জাহাঙ্গীরনগরে আসছে সাংবাদিকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চলতি শিক্ষাবর্ষ থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ। ইতিমধ্যে এ বিভাগে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদনপত্র জমা নেওয়া হয়েছে। বিভাগকে স্বয়ংসম্পূর্ণভাবে গড়ে তোলার জন্য সব প্রস্তুতি এগিয়ে চলছে। এ উদ্যোগ সাংবাদিকতার শিক্ষাকে আরও প্রসারিত করবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।চলতি বছর এ বিভাগে প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে। কলা ও মানবিক অনুষদের অধীনে ‘গ’ ইউনিটে পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা এ বিষয়ে পড়তে পারবেন। ২০১০ ও ২০১১ সালে যাঁরা উচ্চমাধ্যমিক এবং ২০০৮ ও তার পরে যাঁরা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরাই এ বছর ভর্তির জন্য আবেদন করতে পেরেছেন।এ বিভাগে আবেদন করার যোগ্যতা ধরা হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ-৩। উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ ধরা হয়েছে ৬.৫, মানবিক শাখার জন্য ৬ এবং ব্যবসায় শিক্ষা ও অন্যান্য শাখার জন্য ৬.৫। সব শাখার জন্যই বাংলা অথবা ইংরেজিতে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকার শর্ত যুক্ত করা হয়েছে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ পদ্ধতিতে। এক ঘণ্টার পরীক্ষায় ১০০ নম্বরের ১০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নে চারটি উত্তর থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।ভর্তি পরীক্ষার নম্বর: বাংলা ২৫, ইংরেজি ২৫ এবং সাধারণ জ্ঞান ৫০ নম্বর। লিখিত পরীক্ষায় পাস নম্বর ন্যূনতম ৩৫। ভর্তি পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ তিন দিনের মধ্যে ইউনিট অফিস ফল প্রকাশ করবে। কোনো মৌখিক পরীক্ষা থাকবে না।নতুন এ বিভাগের সভাপতির দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক অসিত বরণ পাল। তিনি জানিয়েছেন, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগকে একটি পূর্ণাঙ্গ বিভাগ হিসেবে দাঁড় করানোর জন্য সবকিছুই করা হবে। এ জন্য প্রস্তুতিও এগিয়ে চলছে। ইতিমধ্যে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।অসিত বরণ পাল বলেন, ‘বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষার বিস্তার এবং সাংবাদিকদের প্রাতিষ্ঠানিক শিক্ষা দিতে এ বিভাগ কার্যকর ভূমিকা পালন করবে। সাংবাদিকতা শিক্ষাকে মানসম্মত পর্যায়ে নিয়ে যেতে এ বিভাগে যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। বিভাগকে সাফল্যের শীর্ষে নিয়ে যাওয়ার জন্য যা যা করা প্রয়োজন, তা করতে আমি প্রস্তুত। আমি একসময় চলে যাব, কিন্তু এ বিভাগকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চাই, যাতে সবাই গর্ব করতে পারে।’নতুন এ বিভাগে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের উদ্দেশে অসিত বরণ পাল বলেছেন, ‘ভর্তি পরীক্ষায় সংশ্লিষ্ট বিষয়ে উচ্চমাধ্যমিকের সিলেবাসের আলোকে প্রশ্ন করা হবে। আর সাধারণ জ্ঞান অংশে গুরুত্ব পাবে সাম্প্রতিক বিষয়।’জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ চালু করার উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শেখ আবদুস সালাম বলেন, ‘বিষয় হিসেবে যোগাযোগ ও সাংবাদিকতা বহুমাত্রিকতা তৈরি করেছে। আমরা এমন একটি দক্ষ জনগোষ্ঠী তৈরি করছি, যারা অন্যের থেকে ভিন্ন, যারা সর্বত্র আলো ছড়াচ্ছে। আমাদের সেই আলো ছড়ানোর মিছিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যুক্ত হচ্ছে। সেখানে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ চালুর উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। তারা সাংবাদিকতার শিক্ষাকে শিল্পের পর্যায়ে নিয়ে যাবে এবং নীতির ওপর জোর দেবে—এটাই আমি আশা করি।’