জাহাঙ্গীরনগরে পতাকা ওড়ালেন যিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিউর রহমান। ছবি: প্রথম আলো
মতিউর রহমান। ছবি: প্রথম আলো

সাভার ডেইরি ফার্মে তরুণ মুক্তিযোদ্ধার সামনে দাঁড়িয়ে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের একজন বয়োজ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক মহিউদ্দিন। মুক্তিযোদ্ধার কাঁধে স্টেনগান। সময়টি ১৭ ডিসেম্বর ১৯৭১। সেই মুক্তিযোদ্ধাকে মহিউদ্দিন বললেন, ‘আপনাকে দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করতে চাই আমরা। আপনি চলুন আমার সঙ্গে।’
অধ্যাপকের কথায় বিস্মিত তরুণ। তিনি তখন সাভার ডেইরি ফার্মের তৃতীয় শ্রেণির কর্মচারীও। বললেন, ‘আপনারা থাকতে আমি কেন?’ পরে তাঁর মনে হয়েছে, তিনি গেরিলা মুক্তিযোদ্ধা। তাই হয়তো বেছে নেওয়া হয়েছে তাঁকেই। এরপর ১৭ ডিসেম্বর আনুমানিক বেলা ১১টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো উড়ল স্বাধীন বাংলাদেশের পতাকা। ওড়ালেন সেই তরুণ মুক্তিযোদ্ধা—মতিউর রহমান।
তারপর? দিনে দিনে চমকজাগানিয়া আরও অনেক ঘটনা ঘটেছে মতিউর রহমানের জীবনে। আর আজ আমরা যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পতাকা উত্তোলক মতিউর রহমানের জীবনের গল্প লিখতে বসেছি, তখন এ-ও মনে হচ্ছে, এই গল্প যেমন এক মুক্তিযোদ্ধার, তেমনি এ তো তৃতীয় শ্রেণির কর্মচারী থেকে সেই যুবকের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়ে ওঠার গল্প।

পরাধীনতার দিনে গল্পের শুরু
‘ছয় ভাইবোনের মধ্যে আমিই বড়। বাবা ছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী। ঢাকায় এখন যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, সেখানে ছিল একটা দিঘি—লালদিঘি। পাকিস্তান আমলে আমাদের বাসা ছিল সেখানেই।’ মিরপুরে এক নিকটাত্মীয়ের বাসায় বসে মতিউর রহমান হাঁটছিলেন অতীত দিনের রাস্তায়। বর্তমানে কানাডাপ্রবাসী এই মুক্তিযোদ্ধার সঙ্গে ১৮ মার্চ যখন কথা বলছি, আমাদের কল্পনায় তখন পাখা মেলছে ১৯৬২ থেকে ১৯৭১-এর দিনগুলো। ‘১৯৬২ সালে তেজগাঁও পলিটেকনিক উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করলাম। সংসারে ছিল অনটন। তাই ঝাঁপিয়ে পড়তে হলো জীবিকার পেছনে, পড়ালেখা আর এগোল না। কিন্তু আমার মনে এই সংকল্প ছিলই যে কোনো না কোনো দিন বিশ্ববিদ্যালয়ে পড়ব আমি।’

জীবিকার প্রয়োজনে বহু অলিগলি ঘোরা শেষ। ১৯৬৮ থেকে মতিউর থিতু হয়েছেন সাভার ডেইরি ফার্মে, ল্যাবরেটরি সহকারী হিসেবে। এরপর এল ১৯৭১, এল ২৫ মার্চ, ‘সেই রাতে আমি সাভারে। পরদিন সব দেখেশুনে মনে হলো, এবার যেতে হবে নতুন দিনের খোঁজে।’

নতুন দিনের খোঁজে
এপ্রিলের প্রথম সপ্তাহে সেদিনের ২৫ বছরের যুবক মতিউর ঢাকা-কুমিল্লা হয়ে যখন ভারতের আগরতলা সীমান্তে পা রাখছেন, মনে তাঁর তখন দেশ স্বাধীন করার প্রত্যয়। অবশ্য রাজনৈতিক সচেতনতা তাঁর আগেই ছিল। মাধ্যমিকে পড়ার সময়ই যুক্ত ছিলেন ছাত্র ইউনিয়নের সঙ্গে। তো, সীমান্ত পেরিয়ে প্রথমে হাতিমারা ক্যাম্পে পেলেন কয়েক দিনের প্রশিক্ষণ। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৮৪ ব্যাটালিয়নের তত্ত্বাবধানে তিন মাসের আরেকটি প্রশিক্ষণও নিলেন। এরপর দেশে ফিরলেন জুলাইয়ের শেষ দিকে। তখন তাঁর পরিচয় গেরিলা মুক্তিযোদ্ধা। যুদ্ধদিনের কথা বলতে গিয়ে চকচক করে উঠল মতিউরের চোখ, ‘আমার দায়িত্ব ছিল সাভার এলাকায়। ২ নম্বর সেক্টরের আওতায় আমি ছিলাম এখানকার কমান্ডার। ডেইরি ফার্মে ছিল আমাদের বেইস ক্যাম্প আর পার্শ্ববর্তী জিরাবো এলাকায় ছিল আরেকটি প্রশিক্ষণ ক্যাম্প।’

