জাহাঙ্গীরনগর তাঁকে আরও পরিণত করেছে
১৫ বছর বয়স থেকে গানের সঙ্গে যুক্ত এহসানুল হক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বন্ধুরা চেনে দীপ্ত নামে। প্রথমে ইচ্ছে ছিল গিটার শিখবেন। তবে তালের প্রতি ভালো লাগা আসে ড্রামস থেকে। শুরুতে একা একা অনুশীলন করতেন। পরে নিজের ব্যান্ডের সঙ্গে বাজাতে বাজাতে ড্রামসের সঙ্গে সখ্য আরও গভীর হয়।
পরিবার থেকে শুরুর দিকে খুব একটা সহযোগিতা পাননি চারুকলার এই ছাত্র। তবে মা-বাবা বাধাও দেননি। মৌলিক গান বের করার পর অবশ্য দৃশ্যপটের পরিবর্তন হয়। গানের প্রতি দীপ্তর ভালোবাসা, আগ্রহ বুঝতে পারেন পরিবারের সদস্যরাও। অনুপ্রেরণা দেন তাঁরা।
দীপ্ত মনে করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাঁর সংগীতজীবনে আলাদা গতি যোগ করেছে। বলছিলেন, ‘আমাদের ক্যাম্পাস তো সব সময়ই জমজমাট থাকে। সিনিয়রদের সাহায্য পেয়েছি সব সময়। বিভিন্ন অনুষ্ঠানে, কনসার্টে বাজিয়েছি। সব শেষ হিম উৎসবের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। যদিও করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় পরে আর অনুষ্ঠান হয়নি।’
গান নিয়ে দীপ্তর ভাবনা বেশ পরিষ্কার। বললেন, ‘আমার বেশ কিছু ভবিষ্যৎ পরিকল্পনা আছে। আমি একজন প্রফেশনাল ডিজাইনার। তবে সেই সঙ্গে এখন আমার দুটি ব্যান্ড ইমপ্লিসিট ও আরেকটা রক ব্যান্ডের সঙ্গে নিয়মিত চর্চা করছি। বিভিন্ন শোতে পারফর্ম করছি। ভবিষ্যতেও এসব চালিয়ে যাব। এ ছাড়া নিজের মতো করে গান বানানো এবং প্রডিউস করার ইচ্ছা আছে। বাকিটা সময়ই বলে দেবে।’