জাহাঙ্গীরনগরের বাতাসে অবান্তরের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন কনসার্টে নিয়মিতই পাওয়া যায় ‘অবান্তর’কে
ছবি: সংগৃহীত

ভরদুপুর, বিকেল কিংবা সন্ধ্যায় যখন খুব এলোমেলো লাগে, হট্টগোলের মধ্যে বসে মনে হয়, কেউ যদি একটি মিষ্টি করে কথা বলত। ঠিক তখনই জাহাঙ্গীরনগরের বটতলা, পরিবহন চত্বর বা পুরোনো কলাভবনে একদল শিক্ষার্থী গেয়ে ওঠেন—

‘এলোমেলো আনাগোনা মোটাদাগে সুখ, ট্রাফিকের ভিড়ে ভিতু মনের অসুখ/যত দূরে সরে গিয়ে ভালো থাকা যায়, যত দূরে সরে গিয়ে ভালো থাকা যায়/তবু বলো প্রেম আর ভালোবাসা এক নয়/এলোমেলো...এলো...মেলো, এলোমেলো...এলোমেলো... মেলো...’

গানটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী নূর-ই-নাজনীনের। তিনিই এই গান লিখেছেন, সুর করেছেন, কণ্ঠ দিয়েছেন। বন্ধুরা মিলে গড়ে তুলেছেন ব্যান্ড ‘অবান্তর’। নাজনীনই ব্যান্ডের প্রধান গায়ক।

এ রকম ঘোর, নাগরিক ভালোবাসা, যোগফল, বেণীমাধবের মতো নিজেদের লেখা ও সুরে ব্যান্ডটির গান আছে আটটি। ব্যান্ডের শুরুটা কীভাবে? সহজ করে বললেন নাজনীন, ‘তখন ঢাকার একটি কলেজে পড়ি। আমরা কয়েকজন নিয়মিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিকেলে বসতাম। গান গাইতাম, আড্ডা দিতাম। এর মধ্যে উৎসর্গ ফাউন্ডেশন নামের একটা স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠনে যুক্ত হই।’

সময়টা তখন ২০১৫ সালের জানুয়ারি। চারদিকে পেট্রল বোমার ছড়াছড়ি। প্রতিদিনই বোমার আগুনে পোড়া মানুষেরা ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি হচ্ছেন। তাঁদের রক্ত সরবরাহের জন্য নিয়মিত কাজ করা শুরু করেন নাজনীন। মানুষের ভোগান্তি তাঁকে ভীষণ পীড়া দিতে থাকে।

‘একটা সময় গিয়ে সব অবান্তর মনে হয় আমাদের কাছে। পৃথিবীর সব মানুষ শান্তি চায়। কেউ তো যুদ্ধ চায় না। তার পরও মানুষ কেন বোমাবাজি, হানাহানির মতো অবান্তর কাজ করে!’ এই ভাবনা নাড়া দেয় নাজনীনকে।

ভাবনা যুক্ত হয় গানে। পরে বন্ধুরা মিলে উৎসর্গ ফাউন্ডেশনের একটা অনুষ্ঠানের জন্য গানের মহড়া করতে শুরু করেন। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে ধানমন্ডির নজরুল ইনস্টিটিউটে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে আত্মপ্রকাশ করে এই গানের দল। মানুষের অবান্তর কাজের ভাবনা থেকে নিজেদের নাম ঘোষণা করেন তাঁরা ‘অবান্তর’।

এরপর নাজনীন ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। পড়াশোনার ফাঁকে ক্যাম্পাসের আলো, হাওয়ায় ছড়িয়ে দেন নিজের প্রতিভা। নাজনীন বলেন, ‘ছোটবেলা থেকে ছবি এঁকে, কবিতা লিখে সময় পার করতাম। পরে বাবার মুর্শিদি ও মারফতি গানের প্রতি আগ্রহ থেকে আমারও আগ্রহ জন্মায়। জাহাঙ্গীরনগর ক্যাম্পাস সেই আগ্রহকে বাড়িয়ে দিয়েছে বহু গুণ। ঢাকার নাগরিক ব্যস্ততার বাইরে এই ক্যাম্পাসের বিচিত্র মানুষের সঙ্গে ওঠাবসা গান গাওয়ার অনুকূল পরিবেশ তৈরি করেছে।’

বিশ্ববিদ্যালয়ে গিয়ে ব্যান্ডে যুক্ত হয়েছেন হাসান মোহাম্মদ আসিফ। তিনি ইংরেজি বিভাগের শিক্ষার্থী। বললেন, ‘ব্যান্ডের সদস্যদের সঙ্গে যখন আমার পরিচয়, তখন দেখলাম তাঁদের গানের জগতের দর্শনের সঙ্গে আমার দর্শন মিলে যায়। আমরা সবাই মিলে যুদ্ধ চাই না। আমরা শান্তির পক্ষে। আমরা শান্তির জন্য একসঙ্গে কাজ করতে চাই।’

ব্যান্ডের সদস্য বদলেছে কয়েকবার। চারজন মিলে গাইছেন গান। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৪৫তম ব্যাচের হাসান মোহাম্মদ আসিফ বাজাচ্ছেন কাহন, একই বিভাগের ৪৬তম ব্যাচের ইজাব মাহমুদ ও শরিফ যাইন গিটার বাজান। ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে অবান্তর পরিচিতি পেয়েছে মানুষের কাছে। এখন একটা অ্যালবাম বের করার চিন্তা করছেন তাঁরা। অ্যালবাম প্রসঙ্গে হাসান মোহাম্মদ আসিফ বলেন, ‘আমরা অ্যালবামের প্রস্তুতি নিচ্ছি। ৪-৫ মাসের মধ্যে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করব আমরা।’

নিজেদের অনন্য উচ্চতায় দেখতে চান ব্যান্ডের সদস্যরা। দর্শন, চিন্তাচেতনা, বন্ধুত্ব মিলে যায় বলেই টিকে আছে অবান্তর। ভবিষ্যতে আরও সংগঠিত হয়ে বড় পরিসরে দেশ ও দেশের বাইরে কাজ করতে চান তাঁরা। হাসান মোহাম্মদ বলেন, ‘আমরা ছোট পরিসরে শুরু করেছি। কিন্তু গানের দর্শনের জায়গায় ছোট নই। বাংলা গান এখন সারা বিশ্বে সমাদৃত। আমরা সেই ধারাবাহিকতায় নতুন কিছু যোগ করতে চাই।’