অপারেশন সাভার রেডিও স্টেশন
১৩ আগস্ট তাঁর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা উড়িয়ে দেন সাভারে অবস্থিত সেই সময়ের পাকিস্তান রেডিও (এখন বাংলাদেশ বেতার) স্টেশনের পিলার। ঘটনাটি শোনা যাক মতিউরের মুখে, ‘১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস। আমরা ভাবলাম, এর আগেই উড়িয়ে দেব ওই রেডিওর পিলার আর সম্প্রচার কেব্ল। পরিকল্পনা অনুযায়ী ১৩ তারিখ রাত থেকে শুরু হলো আমাদের কাজ। জাহাঙ্গীরনগরের এখন যেখানে মীর মশাররফ হোসেন হল, একাত্তরে সেটি ছিল জঙ্গল। সে সময় তো এখনকার লোকপ্রশাসন কেন্দ্রও তৈরি হয়নি, সবই জংলা। সেই জংলা দিয়ে রেডিও স্টেশনের দিকে এগোতে থাকলাম আমরা। আমার সঙ্গে আছেন কাদের, রিয়াজ, সোনা মিয়াসহ আরও কয়েকজন। রাত আনুমানিক দেড়টার দিকে বিস্ফোরকের সাহায্যে উড়িয়ে দিলাম রেডিও স্টেশনের দুটি পাওয়ার সাপ্লাই পিলার। সঙ্গে সঙ্গে অন্ধকার হয়ে গেল চারপাশ। এবার আমাদের লক্ষ্য মাটির নিচের যে কেব্লের মাধ্যমে ঢাকা কেন্দ্র থেকে অনুষ্ঠান সম্প্রচার করা হয়, তা ধ্বংস করা। তবে কেব্লের অবস্থান খুঁজে না পাওয়ায় সেদিন আমরা কেব্লটি ধ্বংস করতে পারিনি।’

শেষ যুদ্ধ
নভেম্বরের শেষ দিকে গেরিলা মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর দলের সঙ্গে একসঙ্গে কাজ করতে শুরু করে মতিউর রহমানের দল। ‘আমরা তখন একসঙ্গে কাজ করছি। ততক্ষণে দেশের বিভিন্ন অঞ্চল মুক্ত, দেশ স্বাধীন হবে হবে এমন সময় ১৪ ডিসেম্বর আমাদের শেষ যুদ্ধে ঘটল বিয়োগান্ত এক ঘটনা।’
কী সেই ঘটনা? মতিউর জানালেন, ১৪ তারিখ জিরাবোর ইয়ারপুর এলাকায় এক যুদ্ধে মারা গেলেন গোলাম দস্তগীর টিটো।
‘দেশ কি স্বাধীন হয়েছে?’
টিটোর স্মৃতি মতিউরকে এর মধ্যেই বিষাদে আক্রান্ত করে ফেলেছে, ‘১৪ তারিখ গুলি লাগার পর টিটোকে নিয়ে ওর চিকিত্সার জন্য যখন ছোটাছুটি করছি, কোথাও কোনো চিকিত্সককে পাওয়া গেল না। ডেইরি ফার্মের একটি গাড়িতে টিটো আর আমি। এ সময় খুব নিচু স্বরে টিটো আমাকে বলল, দেশ কি স্বাধীন হয়েছে, মতি ভাই? সেদিন তাকে মিথ্যা করে বলেছিলাম, হ্যাঁ, দেশ স্বাধীন হয়েছে।’
দেশ স্বাধীন হলো এর দুই দিন পর।

এই ভবনের সামনেই ওড়ানো হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। ছবি: সংগৃহীত
এই ভবনের সামনেই ওড়ানো হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। ছবি: সংগৃহীত

পতাকা উত্তোলন
যুদ্ধ শেষ। ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মতিউরের হাতে উড়ছে স্বাধীন বাংলাদেশের পতাকা। এখন যেখানে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ, তখন সেখানে ছিল উপাচার্যের কার্যালয়। এখানেই পতাকা উড়িয়েছিলেন মতিউর। উপস্থিত ছিলেন অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরী, মফিজ উদ্দিন, মুস্তাহিদুর রহমান, মফিজ উদ্দিনসহ আরও দু-একজন শিক্ষক। কিন্তু মতিউর সেদিন নিশ্চয় জানতেন না, অচিরেই এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং একপর্যায়ে শিক্ষকও হবেন তিনি!
পতাকা উত্তোলনের গল্প বলছিলেন মতিউর। তবে সেই গল্পের ভেতরে ধীরে ধীরে ভেসে উঠল এক মুক্তিযোদ্ধার অদম্য জীবনকথাও।

মতিউরের গল্প
১৯৬২ সালে মাধ্যমিক। এর ১০ বছর পর ১৯৭২ সালে উচ্চমাধ্যমিক পাস করে মতিউর রহমান ভর্তি হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে। কৃতিত্বের সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর ১৯৮২ সালে একই বিভাগে নিয়োগ পেলেন শিক্ষক হিসেবে।
কাহিনি শেষ হতে পারত এখানেই, কিন্তু মতিউর যে যাবেন আরও দূর। ১৯৮৬ সালে পিএইচডি করতে কানাডায় গেলেন তিনি। পরে থেকে গেলেন কানাডাতেই। কানাডার ইউনিভার্সিটি অব ম্যানিটোবাতে অধ্যাপনা করেছেন দীর্ঘদিন। স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে এখন কানাডাতেই স্থায়ী হয়েছেন তিনি।