্রী নিলুফা সুমনা প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন এলে প্রার্থীর ছড়াছড়ি ও প্রতিশ্রুতি শুনতে পায় এলাকাবাসী। এবার প্রতিশ্রুতি শুনে নয়, যোগ্য প্রার্থী দেখে ভোট দেব।’
একই কথা জানালেন বালুচরা সিকদার বাড়ির মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন, বর্ষায় জলাবদ্ধতায় ডুবে থাকতে হয়। নেই পানি ও গ্যাস। নির্বাচন এলে শুধু হবে হবে শুনে কান ফেটে যাওয়ার অবস্থা হয়। পরে আর দেখা মেলে না।
কাউন্সিলর প্রার্থী ফরিদ আহমেদ চৌধুরী বলেন, ‘ওয়ার্ডের উন্নয়নে গত পাঁচ বছরে তিনি ১৬ কোটি টাকার বেশি কাজ করেছেন। পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় উন্নয়ন কম হয়েছে। এবার নির্বাচিত হলে এলাকার উন্নয়নে যথাসাধ্য কাজ করব। নির্বাচিত হই বা না হই, লোকজন আমাকে অতীতের মতো তঁাদের কাছে পাবেন।’
আরেক প্রার্থী সাহেদ ইকবাল জানালেন, এলাকায় মহিলা কলেজের জন্য ইতিমধ্যে একটি জমি দান করেছেন। নির্বাচিত হলে এলাকার সব সমস্যা সমাধানে আপ্রাণ চেষ্টা করে যাবেন তিনি। অপর প্রার্থী আলী আসলাম বলেন, ‘জালালাবাদ ওয়ার্ড ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হলেও উন্নয়নে অনেক পিছিয়ে রয়েছে। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও সমস্যা সমাধানে কাজ করব।’
বাকি প্রার্থীরাও জানালেন নির্বাচিত হলে জালালাবাদ ওয়ার্ডকে উন্নয়নে এগিয়ে নিয়ে যাবেন।